পৃথিবীর গভীর থেকে মাটির ওপর উঠে আসছে সোনা ও মূল্যবান ধাতু
পৃথিবীর কেন্দ্রের বিপুল সোনার ভান্ডার থেকে অতি সামান্য পরিমাণ মূল্যবান ধাতু ধীরে ধীরে ওপরের স্তরে উঠে আসছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সঙ্গে সম্পর্কিত গলিত শিলার প্রবাহের মাধ্যমে এসব ধাতুর কিছু অংশ একসময় ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে বলে প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়শিলা বিশ্লেষণ করে জার্মানির গটিংজেন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই তথ্য জানিয়েছেন। তাঁদের গবেষণাটি ২০২৫ সালের ২১ মে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়।
গবেষণাটির প্রধান লেখক ভূ-রসায়নবিদ নিলস মেসলিং ও তাঁর সহকর্মীরা প্রায় তিন বছর ধরে হাওয়াইয়ের ব্যাসল্ট বা আগ্নেয়শিলা নিয়ে কাজ করেন। গবেষণায় তাঁরা রুথেনিয়াম নামের একটি মূল্যবান ধাতুর বিশেষ আইসোটোপ শনাক্ত করেন। পৃথিবীর কেন্দ্রের ধাতব অংশে এই আইসোটোপের উপস্থিতি ওপরের পাথুরে স্তরের তুলনায় বেশি। হাওয়াইয়ের আগ্নেয়শিলায় এর অস্বাভাবিক উপস্থিতি এবং টাংস্টেনের আইসোটোপের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে গবেষকেরা সিদ্ধান্তে পৌঁছান, এসব শিলার কিছু উপাদান পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টলের মধ্যবর্তী অঞ্চল থেকে এসেছে।
বিজ্ঞানীদের মতে, পৃথিবীর কেন্দ্র পুরোপুরি বিচ্ছিন্ন কোনো স্তর নয়। সেখানকার কিছু ধাতব উপাদান ধীরে ধীরে ম্যান্টলে প্রবেশ করছে। পরে প্রচণ্ড উত্তপ্ত শিলার প্রবাহ বা ম্যান্টল প্লুমের মাধ্যমে এসব উপাদান ওপরের দিকে উঠে আসে। সমুদ্রের তলদেশ থেকে এমন উত্তপ্ত গলিত শিলা ওপরে উঠে আগ্নেয়গিরির কার্যক্রম সৃষ্টি করে এবং দীর্ঘ সময় ধরে আগ্নেয় দ্বীপ গঠনে ভূমিকা রাখে। হাওয়াই দ্বীপপুঞ্জের উৎপত্তির পেছনেও এই ভূতাত্ত্বিক প্রক্রিয়া কাজ করেছে।
গটিংজেন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের হিসাব অনুযায়ী, পৃথিবীতে থাকা সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর ৯৯ দশমিক ৯৯৯ শতাংশের বেশি পৃথিবীর ধাতব কেন্দ্রে আটকে রয়েছে। প্রায় ৪৫০ কোটি বছর আগে পৃথিবী গঠনের সময় উল্কাপিণ্ডের সংঘর্ষ ও বিভিন্ন পদার্থের সংমিশ্রণে এই বিশাল ভান্ডার তৈরি হয়। তখন ভারী ধাতুগুলো পৃথিবীর গভীর কেন্দ্রে জমা হয়েছিল। গবেষকদের ধারণা, সেই ভান্ডার থেকে অতি সামান্য পরিমাণ ধাতু এখনো ম্যান্টলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠের দিকে আসছে। তবে গবেষণায় সরাসরি সোনার আইসোটোপ শনাক্ত করা হয়নি, বরং রুথেনিয়ামের মাধ্যমে কেন্দ্র থেকে ধাতব উপাদান আসার প্রমাণ পাওয়া গেছে।
এত গভীর থেকে উঠে আসা সোনা ভবিষ্যতে খনন করে তোলা সম্ভব কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। পৃথিবীর কেন্দ্র ও ম্যান্টলের মধ্যবর্তী সীমানা ভূপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৯০০ কিলোমিটার গভীরে। অন্যদিকে, রাশিয়ার কোলা সুপারডিপ বোরহোল মানুষের তৈরি সবচেয়ে গভীর খননকাজের উদাহরণ, যার গভীরতা প্রায় ১২ দশমিক ৩ কিলোমিটার। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের ওই সীমানা পর্যন্ত পৌঁছাতে বর্তমান প্রযুক্তির তুলনায় প্রায় ২৩৬ গুণ বেশি গভীরে যেতে হবে। ফলে সরাসরি সেখান থেকে সোনা উত্তোলন মানুষের বর্তমান প্রযুক্তিগত সক্ষমতার বাইরে।
গবেষক মেসলিংয়ের ব্যাখ্যা অনুযায়ী, কেন্দ্র থেকে উপরের স্তরে ধাতব উপাদান পৌঁছানোর এই ভূতাত্ত্বিক প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ৫০ কোটি থেকে ১০০ কোটি বছর সময় লাগতে পারে। প্রক্রিয়াটি অতীতেও চলেছে এবং এখনো চলমান থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। তবে এর ফলে পৃথিবীর সোনার মোট সরবরাহে কতটা পরিবর্তন আসছে, তা এখনো নির্দিষ্টভাবে পরিমাপ করা সম্ভব হয়নি।
গবেষণাটিকে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন ও ভূতাত্ত্বিক পরিবর্তন বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন বিজ্ঞানীরা। এতদিন পৃথিবীর কেন্দ্রকে ওপরের স্তর থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন বলে মনে করা হলেও নতুন গবেষণায় সেই ধারণা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে পৃথিবীর গভীরে থাকা মূল্যবান ধাতুর কিছু অংশ কীভাবে দীর্ঘ ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে, সে বিষয়েও নতুন তথ্য পাওয়া গেছে।
তথ্যসূত্র: নেচার সাময়িকী ও জার্মানির গটিংজেন বিশ্ববিদ্যালয়।
872 আইজেট
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিজ্ঞান
View moreআলোকে আমরা সাধারণত তরঙ্গ হিসেবে দেখি, যা ছড়িয়ে পড়ে এবং কোনো নির্দিষ্ট আকার ধরে রাখে না। কিন্তু এবার আলো ও পদার্থের মিশ্রণে তৈরি বিশেষ কোয়ান্টাম কণাকে এমন একটি অবস্থায় নিয়ে গেছেন বিজ্ঞানীরা, যেখানে কঠিন পদার্থের মতো সুশৃঙ্খল কাঠামো এবং তরলের মতো প্রবাহের বৈশিষ্ট্য একসঙ্গে দেখা যায়। পদার্থবিজ্ঞানে এই অস্বাভাবিক অবস্থার নাম ‘সুপারসলিড’। ইতালি, অস্ট্রিয়া ও যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের যৌথ গবেষণায় এই অর্জন সম্ভব হয়েছে। গবেষণাটি ২০২৫ সালের ৫ মার্চ আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত হয়। সাধারণ কঠিন পদার্থে কণাগুলো নির্দিষ্ট বিন্যাসে সাজানো থাকে। অন্যদিকে, সুপারফ্লুইড বা অতিতরল এমন এক বিশেষ অবস্থা, যেখানে তরল প্রায় কোনো সান্দ্রতা ছাড়াই প্রবাহিত হতে পারে। সুপারসলিডের বিশেষত্ব হলো, এতে এই দুই বৈশিষ্ট্য একসঙ্গে পাওয়া যায়। অর্থাৎ কণাগুলো একদিকে কঠিন স্ফটিকের মতো নির্দিষ্ট বিন্যাস তৈরি করে, অন্যদিকে সামগ্রিকভাবে কোয়ান্টাম সামঞ্জস্য বজায় রেখে অতিতরলের মতো আচরণ করে। এই অবস্থা তৈরি করতে গবেষকেরা অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড দিয়ে তৈরি একটি বিশেষ অর্ধপরিবাহী আলোকীয় কাঠামোর ওপর লেজার আলো ফেলেন। আলো ও অর্ধপরিবাহীর ইলেকট্রনিক উত্তেজনার শক্তিশালী মিথস্ক্রিয়ায় তৈরি হয় ‘এক্সাইটন-পোলারিটন’ নামের বিশেষ কোয়ান্টাম কণা। এগুলো পুরোপুরি আলোও নয়, আবার সাধারণ পদার্থের কণাও নয়। বরং ফোটন ও এক্সাইটনের বৈশিষ্ট্য মিলিয়ে তৈরি এক ধরনের মিশ্র কণাসদৃশ অবস্থা। গবেষকেরা বিশেষ আলোকীয় স্ফটিক কাঠামোর মাধ্যমে এসব পোলারিটনের চলাচল ও পারস্পরিক মিথস্ক্রিয়া নিয়ন্ত্রণ করেন। নির্দিষ্ট ঘনত্বে পৌঁছানোর পর কণাগুলো একটি সম্মিলিত কোয়ান্টাম অবস্থায় সংগঠিত হয়। এরপর তাদের ঘনত্বের মধ্যে পর্যায়ক্রমিক বিন্যাস তৈরি হয়, যা স্ফটিকের মতো কাঠামোর বৈশিষ্ট্য বহন করে। একই সঙ্গে কণাগুলোর মধ্যে কোয়ান্টাম সামঞ্জস্য বজায় থাকে। এই দুই বৈশিষ্ট্যের সমন্বয় থেকেই সুপারসলিড অবস্থার প্রমাণ পান বিজ্ঞানীরা। গবেষণাটির নেতৃত্ব দেন ইতালির ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের (সিএনআর) ন্যানোটেকনোলজি ইনস্টিটিউটের বিজ্ঞানী দানিয়েলে সানভিত্তো। তাঁর মতে, আলো ও পদার্থের মিশ্রণে তৈরি এই অবস্থার মাধ্যমে সুপারসলিড নিয়ে গবেষণার নতুন ক্ষেত্র উন্মুক্ত হয়েছে। এর আগে মূলত অত্যন্ত নিম্ন তাপমাত্রায় পরমাণুর গ্যাস ব্যবহার করে এ ধরনের অবস্থা তৈরি করা হয়েছিল। নতুন পদ্ধতির বিশেষত্ব হলো, এটি অর্ধপরিবাহীভিত্তিক যন্ত্রে তৈরি করা সম্ভব, যেখানে অতিশীতল পরমাণুর জটিল পরীক্ষাগারের প্রয়োজন হয় না। গবেষকেরা মনে করছেন, এই আবিষ্কার ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিং, উন্নত আলোকীয় চিপ এবং আলোর মাধ্যমে তথ্য প্রক্রিয়াকরণের প্রযুক্তিতে কাজে লাগতে পারে। বিশেষ করে কম শক্তি খরচে দ্রুত তথ্য প্রক্রিয়াকরণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য উন্নত আলোকীয় স্নায়ু নেটওয়ার্ক তৈরির সম্ভাবনা রয়েছে। তবে এসব প্রয়োগ এখনো গবেষণার পর্যায়ে রয়েছে। বাস্তব প্রযুক্তিতে ব্যবহারের আগে আরও পরীক্ষা ও উন্নয়ন প্রয়োজন। তথ্যসূত্র: নেচার সাময়িকী, ইউরোপীয় কমিশনের গবেষণা ও উদ্ভাবনবিষয়ক বিভাগ এবং সিএনআর ন্যানোটেকনোলজি ইনস্টিটিউট। 872 আইজেট
পৃথিবীর গভীর থেকে মাটির ওপর উঠে আসছে সোনা ও মূল্যবান ধাতু
শনির চাঁদ এনসেলাডাসের ক্ষুদ্র বরফকণায় লুকিয়ে ভিনগ্রহের প্রাণের রহস্য!
চোখের ভাষা বলে দেবে মনের কথা! যুগান্তকারী প্রযুক্তি উদ্ভাবন জাপানি বিজ্ঞানীদের
পৃথিবীর বুকে রাজনৈতিক ও ভৌগোলিক সীমানা নিয়ে বৈরিতা থাকলেও মহাকাশের শূন্যতায় এক বিরল ঐক্যের সুর তুললেন উর্দু ও ফারসি ভাষার কালজয়ী কবি আল্লামা মুহাম্মদ ইকবাল। চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে ভেসে থাকা অবস্থায় পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীর কণ্ঠে ইকবালের কবিতা আবৃত্তি ফিরিয়ে এনেছে ভারত ও পাকিস্তানের মহাকাশ ইতিহাসের পুরোনো স্মৃতি। গত বুধবার চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে পাঁচ চীনা সহকর্মীর সঙ্গে অবস্থানকালে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবালের একটি বিখ্যাত শের (দ্বিপদী কবিতা) আবৃত্তি করেন জিশান আলী। পরনে পাকিস্তানের সবুজ-সাদা পতাকা খচিত নীল ফ্লাইট স্যুট, আর ওজনশূন্য পরিবেশে নিজেকে সামলে নিয়ে তিনি আবৃত্তি করেন— ‘সিতারোঁ সে আগে জাহাঁ অউর ভি হ্যায় / আভি ইশক কে ইমতিহাঁ অউর ভি হ্যায়।’ এরপর সাবলীল মান্দারিন ভাষায় চীনা সহকর্মীদের এর অর্থ বুঝিয়ে দিয়ে তিনি বলেন, ‘তারাদের ওপারেও অগণিত জগৎ রয়েছে, আর ভালোবাসার পরীক্ষা এখনো অনেক বাকি।’ তার আবৃত্তি শেষে করতালি ও উচ্ছ্বাসে ফেটে পড়েন মহাকাশচারীরা। তবে মহাকাশে আল্লামা ইকবালের কবিতা ধ্বনিত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ভারতের দুই নভোচারীর মহাকাশ অভিযানেও জড়িয়ে ছিলেন এই কবি। ১৯৮৪ সালের ৩ এপ্রিল সোভিয়েত সয়ুজ টি-১১ মিশনে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে যান রাকেশ শর্মা। স্যালুট-৭ মহাকাশ স্টেশনে অবস্থানকালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী টেলিভিশনে সরাসরি কথোপকথনে তাকে প্রশ্ন করেছিলেন, ‘উপর থেকে ভারতকে কেমন দেখাচ্ছে?’ জবাবে রাকেশ শর্মা দ্বিধাহীন চিত্তে ইকবালের ১৯০৪ সালে রচিত ‘তারানা-ই-হিন্দ’ কবিতার বিখ্যাত পঙ্ক্তি উদ্ধৃত করে বলেছিলেন, ‘সারে জাহাঁ সে আচ্ছা’ (সারা বিশ্বের চেয়ে সেরা)। এর এক দশকেরও বেশি সময় পর ১৯৯৭ সালের ১৯ নভেম্বর মার্কিন স্পেস শাটল কলম্বিয়ায় চড়ে প্রথমবার মহাকাশে যান ভারতীয় বংশোদ্ভূত নভোচারী কল্পনা চাওলা। সে সময় মহাকাশে থাকা কল্পনার সঙ্গে কথোপকথনে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দর কুমার গুজরাল ঠিক সেই পঙ্ক্তিটিই আবৃত্তি করেছিলেন, যা প্রায় তিন দশক পর তিয়ানগং স্টেশনে শোনালেন পাকিস্তানের জিশান আলী। গুজরাল বলেছিলেন, ‘তারাদের ওপারেও জগৎ রয়েছে। আপনি এখন তা নিজ চোখে দেখছেন, কেমন অনুভব করছেন?’ জবাবে কল্পনা বলেছিলেন, ‘এ এক দারুণ বিশেষ অনুভূতি... আপনি যা বলছেন তা যেন আক্ষরিক অর্থেই সত্যি হয়ে ধরা দিয়েছে।’ ২০০৩ সালে কলম্বিয়া মহাকাশযান দুর্ঘটনায় প্রাণ হারান এই নভোচারী। ১৮৭৭ সালের ৯ নভেম্বর অবিভক্ত ভারতের শিয়ালকোটে জন্মগ্রহণ করেন কবি, দার্শনিক ও রাজনীতিবিদ আল্লামা মুহাম্মদ ইকবাল। লাহোর, ইংল্যান্ড ও জার্মানিতে উচ্চশিক্ষা নেওয়া এই মনীষী দর্শনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। উর্দু ও ফারসি ভাষায় তাঁর অসামান্য সাহিত্যকর্মের জন্য উপমহাদেশে তিনি ‘আল্লামা’ বা মহাজ্ঞানী হিসেবে পরিচিত। ইরানেও তিনি ‘ইকবাল-ই-লাহোরি’ নামে সমান জনপ্রিয়। ১৯৩০ সালে নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে তিনি উত্তর-পশ্চিম ভারতের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে একটি স্বতন্ত্র রাষ্ট্রের ধারণা দেন, যা পরবর্তীতে পাকিস্তান রাষ্ট্র গঠনের তাত্ত্বিক ভিত্তি হিসেবে বিবেচিত হয়। ১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরে মৃত্যুবরণ করেন এই কবি। ভৌগোলিক বিভাজনের আগেই প্রয়াত হওয়া এই কবির পঙ্ক্তি আজও পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে ভারত ও পাকিস্তানের মানুষকে একই আবেগে যুক্ত করে চলেছে। সূত্র: আল জাজিরা 873 ডিএন
চিকিৎসা বিজ্ঞানে নতুন অর্জন: ইনসুলিন ছাড়াই ডায়াবেটিস নিয়ন্ত্রণের নতুন পথের সন্ধান
নেপচুনের পেছনে লুকিয়ে থাকতে পারে পৃথিবীর দ্বিগুণ বড় নতুন এক গ্রহ
শূকরের কিডনি নিয়ে এক বছর পার, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড মার্কিন নারীর
প্রাগৈতিহাসিক যুগে কৃষিকাজ শুরু হওয়ার কয়েক হাজার বছর আগেই মানুষ মাটি দিয়ে নিপুণ ভাস্কর্য তৈরি করত এবং পরবর্তী প্রজন্মের কাছে সেই শিল্পচর্চা পৌঁছে দিত—সাম্প্রতিক এক প্রত্নতাত্ত্বিক গবেষণায় এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। ১৫ হাজার থেকে ১২ হাজার বছর আগের নাট্যুফিয়ান (Natufian) সংস্কৃতির তৈরি ছোট ছোট মাটির মূর্তিতে প্রাপ্তবয়স্ক ও শিশুর আঙুলের ছাপ বিশ্লেষণ করে গবেষকেরা প্রাচীন যুগে হাতে-কলমে শিক্ষা বা 'অ্যাপ্রেন্টিসশিপ'-এর (শিক্ষানবিশি) বিরল প্রমাণ পেয়েছেন। আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী পিএলওএস ওয়ান (PLOS ONE)-এ প্রকাশিত এই গবেষণাটি পরিচালনা করেছেন হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের প্রত্নতাত্ত্বিকেরা। বর্তমান ইসরায়েলের তিনটি প্রত্নতাত্ত্বিক এলাকা—আইনান-মালাহা (Eynan-Mallaha), হায়োনিম টেরেস (Hayonim Terrace) এবং এল-ওয়াদ টেরেস (el-Wad Terrace)—থেকে সংগৃহীত প্রায় ৪০ কিলোগ্রাম মাটি ও ধ্বংসাবশেষের খণ্ড পরীক্ষা করে গবেষকেরা এ তথ্য নিশ্চিত করেছেন। এর অনেকগুলোই কয়েক দশক আগে খননের সময় সংগৃহীত হয়েছিল। মূর্তিতে ওভারল্যাপিং আঙুলের ছাপ গবেষকেরা ১৫৪টি মাটির মূর্তি ও খণ্ডাংশ পরীক্ষা করেছেন; এর মধ্যে ১৫টি মূর্তিতে পাখি, স্তন্যপায়ী প্রাণী, গজেল হরিণ এবং মানুষের অবয়ব স্পষ্টভাবে শনাক্ত করা গেছে, আর বাকি ১৩৯টি খণ্ডাংশ অন্যান্য ভাস্কর্যের অংশ বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে কৌতূহল জাগিয়েছে এসব ভাস্কর্যে লেগে থাকা আঙুলের ছাপ। আইনান-মালাহা থেকে পাওয়া একটি মানবাকৃতির ক্ষুদ্র মূর্তির পেছনে দুজনের আঙুলের ছাপ পাওয়া গেছে। আণুবীক্ষণিক বিশ্লেষণে দেখা গেছে, প্রথম ছাপটি সম্ভবত একজন তরুণ বা প্রাপ্তবয়স্ক নারীর, আর তার ওপর পড়েছে ১৫ বছরের কম বয়সী একটি শিশুর ছোট আঙুলের ছাপ। কাদা নরম থাকা অবস্থাতেই হাতবদলের এই ক্রম ইঙ্গিত দেয় যে, কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মূর্তিটি গড়ার সময় শিশুটিকে হাতে ধরে শেখাচ্ছিলেন বা কাজটি তার হাতে তুলে দিয়েছিলেন। এ ছাড়া একটি ক্ষুদ্র পাখির মূর্তিতে ১০ বছরের কম বয়সী শিশুর আঙুলের ছাপ পাওয়া গেছে। আরেকটি মাটির সিলিন্ডারে অপেক্ষাকৃত বড় শিশুর দুটি আঙুলের ছাপ রয়েছে—একটি কাদা ভেজা থাকা অবস্থায় গড়ার সময় এবং অন্যটি লালচে মাটির প্রলেপ মসৃণ করার সময় পড়েছিল। গবেষকদের মতে, এটি লাল মাটির প্রলেপ বা 'এনগোব' (engobe) ব্যবহারের প্রাচীনতম প্রমাণগুলোর একটি, যা ১৫ হাজার বছর পুরনো। পাখির ভঙ্গি ও প্রাকৃতিক জ্ঞান শনাক্ত হওয়া ১৫টি মূর্তির মধ্যে ১১টিই পাখির আদলে গড়া। কোনোটিতে পালকের সূক্ষ্ম কারুকাজ দেখা গেছে, আবার কোনো পাখির মাথা নিচের দিকে ঝুঁকিয়ে একপাশে বাঁকানো অবস্থায় রাখা হয়েছে। গবেষকদের ধারণা, প্রজনন মৌসুমে হাঁস বা জলচর পাখির প্রণয়ঘটিত আচরণ বা ভঙ্গি ফুটিয়ে তোলার জন্যই এমন রূপ দেওয়া হয়েছিল। গবেষণার প্রধান সমন্বয়ক ড. লরেন্ট ডেভিন এবং তাঁর সহগবেষকেরা মনে করছেন, এসব মূর্তি কেবল নিছক খেলনা বা সাজসজ্জার সামগ্রী ছিল না। দৈনন্দিন ব্যবহারের চেয়ে বিশেষ ঋতু বা আচার-অনুষ্ঠানে এগুলোর ব্যবহার বেশি হয়ে থাকতে পারে। এর মাধ্যমে প্রকৃতির আচরণ, ঋতু পরিবর্তন এবং প্রাণীজগতের জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া এবং গল্প বলার মতো সাংস্কৃতিক চর্চাও যুক্ত ছিল। প্রচলিত ধারণায় নতুন প্রশ্ন ঐতিহাসিকভাবে ধারণা করা হয়, মানুষ যখন যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসতি গড়ে এবং কৃষিকাজ শুরু করে (নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক পিরিয়ড), তখনই মাটির ভাস্কর্য ও শিল্পচর্চার বিস্তার ঘটে। কিন্তু নাট্যুফিয়ান জনগোষ্ঠী কৃষির প্রসারের হাজার হাজার বছর আগেই যে উন্নত মানের মাটির ভাস্কর্য তৈরি ও যৌথভাবে চর্চা করত, এই আবিষ্কার সেই ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। সূত্র: জেডএমই সায়েন্স।
৫০০ বছর আগের ইনকা ‘আইস মামি’দের শেষ মুহূর্তের অজানা রহস্য উন্মোচন
কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!

