যুক্তরাষ্ট্রে কলম্বিয়ান অভিবাসীকে গুলি করে হ ত্যা, আইসিই এজেন্টের বর্ণবাদী ইমেইল ফাঁস করলেন নিজের বোন
যুক্তরাষ্ট্রের মেইনে (Maine) এক কলম্বিয়ান অভিবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যার ঘটনায় জড়িত ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (ICE) এক এজেন্টের চরম বর্ণবাদী রূপ এবার প্রকাশ্যে এসেছে। ডেভিড ব্রুইলেট (৩৮) নামের ওই ঘাতক এজেন্টের আপন বোন এলিজাবেথ এমেন সম্প্রতি নিউইয়র্ক টাইমসের কাছে কিছু ইমেইল ফাঁস করেছেন, যেখানে ডেভিড তার বোনের কলম্বিয়ান সঙ্গীকে নিয়ে ভয়ংকর সব বর্ণবাদী ও বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছিলেন।
২০২১ সালের ওই ইমেইলগুলোতে ডেভিড তার বোনের দীর্ঘদিনের সঙ্গী (যিনি যুক্তরাষ্ট্রে বৈধভাবে বাস করছিলেন এবং তাদের দুটি সন্তানও রয়েছে) সম্পর্কে চরম বিষোদ্গার করেন। ডেভিড তাকে 'নন-সিটিজেন' বা অনাগরিক আখ্যা দিয়ে তার নিজ দেশের 'তৃতীয় বিশ্বের' বিলাসবহুল জীবন উপভোগ করতে ফিরে যেতে বলেন।
এমনকি ওই ব্যক্তির 'বংশধারা' নিয়ে কটাক্ষ করে ডেভিড লিখেছিলেন, "আমেরিকা যে স্বাধীনতা দেয় তা অর্জন করতে এবং মূল্যায়ন করতে কী লাগে, তা ওর রক্ত জানে না।" বোনের এই সম্পর্কের কারণে ডেভিড এতটাই ক্ষুব্ধ ছিলেন যে, তিনি বোনকে উদ্দেশ্য করে লিখেছিলেন, "তুমি আমার কাছে মৃত লিজ। উপভোগ করো। আমার কাছে তুমি মৃত। একেবারে মৃত।" বোন এলিজাবেথ জানিয়েছেন, তার সঙ্গীর ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে ডেভিডের কোনো সমস্যা ছিল না, বরং তার এই আক্রোশের মূলে ছিল বর্ণবাদ।
এই ঘটনার চার বছর পর, সম্প্রতি মেইনের বিডেফোর্ডে একটি ট্রাফিক স্টপেজের সময় ২৫ বছর বয়সী কলম্বিয়ান অভিবাসী জোহান সেবাস্তিয়ান দুরান গুয়েরেরোকে গুলি করে হত্যা করেন ডেভিড ব্রুইলেট। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জোহানের মুখ ও ঘাড়ে চারটি গুলি করা হয়। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, স্ত্রী ও ৩ বছর বয়সী শিশুকন্যার চোখের সামনেই তাকে হত্যা করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী এক নারী জানান, রাস্তার ওপর হাঁটু গেড়ে বসে থাকা নিহত জোহানের স্ত্রীর সেই আত্মচিৎকার এতটাই মর্মান্তিক ছিল, যা ভাষায় প্রকাশ করা কঠিন।
জানা যায়, জোহান যখন কাজে যাচ্ছিলেন, তখন আইসিই এজেন্টরা তাকে আটকাতে তার গাড়িতে ধাক্কা দেয়। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (DHS) দাবি, গাড়িটি পালানোর চেষ্টা করছিল বলে জননিরাপত্তার স্বার্থে গুলি চালাতে বাধ্য হন ডেভিড। তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ মেলেনি। শুরুতে ডিএইচএস জোহানকে অবৈধ অনুপ্রবেশকারী বললেও পরে সেই দাবি প্রত্যাহার করে নেয়। জোহানের পারিবারিক আইনজীবী জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রে কাজ করার বৈধ অনুমতি পেয়েছিলেন এবং তিনি আইসিই-এর তদন্তের কোনো লক্ষ্যবস্তুও ছিলেন না।
এই হত্যাকাণ্ড নিয়ে বর্তমানে বিডেফোর্ডে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স অপ্রয়োজনীয় সব ধরনের গাড়ি থামিয়ে তল্লাশি (Vehicle stops) বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ার সাবেক ফেডারেল প্রসিকিউটর মাইকেল জেনাকো মনে করেন, ফাঁস হওয়া এই ইমেইলগুলো ডেভিডের বিরুদ্ধে তদন্তে বড় হাতিয়ার হতে পারে। তিনি জানান, আদালতে সরাসরি বর্ণবাদী আক্রোশ প্রমাণের বাধ্যবাধকতা না থাকলেও, এই ধরনের পক্ষপাতদুষ্ট মানসিকতা প্রমাণ করে যে ওই কর্মকর্তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগ (Excessive force) করেছিলেন।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাসিন্দাদের জন্য উচ্চশিক্ষার পথ এখন আরও সহজ ও সাশ্রয়ী। রাজ্যের ১৫টি কমিউনিটি কলেজে এখন সম্পূর্ণ বিনা বেতনে (Tuition and fee-free) পড়ার সুযোগ পাচ্ছেন স্থানীয়রা। শুধু তাই নয়, ডিগ্রি অর্জনের খরচ আরও কমাতে বইপত্র এবং শিক্ষাসামগ্রী কেনার জন্যও দেওয়া হচ্ছে বিশেষ আর্থিক সহায়তা। আর এই যুগান্তকারী উদ্যোগের ফলেই রাজ্যের কমিউনিটি কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির হার রীতিমতো আকাশ ছুঁয়েছে। স্টেট ডিপার্টমেন্ট অব হায়ার এডুকেশনের প্রাথমিক তথ্যমতে, ২০২২ সালের শরতের (Fall) তুলনায় বর্তমানে কমিউনিটি কলেজগুলোতে প্রায় ২৭ হাজার বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা অভাবনীয়ভাবে প্রায় ৪৩.৫ শতাংশ বৃদ্ধি। ২০২৫ সালে ১১.৪ শতাংশ বৃদ্ধির পর, ২০২৬ সালের ফল সেমিস্টারে শিক্ষার্থী সংখ্যা বেড়ে আনুমানিক ৮৯,৪৬৪ জনে দাঁড়িয়েছে। রাজ্যের ম্যাসবে (MassBay) কমিউনিটি কলেজে এখন প্রায় অর্ধেক শিক্ষার্থীই এই বিনামূল্যের পড়াশোনার সুবিধা নিচ্ছেন। সম্প্রতি ওই কলেজটি পরিদর্শনে গিয়ে গভর্নর মাউরা হিলি এবং সিনেট প্রেসিডেন্ট ক্যারেন স্পিলকাসহ রাজ্যের শীর্ষ নেতারা এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। স্পিলকা বলেন, "কমিউনিটি কলেজে পড়ার খরচের বোঝা নামিয়ে দেওয়ার পর ঠিক এমন অভূতপূর্ব সাড়াই আমরা আশা করেছিলাম।" তবে অভাবনীয় এই সুবিধা পেতে হলে শিক্ষার্থীদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই ম্যাসাচুসেটসের বাসিন্দা হতে হবে এবং তার আগে থেকে কোনো ব্যাচেলর ডিগ্রি বা একাধিক অ্যাসোসিয়েট ডিগ্রি থাকা চলবে না। এছাড়াও, কেন্দ্রীয় বা রাজ্যের আর্থিক সহায়তার জন্য 'ফাফসা' (FAFSA) অথবা 'মাসফা' (MASFA) ফরম পূরণ করে আবেদন করতে হবে এবং প্রতি সেমিস্টারে একটি অনুমোদিত প্রোগ্রামে কমপক্ষে ছয়টি ক্রেডিটে ভর্তি হতে হবে। উল্লেখ্য, ২০২৩ সালে এই কার্যক্রম যখন প্রথম চালু হয়, তখন এই সুবিধাটি কেবল ২৫ বা তার বেশি বয়সীদের জন্য নির্ধারিত ছিল। কিন্তু ২০২৪ সালে গভর্নর হিলি এবং আইনসভা বয়সসীমার এই বাধা পুরোপুরি তুলে নেন, যার সুফল হিসেবে এখন সব বয়সের মানুষই বিনা বেতনে পড়াশোনার এই দারুণ সুযোগ লুফে নিচ্ছেন।
যুক্তরাষ্ট্রে কলম্বিয়ান অভিবাসীকে গুলি করে হ ত্যা, আইসিই এজেন্টের বর্ণবাদী ইমেইল ফাঁস করলেন নিজের বোন
‘দুষ্ট আত্মা’ ভর করার অজুহাতে ৩ সন্তানকে শিরশ্ছেদ, ২৩ বছর পর টেক্সাসে বাবার মৃ ত্যুদণ্ড
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ফুটপাতের হকারদের চাপা দিলেন চালক, লস অ্যাঞ্জেলেসে নিহত ৩ নারী
ডেমোক্রেটদের তদন্ত পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সোমবার কংগ্রেস সদস্য রবার্ট গার্সিয়াকে চিঠি দিয়েছেন হোয়াইট হাউসের কাউন্সিল উইল চার্ফ। ডেমোক্রেটদের গৃহীত এ ধরনের তদন্ত পদক্ষেপকে হোয়াইট হাউসের পক্ষ থেকে "সুস্পষ্ট অপরাধমূলক কাজ" বা "অপরাধের শামিল" হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর আগামী জানুয়ারিতে বসতে যাওয়া নতুন ডেমোক্রেট-নিয়ন্ত্রিত কংগ্রেসে হাউস ওভারসাইট কমিটির সম্ভাব্য চেয়ারম্যান রবার্ট গার্সিয়া ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের "আইনজীবী নিয়োগের" বা সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন। এর জবাবে হোয়াইট হাউস কাউন্সিল চার্ফ চিঠিতে উল্লেখ করেন, সরকারি কর্মকর্তাদের ভয় দেখানো কিংবা নিরুৎসাহিত করার লক্ষ্যে দেওয়া এ ধরনের হুমকি সীমা লঙ্ঘন করে সুস্পষ্ট অপরাধের রূপ নিতে পারে। চিঠির জবাবে রবার্ট গার্সিয়া স্পষ্ট জানিয়েছেন, মার্কিন জনগণের ভোটাধিকার এবং সংবিধান অনুযায়ী কংগ্রেসের স্বাধীনভাবে তদন্ত পরিচালনা ও তদারকি করার পূর্ণ এখতিয়ার রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, এই চিঠি থেকে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের লুকানোর কিছু আছে। ডেমোক্রেটরা ট্রাম্প প্রশাসনের সম্পদ বৃদ্ধি, বিতর্কিত ক্রিপ্টো লেনদেন, বিশেষ ভবন নির্মাণ প্রকল্পসহ জেফরি এপস্টাইন তদন্ত পরিচালনা ও অভিবাসন কর্তৃপক্ষের (আইসিই) কার্যক্রম খতিয়ে দেখতে বিশাল তদারকি পরিকল্পনার প্রস্তুতি নিচ্ছে। তবে ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউস সর্বদা যেকোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে এসেছে। সূত্র:এপি।
যুক্তরাষ্ট্রে মেটার বিশাল ডেটা সেন্টার নির্মাণে ঘর হারাচ্ছেন বাসিন্দারা, ৯০ দিনের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ
লস অ্যাঞ্জেলেসে মেট্রো স্টেশনের পাশে গাড়ির ধাক্কায় ৩ নারী নিহত, চালক গ্রেপ্তার
ফ্লোরিডায় মহাসড়কে দুর্ঘটনায় যানচলাচল সাময়িক বন্ধ , সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের
যুক্তরাষ্ট্রে নিম্ন আয়ের মানুষের জন্য পরিচালিত সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি স্ন্যাপ থেকে গত এক বছরে ৫৫ লাখের বেশি মানুষ বাদ পড়েছেন। এতে খাদ্যসংকটে থাকা মানুষের চাপ বাড়ছে দেশটির খাদ্য সহায়তা বিতরণকারী দাতব্য সংস্থাগুলোর ওপর। পরিস্থিতি সামাল দিতে এসব প্রতিষ্ঠানকে নিজেদের সঞ্চিত অর্থও ব্যবহার করতে হচ্ছে। একই সময়ে সরকারি খাদ্য সহায়তার আওতা আরও সীমিত করার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্যের ভিত্তিতে বাজেট ও নীতিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি প্রায়োরিটিজের বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের জুলাইয়ে নতুন বাজেট আইন কার্যকর হওয়ার পর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত স্ন্যাপ সুবিধাভোগীর সংখ্যা প্রায় ৫৫ লাখ কমেছে। বর্তমানে এই কর্মসূচির আওতায় রয়েছেন প্রায় ৩ কোটি ৬১ লাখ মানুষ। গত ১৭ বছরের মধ্যে এটি সর্বনিম্ন পর্যায়। বিশেষ করে শিশু, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গঠিত পরিবারগুলো এই সংকটের মধ্যে পড়েছে। গবেষণা প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, ২৮টি অঙ্গরাজ্যের পাওয়া তথ্যে স্ন্যাপ সুবিধা পাওয়া শিশুর সংখ্যা কমেছে ১৫ লাখ। সংস্থাটির ধারণা, সারা দেশে এই সংখ্যা প্রায় ২০ লাখ হতে পারে। একই সময়ে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার প্রায় ৪ শতাংশে স্থির ছিল। ফলে শুধু কর্মসংস্থান বৃদ্ধির কারণে খাদ্য সহায়তা গ্রহণকারীর সংখ্যা কমেছে, এমন ব্যাখ্যা যথেষ্ট নয় বলে মনে করছে প্রতিষ্ঠানটি। এই সংকটের বড় প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে। সেখানে বিশ্বের প্রথম খাদ্য সহায়তা বিতরণকারী ব্যাংক হিসেবে পরিচিত সেন্ট মেরিস ফুড ব্যাংক ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নিজেদের সঞ্চিত অর্থ ব্যবহার করছে। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মিল্টন লিউ জানিয়েছেন, গত কয়েক বছরে খাদ্য সহায়তার চাহিদা প্রতিবছর গড়ে ১৫ শতাংশ করে বেড়েছে। অন্যদিকে খাদ্য সংগ্রহের খরচ বেড়ে যাওয়া এবং সরকারি সহায়তা কমে আসায় প্রতিষ্ঠানটি আর্থিক চাপের মুখে পড়েছে। সেন্ট মেরিস ফুড ব্যাংক নিজস্ব কেন্দ্র এবং প্রায় ৭০০টি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিবছর প্রায় ২৫ কোটি ডলার মূল্যের খাদ্য বিতরণ করে। অ্যারিজোনার প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় তাদের কার্যক্রম রয়েছে। অথচ ২০২৫ অর্থবছরে শুধু অ্যারিজোনা অঙ্গরাজ্যেই স্ন্যাপ কর্মসূচির মাধ্যমে প্রায় ১৮৩ কোটি ডলারের খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছিল। ফলে সরকারি সহায়তা কমে যাওয়ার পুরো ঘাটতি দাতব্য সংস্থাগুলোর পক্ষে পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন লিউ। তাঁর মতে, অতীতে সেন্ট মেরিসের বিতরণ করা খাদ্যের প্রায় ২০ শতাংশ আসত ফেডারেল সরকারের বিভিন্ন কর্মসূচি থেকে। সেই সহায়তাও কমেছে। একদিকে নতুন করে আরও বেশি মানুষ খাদ্য সহায়তা চাইছেন, অন্যদিকে খাদ্য কেনা, পরিবহন ও বিতরণের খরচ বাড়ছে। ফলে নিজেদের সঞ্চিত অর্থ ব্যয় করে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। তবে এভাবে দীর্ঘদিন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে সতর্ক করেছেন তিনি। অ্যারিজোনার আরেকটি দাতব্য প্রতিষ্ঠান টেম্পি কমিউনিটি অ্যাকশন এজেন্সির তথ্যেও একই পরিস্থিতির চিত্র উঠে এসেছে। সংস্থাটির ব্যবস্থাপক ফিলিপ কর্নেস জানিয়েছেন, গত বছরের একই সময়ের তুলনায় তাদের কাছ থেকে খাদ্য সহায়তা নেওয়া পরিবারের সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে। তাঁর মতে, স্ন্যাপের মতো বড় সরকারি কর্মসূচির বিকল্প হিসেবে দাতব্য প্রতিষ্ঠানগুলো একা দায়িত্ব পালন করতে পারবে না। খাদ্য সহায়তার এই সংকটের প্রভাব পড়ছে আসন্ন থ্যাংকসগিভিং উৎসবের প্রস্তুতিতেও। ১১ নভেম্বর স্থানীয় সংবাদমাধ্যম কেজেজেডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ট মেরিস ফুড ব্যাংক এবারের ছুটির মৌসুমে খাদ্য বিতরণের প্রস্তুতি শুরু করলেও লক্ষ্যমাত্রা পূরণে তাদের আরও প্রায় ১১ হাজার ৫০০টি টার্কি প্রয়োজন। প্রতিষ্ঠানটির জনসংযোগ পরিচালক জেরি ব্রাউন জানিয়েছেন, গত বছরের তুলনায় এবার খাদ্য সহায়তার চাহিদা প্রায় ১০ শতাংশ বেড়েছে। এবারের উৎসবে ২০ হাজার থেকে ২২ হাজার টার্কি বিতরণের পরিকল্পনা রয়েছে তাদের। এদিকে খাদ্য সহায়তা কর্মসূচির যোগ্যতা নির্ধারণে নতুন নিয়ম চালুর উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। ১০ নভেম্বর যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ এ বিষয়ে একটি প্রস্তাব প্রকাশ করেছে। এতে নিম্ন আয়ের অভাবী পরিবারগুলোর জন্য পরিচালিত অস্থায়ী আর্থিক সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের স্বয়ংক্রিয়ভাবে স্ন্যাপ পাওয়ার সুযোগ সীমিত করার কথা বলা হয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো পরিবার নির্দিষ্ট সরকারি আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় থাকলে কিছু ক্ষেত্রে আলাদাভাবে স্ন্যাপের আয়সংক্রান্ত শর্ত পূরণ না করেও খাদ্য সহায়তা পেতে পারে। নতুন প্রস্তাব কার্যকর হলে এই সুযোগ সীমিত হবে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের নিজস্ব হিসাব অনুযায়ী, প্রস্তাবটি কার্যকর হলে প্রায় ৬৩ লাখ মানুষ স্ন্যাপ সুবিধা হারাতে পারেন। পাশাপাশি প্রায় ১৮ লাখ শিশু বিনা মূল্যে স্কুলের খাবার পাওয়ার স্বয়ংক্রিয় যোগ্যতা হারাতে পারে। প্রস্তাবটির বিষয়ে সাধারণ মানুষের মতামত দেওয়ার জন্য ৩০ দিন সময় রাখা হয়েছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তার চাহিদা বাড়লেও সরকারি কর্মসূচিতে সুবিধাভোগীর সংখ্যা কমছে। এতে স্থানীয় খাদ্য সহায়তা বিতরণকারী প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থাগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। কিন্তু এসব প্রতিষ্ঠানও অর্থসংকট এবং খাদ্য সংগ্রহ ও পরিবহনের বাড়তি খরচের মুখে রয়েছে। সেন্ট মেরিস ফুড ব্যাংকের নেতৃত্বের আশঙ্কা, সরকারি সহায়তার ঘাটতি পূরণে নিজেদের সঞ্চিত অর্থ ব্যবহার অব্যাহত রাখতে হলে ভবিষ্যতে খাদ্য বিতরণ কার্যক্রম ধরে রাখা কঠিন হয়ে পড়তে পারে।
ফ্লোরিডায় প্রেমিকের গুলিতে ১৬ বছরের কিশোরী নিহত, গ্রেপ্তার ১৯ বছরের তরুণ
মেরিল্যান্ডে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান