হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, সোমবার (৬ জুলাই) গভীর রাতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ হামলা চালায়। এতে দুটি জাহাজ উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এক্সিওস-এর প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তা জানান, হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাহাজে থাকা নাবিকদের কেউ হতাহত হননি।
এদিকে রয়টার্স জানিয়েছে, এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা ইউকেএমটিও জানায়, মঙ্গলবার ভোরে ওমানের লিমা উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে দক্ষিণমুখী একটি তেলবাহী জাহাজের বাম পাশে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে কোনো নাবিক আহত হননি এবং পরিবেশগত ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া যায়নি।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, হামলার শিকার জাহাজগুলোর একটি ছিল কাতারের রাষ্ট্রায়ত্ত এলএনজি কোম্পানি নাকিলাত-এর মালিকানাধীন ও পরিচালিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী ট্যাংকার আল রেকায়াত। প্রজেক্টাইলটি জাহাজটির বাম পাশে ইঞ্জিন রুমের ওপরের অংশে আঘাত করলে সেখানে আগুন ও ঘন ধোঁয়ার সৃষ্টি হয়। ক্ষয়ক্ষতির পূর্ণ মাত্রা এখনো নির্ধারণ করা যায়নি। জাহাজের সব নাবিক নিরাপদে জাহাজের ডান পাশে অবস্থান নেন।
প্রতিবেদন অনুযায়ী, হামলার সময় জাহাজটি ওমান উপসাগরে হরমুজ প্রণালির প্রবেশমুখ দিয়ে চলাচল করছিল।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল একটি অডিও রেকর্ডিংয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, চলতি সপ্তাহের শেষের দিকে আইআরজিসি সামুদ্রিক রেডিওর মাধ্যমে ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কবার্তা পাঠিয়েছিল। বার্তায় বলা হয়, নির্দেশনা অমান্য করলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়তে হতে পারে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে যেকোনো নিরাপত্তা সংকট আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।
ঘটনার তদন্ত চলছে। হামলার দায় বা ঘটনার বিস্তারিত নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত বক্তব্য দেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ১৩ দিন পেরিয়ে গেলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনো পুরোপুরি শেষ হয়নি উদ্ধার তৎপরতা। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খোঁজে অভিযান অব্যাহত থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জীবিত কাউকে উদ্ধারের আশা প্রায় নিভে এসেছে। সর্বশেষ সোমবার পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩৫ জনে। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে প্রতিদিন। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা করছে, ক্ষয়ক্ষতির ব্যাপকতা বিবেচনায় মৃতের চূড়ান্ত সংখ্যা ১০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত পৌঁছাতে পারে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের গভীরে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সম্ভাবনা এখন অত্যন্ত ক্ষীণ। ফলে বর্তমানে উদ্ধার অভিযানের মূল লক্ষ্য হয়ে উঠেছে মরদেহ শনাক্ত ও উদ্ধার। ভূমিকম্পের পরদিন মঙ্গলবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। একই সঙ্গে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকারি তৎপরতা জোরদার করা হয়েছে। তবে উদ্ধারকাজে বিলম্ব ও সমন্বয় ঘাটতির অভিযোগ তুলেছেন বিদেশে বসবাসরত ভেনেজুয়েলার নাগরিকেরা। নিখোঁজ স্বজনদের খোঁজে তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে সহায়তার আবেদন জানাচ্ছেন এবং সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি করছেন। স্পেন ও যুক্তরাষ্ট্রে বসবাসরত দুই চাচাতো ভাইবোন সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দাদা-দাদির সন্ধানে সহায়তা চেয়েছেন। ভেনেজুয়েলার কারাবায়েদা শহরের একটি সাততলা ভবনে বসবাস করতেন পেদ্রো ভেলোজ মেদিনা ও আলেহান্দ্রিনা রামিরেজ দে ভেলোজ। ভূমিকম্পে ভবনটি ধসে পড়ার পর থেকে তাঁদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। স্পেনে থাকা ভ্যালেরিয়া ভেলোজ জানান, আন্তর্জাতিক উদ্ধারকর্মীরা তাঁদের বলেছেন, ভবনের ধ্বংসস্তূপে আটকে থাকা সম্ভাব্য জীবিত বা মৃতদের খুঁজে পেতে হলে অন্তত ১০টি বড় কংক্রিটের স্ল্যাব সরাতে হবে। এ জন্য ভারী যন্ত্রপাতি, বিশেষ করে ক্রেনের প্রয়োজন। যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো থেকে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেদ্রো ভেলোজ বলেন, “ভবনটি যেভাবে ভেঙে পড়েছে, তাতে ক্রেন ছাড়া ধ্বংসস্তূপ সরানো প্রায় অসম্ভব।” উদ্ধার তৎপরতা জোরদার করতে গত রোববার নতুন একটি সামরিক ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজ। এই ইউনিট দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সহায়তা কার্যক্রম তদারকি করবে। এরই মধ্যে সরকারি হিসাবে জানা গেছে, ভূমিকম্পে ৮৫০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধসে পড়েছে। তবে নাসার স্যাটেলাইট বিশ্লেষণ বলছে, প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি—প্রায় ৫৯ হাজার স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানও রয়েছে। এতে ১৭ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। ভেনেজুয়েলা এমনিতেই দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটে ভুগছে। দুর্বল জনসেবা ব্যবস্থা, খাদ্যসংকট এবং দারিদ্র্যের কারণে আগে থেকেই প্রায় ৮০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন ছিল। এই ভূমিকম্প সেই সংকটকে আরও তীব্র করে তুলেছে। তবে ধ্বংসস্তূপের মাঝেও পুনর্গঠনের উদ্যোগ শুরু হয়েছে। গত সপ্তাহান্তে লা গুয়াইরার একটি সরকারি আবাসিক কমপ্লেক্স পুনর্নির্মাণের কাজ শুরু করেছে সরকার। ওই কমপ্লেক্সের বাসিন্দা এস্টার বিরিয়ের বার্তা সংস্থা এপিকে জানান, তিন মাসের মধ্যে পুনর্নির্মাণ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি বলেন, “কাজ শেষ হলে আমাদের অ্যাপার্টমেন্টগুলো ফিরিয়ে দেওয়া হবে—এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমরা আশাবাদী।” উদ্ধারকাজের ধীরগতি, বিপুল প্রাণহানি এবং অবকাঠামোগত ধ্বংস—সব মিলিয়ে ভেনেজুয়েলার জন্য এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর একটি হয়ে উঠেছে। এখন নজর কেবল নিখোঁজদের খোঁজ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দিকে।
চীনের পশ্চিমাঞ্চলীয় কানসু প্রদেশের পাহাড়ি এলাকায় শক্তিশালী ভূমিধসের ঘটনায় অন্তত ১৬ জন এখনও মাটির নিচে আটকা পড়ে আছেন। একই সময়ে দেশটির বিভিন্ন অঞ্চলে চলমান তীব্র বজ্রঝড় ও ঝোড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্তত ২৭৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। প্রাদেশিক জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রাথমিক তথ্যের বরাতে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, ভূমিধসের শুরুতে মোট ৩৩ জন আটকা পড়েছিলেন। এর মধ্যে এখন পর্যন্ত ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১৬ জনের সন্ধানে উদ্ধারকর্মীরা নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। ঘটনার পরপরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষতিগ্রস্তদের উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি নিখোঁজদের দ্রুত খুঁজে বের করা এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। মঙ্গলবার (৭ জুলাই) ঘটে যাওয়া এই ভূমিধসের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়। তবে চলতি সপ্তাহজুড়ে চীনের বিভিন্ন অঞ্চলে তীব্র বজ্রঝড়, ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। চীনের সরকারি সংবাদসংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, সোমবার রাতে মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের পূর্বাঞ্চলে আকস্মিক ঝড়ে অন্তত আটজন নিহত হয়েছেন এবং একজন এখনও নিখোঁজ রয়েছেন। হুবেইর হুয়াংশি, হুয়াংগাং, এঝৌ এবং শিয়াননিং শহরের ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়, যা ঘরবাড়ি, বিদ্যুৎব্যবস্থা এবং যোগাযোগ অবকাঠামোয় বড় ধরনের ক্ষতি করেছে। আজ মঙ্গলবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এই ঝড়ের কারণে অন্তত ২৭৫ জন মানুষ আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে। এদিকে আবহাওয়া বিভাগ সতর্ক করে জানিয়েছে, দেশের বেশ কিছু অঞ্চলে আগামী দিনগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংশি এবং পূর্বাঞ্চলীয় জিয়াংসু ও শানডং প্রদেশে আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা নতুন করে ভূমিধস ও বন্যার ঝুঁকি বাড়াবে। বিশেষজ্ঞদের মতে, এসব এলাকায় প্রায় ২০ কোটি মানুষের বসবাস হওয়ায় সম্ভাব্য দুর্যোগের প্রভাবও বড় আকার ধারণ করতে পারে। পাশাপাশি উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় টর্নেডোর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগের এই পরিস্থিতির মধ্যেই চীন এখন সুপার টাইফুন ‘বাভি’ নিয়ে উচ্চ সতর্কতায় রয়েছে। প্রশান্ত মহাসাগর পেরিয়ে তাইওয়ানের দিকে অগ্রসরমান এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি ইতোমধ্যে গুয়াম, টিনিয়ান, সাইপান ও রোটা দ্বীপপুঞ্জ অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্যমতে, এসব এলাকায় আঘাত হানার সময় ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ধারাবাহিক প্রাকৃতিক দুর্যোগে চীনের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উদ্ধার ও ত্রাণ তৎপরতা জোরদার করা হলেও আবহাওয়ার প্রতিকূলতা পরিস্থিতি সামাল দেওয়াকে আরও কঠিন করে তুলছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতার পর এবার উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজন মেটাতে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান। ইসলামাবাদের উদ্যোগে দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুই প্রতিদ্বন্দ্বী ক্ষমতাকেন্দ্রের মধ্যে নীরবে আলোচনা চালানো হচ্ছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এই উদ্যোগ সফল হলে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের কূটনৈতিক অবস্থান আরও শক্তিশালী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০১১ সালে ন্যাটো সমর্থিত গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটি কার্যত পূর্ব ও পশ্চিম—এই দুই অংশে বিভক্ত হয়ে পড়ে। দীর্ঘ প্রায় দেড় দশক ধরে চলা এই অচলাবস্থা নিরসনে বিভিন্ন সময় আন্তর্জাতিক মহল উদ্যোগ নিলেও স্থায়ী সমাধান আসেনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেছেন এবং লিবিয়া নিয়ে ইসলামাবাদের মধ্যস্থতার বিষয়েও অবগত আছেন। একই সঙ্গে সৌদি আরবও এই শান্তি প্রচেষ্টায় সমর্থন দিচ্ছে। জানা গেছে, গত বছরের শেষদিকে লিবিয়ার দুই পক্ষই পাকিস্তানের সম্পৃক্ততা চাওয়ার পর এই প্রক্রিয়ার সূচনা হয়। প্রস্তাবিত একটি খসড়া পরিকল্পনায় বলা হয়েছে, “গভর্নমেন্ট অব ন্যাশনাল কনসেনসাস অ্যান্ড প্রেসিডেন্সিয়াল কাউন্সিল” কাঠামোর অধীনে ৩৬ মাসের একটি অন্তর্বর্তীকালীন ক্ষমতা ভাগাভাগির ব্যবস্থা গড়ে তোলা হতে পারে। এতে জাতিসংঘ স্বীকৃত পশ্চিমাঞ্চলীয় সরকারের প্রধান আবদুলহামিদ দ্বিবাহ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকবেন। অন্যদিকে পূর্বাঞ্চলীয় লিবিয়ান ন্যাশনাল আর্মির ডেপুটি কমান্ডার সাদ্দাম হাফতারকে প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের চেয়ারম্যান করার প্রস্তাব রয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র ও অবকাঠামোর বড় অংশ নিয়ন্ত্রণে থাকায় সাদ্দাম হাফতারের পিতা এবং লিবিয়ান ন্যাশনাল আর্মির প্রধান খলিফা হাফতারকে বাজেট ব্যবস্থাপনায় বিশেষ কর্তৃত্ব দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। পুরো প্রক্রিয়াটি কার্যকর রাখতে পাকিস্তান সক্রিয় ভূমিকা পালন করবে বলেও পরিকল্পনায় উল্লেখ আছে। তবে পাকিস্তানি একটি সূত্র জানিয়েছে, প্রস্তাবটি এখনো প্রাথমিক আলোচনা পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় লাগতে পারে। গত মাসে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির রাওয়ালপিন্ডিতে সাদ্দাম হাফতারের সঙ্গে বৈঠক করেন। এর কয়েকদিন পর হাফতার ওয়াশিংটন সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, লিবিয়ার নেতাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টাকে ওয়াশিংটন স্বাগত জানায় এবং দেশটির একতা রক্ষায় সমর্থন অব্যাহত রাখবে। বিশ্লেষকদের মতে, লিবিয়ার রাজনীতিতে যুক্তরাষ্ট্র, তুরস্ক, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের মতো বড় শক্তিগুলোর প্রভাব বেশি হলেও পাকিস্তান একটি তুলনামূলক নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে। দেশটির সঙ্গে লিবিয়ার উভয় পক্ষেরই যোগাযোগ ও সম্পর্ক থাকায় মধ্যস্থতার ক্ষেত্রে এটি একটি সুবিধাজনক অবস্থান তৈরি করেছে। জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তান পূর্বাঞ্চলীয় বাহিনীর সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখেছে এবং তাদের কাছে জেএফ-১৭ যুদ্ধবিমান ও সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহ করেছে। একই সময়ে পশ্চিমাঞ্চলীয় সরকারও পাকিস্তানের সঙ্গে সরাসরি আলোচনায় আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় সরকারের প্রধান সমর্থক তুরস্ক ও কাতারও এই মধ্যস্থতায় পাকিস্তানকে উৎসাহ দিচ্ছে। তবে ভূরাজনৈতিক বিশ্লেষক প্রতিষ্ঠান ইনফরমমির পরিচালক তারেক মেগেরিসি সতর্ক করে বলেছেন, কোনো চুক্তি স্বাক্ষরিত হলেই তা দীর্ঘস্থায়ী হবে—এমন নিশ্চয়তা নেই। তিনি উদাহরণ হিসেবে রুয়ান্ডা ও কঙ্গোর মধ্যে গত বছরের একটি চুক্তির কথা উল্লেখ করেন, যা অল্প সময়ের মধ্যেই ভেঙে যায়। এদিকে এখনো পর্যন্ত পাকিস্তান, লিবিয়ার কোনো পক্ষ বা সংশ্লিষ্ট আন্তর্জাতিক অংশীদার দেশগুলোর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: এনডিটিভি