- প্রচ্ছদ
- Topic
যুক্তরাষ্ট্রের চাকরি
যুক্তরাষ্ট্রে অক্টোবরে কৃষি খাতের বাইরে ১ লাখ ৬৫ হাজার চাকরি যোগ হয়েছে। বেকারত্বের হার দাঁড়িয়েছে ৪ দশমিক ১ শতাংশে। তবে চাকরি বাড়লেও কর্মীদের মজুরি বৃদ্ধির হার সর্বশেষ প্রকাশিত মূল্যস্ফীতির হারের নিচে রয়েছে। শুক্রবার, ৬ নভেম্বর প্রকাশিত সরকারি প্রতিবেদনে চাকরির বাজারের এই চিত্র উঠে এসেছে। ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকসের হিসাবে, অক্টোবরে বেসরকারি খাতে ঘণ্টাপ্রতি গড় আয় আগের মাসের তুলনায় ১৪ সেন্ট বেড়ে ৩৮ ডলার হয়েছে। মাসিক হিসাবে এই বৃদ্ধি শূন্য দশমিক ৪ শতাংশ। গত বছরের অক্টোবরের তুলনায় ঘণ্টাপ্রতি গড় মজুরি বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ। অন্যদিকে সর্বশেষ প্রকাশিত সেপ্টেম্বরের হিসাবে বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৩ দশমিক ৭ শতাংশ। ওই মাসে গ্যাসোলিনের দাম আগের মাসের তুলনায় ৯ দশমিক ১ শতাংশ বেড়েছে। সামগ্রিক মাসিক মূল্যস্ফীতি বৃদ্ধির অর্ধেকের বেশি এসেছে গ্যাসোলিনের দাম থেকে। অক্টোবরের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের কথা রয়েছে ১০ নভেম্বর। নতুন চাকরির বড় অংশ এসেছে পেশাগত ও ব্যবসায়িক সেবা খাতে। সেখানে অক্টোবরে ৭০ হাজার চাকরি যোগ হয়েছে। হেলথকেয়ার খাতে বেড়েছে ৪২ হাজার এবং পরিবহন ও ওয়্যারহাউসিং খাতে ২৫ হাজার চাকরি। ম্যানুফ্যাকচারিং খাতেও কর্মসংস্থান বেড়েছে ১৯ হাজার। অন্য বড় খাতগুলোতে কর্মসংস্থানের পরিবর্তন ছিল সামান্য। আগস্ট ও সেপ্টেম্বরের চাকরির হিসাবও সংশোধন করা হয়েছে। নতুন হিসাবে আগস্টে ১ লাখ ৮৬ হাজার এবং সেপ্টেম্বরে ৬০ হাজার চাকরি যোগ হয়েছে। দুই মাস মিলিয়ে আগের প্রকাশিত হিসাবের চেয়ে চাকরির সংখ্যা ৮৪ হাজার বেশি। অক্টোবরে চাকরি বৃদ্ধিও আগের ১২ মাসের মাসিক গড় ৪৮ হাজারের চেয়ে বেশি ছিল। তবে ফুলটাইম কাজ চেয়েও পার্টটাইম করতে বাধ্য হওয়া মানুষের সংখ্যা অক্টোবরে ৩ লাখ ৩৯ হাজার বেড়ে ৪৮ লাখ হয়েছে। কাজের সময় কমে যাওয়া অথবা ফুলটাইম চাকরি না পাওয়ায় তাঁরা পার্টটাইম কাজ করছেন। একই সময়ে মোট বেকার মানুষের সংখ্যা ছিল প্রায় ৭১ লাখ। সূত্র: যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস ও ডব্লিউটিএক্সএল।
যুক্তরাষ্ট্রে ২০২৬ সালে কাজের জন্য সেরা ১০ প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে কর্মক্ষেত্রবিষয়ক পর্যালোচনা প্রতিষ্ঠান গ্লাসডোর। তালিকার শীর্ষে জায়গা পেয়েছে ইন্ডিয়ানাভিত্তিক পারিবারিক মালিকানাধীন গাড়ি ধোয়ার প্রতিষ্ঠান ক্রু কারওয়াশ। দ্বিতীয় স্থানে রয়েছে ফাস্টফুড প্রতিষ্ঠান ইন-এন-আউট বার্গার এবং তৃতীয় স্থানে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া। গ্লাসডোরের ১৮তম বার্ষিক ‘বেস্ট প্লেসেস টু ওয়ার্ক’ প্রতিবেদনে কর্মীদের মতামতের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে। এতে বিভিন্ন খাতের মোট ১০০টি প্রতিষ্ঠান স্থান পেয়েছে। গ্লাসডোরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অন্তত এক হাজার কর্মী রয়েছে এমন প্রতিষ্ঠানগুলোর কর্মীদের দেওয়া পর্যালোচনা বিশ্লেষণ করে তালিকাটি তৈরি করা হয়। ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত জমা পড়া মতামত এতে বিবেচনায় নেওয়া হয়েছে। কর্মীদের কাছে তাঁদের সামগ্রিক কর্মসন্তুষ্টির পাশাপাশি বেতন ও সুযোগ-সুবিধা, পেশাগত উন্নতির সুযোগ, প্রতিষ্ঠানের সংস্কৃতি ও মূল্যবোধ, বৈচিত্র্য, অন্তর্ভুক্তি, জ্যেষ্ঠ ব্যবস্থাপনার ভূমিকা এবং কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য সম্পর্কে জানতে চাওয়া হয়। এসব বিষয়ে কর্মীদের অভিজ্ঞতার ভিত্তিতেই প্রতিষ্ঠানের অবস্থান নির্ধারণ করা হয়েছে। তালিকার প্রথম স্থানে থাকা ক্রু কারওয়াশ ২০২৪ সালের তালিকায় দ্বিতীয় হয়েছিল। কর্মীদের প্রতি ব্যবস্থাপনার সহযোগিতামূলক মনোভাব, পেশাগত উন্নতির সুযোগ এবং দলগত কাজের পরিবেশ প্রতিষ্ঠানটির ভালো অবস্থানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে গ্লাসডোর উল্লেখ করেছে। দ্বিতীয় স্থানে থাকা ইন-এন-আউট বার্গারের রেটিং ৫-এর মধ্যে ৪ দশমিক ৫। একই রেটিং পেয়েছে তৃতীয় স্থানে থাকা এনভিডিয়া, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটার চিপ প্রযুক্তির জন্য পরিচিত। তালিকার শীর্ষ তিনে প্রযুক্তি প্রতিষ্ঠানের পাশাপাশি গাড়ি ধোয়া ও খাদ্যসেবা খাতের প্রতিষ্ঠান থাকায় কর্মক্ষেত্রের মান যে শুধু প্রযুক্তি খাতের মধ্যেই সীমাবদ্ধ নয়, তা উঠে এসেছে। শীর্ষ ১০-এর চতুর্থ স্থানে রয়েছে অর্থ ও করসংক্রান্ত সেবা প্রতিষ্ঠান রায়ান, পঞ্চম স্থানে আবাসন ব্যবসার প্রতিষ্ঠান কেলার উইলিয়ামস এবং ষষ্ঠ স্থানে খাদ্য ও অন্যান্য পণ্য উৎপাদনকারী বহুজাতিক প্রতিষ্ঠান মার্স। সপ্তম স্থানে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান সার্ভিসনাউ, অষ্টম স্থানে ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান বেইন অ্যান্ড কোম্পানি, নবম স্থানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিউস্টন মেথডিস্ট এবং দশম স্থানে প্রযুক্তি ও প্রকৌশল সেবাদাতা প্রতিষ্ঠান ইপাম সিস্টেমস। তালিকার প্রথম ছয় প্রতিষ্ঠানের রেটিং ৪ দশমিক ৪ থেকে ৪ দশমিক ৬-এর মধ্যে। সার্ভিসনাউ, বেইন অ্যান্ড কোম্পানি, হিউস্টন মেথডিস্ট ও ইপাম সিস্টেমসের রেটিং ৫-এর মধ্যে ৪ দশমিক ৪। প্রতিবেদনে প্রযুক্তি খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা কমে আসার প্রবণতাও তুলে ধরা হয়েছে। ২০২৬ সালের সেরা ১০০ প্রতিষ্ঠানের মধ্যে প্রযুক্তি খাতের কোম্পানি রয়েছে ২৪টি। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ২৬, আর ২০২৪ সালে ছিল ৩১। গ্লাসডোরের প্রধান অর্থনীতিবিদ ড্যানিয়েল ঝাওয়ের মতে, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই এবং দক্ষতা ও উৎপাদনশীলতার ওপর বাড়তি গুরুত্ব দেওয়ার কারণে খাতটির কর্মক্ষেত্রের আকর্ষণ কিছুটা কমেছে। তবে প্রযুক্তি খাতে উচ্চ বেতন ও পেশাগত উন্নতির সুযোগ এখনো রয়েছে। অন্যদিকে, কর্মীরা কর্মক্ষেত্রে নমনীয়তাকে ক্রমেই বেশি গুরুত্ব দিচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে অফিসে ফিরে কাজ করার বাধ্যবাধকতা এবং নির্দিষ্ট কর্মঘণ্টা নিয়ে কঠোর নীতির কারণে কর্মীদের পছন্দে পরিবর্তন আসছে। এ বছরের তালিকায় খুচরা বিক্রয় খাতের ১০টি এবং উৎপাদন খাতের ৯টি প্রতিষ্ঠান রয়েছে। গ্লাসডোরের বিশ্লেষণ অনুযায়ী, কর্মীদের জন্য সহায়ক নেতৃত্ব, উন্নতির সুযোগ, ভালো কর্মপরিবেশ এবং কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য নিশ্চিত করতে পারা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন খাত থেকেই সেরা কর্মক্ষেত্রের স্বীকৃতি পাচ্ছে। সূত্র: সিএনবিসি ও গ্লাসডোর।
যুক্তরাষ্ট্রে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা খাতে চাকরির সুযোগ অনেক। সিটি পুলিশ ডিপার্টমেন্ট, শেরিফের অফিস, স্টেট ট্রুপার, ইউনিভার্সিটি পুলিশ, কারেকশন অফিসার থেকে শুরু করে ফেডারেল আইনশৃঙ্খলা সংস্থা এবং আর্মি, নেভি, এয়ার ফোর্স, মেরিন কর্পস ও কোস্ট গার্ড, প্রতিটি ক্ষেত্রেই রয়েছে আলাদা বেতন কাঠামো, অবসর সুবিধা ও অন্যান্য বেনিফিট। কোন চাকরিতে বেতন বেশি, আর কোনটিতে দীর্ঘমেয়াদে সুবিধা বেশি, সেটি নির্ভর করে সংস্থা, অঙ্গরাজ্য, পদ ও অভিজ্ঞতার ওপর। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর ২০২৫ সালের তথ্য অনুযায়ী, পুলিশ ও ডিটেকটিভ পেশায় মধ্যম বার্ষিক বেতন ছিল ৭৭ হাজার ৩১০ ডলার। পুলিশ ও শেরিফের পেট্রোল অফিসারদের মধ্যম বেতন ছিল ৭৬ হাজার ২১০ ডলার। ডিটেকটিভ ও ক্রিমিনাল ইনভেস্টিগেটরদের ক্ষেত্রে তা ছিল ৯৩ হাজার ৭৯০ ডলার। এই পেশায় পেইড ওভারটাইমও বেশ সাধারণ। সিটি পুলিশ অফিসারদের বেতন সংশ্লিষ্ট শহর ও পুলিশ ডিপার্টমেন্টের ওপর নির্ভর করে। বড় শহরে বেস বেতনের সঙ্গে ওভারটাইম, নাইট শিফট, হলিডে পে ও বিশেষ দায়িত্বের অর্থ যোগ হয়ে মোট আয় বাড়তে পারে। শেরিফের অফিসও পুলিশ ডিপার্টমেন্ট থেকে আলাদা। শেরিফ সাধারণত কাউন্টি পর্যায়ে কাজ করেন এবং তাঁর অধীনে ডেপুটি শেরিফরা পেট্রোলিং, তদন্ত, কোর্ট সিকিউরিটি ও জেল পরিচালনার মতো দায়িত্ব পালন করতে পারেন। এসব চাকরির পেনশন ও হেলথ ইন্স্যুরেন্সও কাউন্টি বা শহরভেদে আলাদা। স্টেট ট্রুপার বা স্টেট পুলিশ অঙ্গরাজ্য পর্যায়ে আইন প্রয়োগ করেন। হাইওয়ে প্যাট্রোল, ট্রাফিক এনফোর্সমেন্ট, দুর্ঘটনা তদন্তসহ বিভিন্ন দায়িত্ব তাদের রয়েছে। অন্যদিকে ইউনিভার্সিটি পুলিশ মূলত ক্যাম্পাস ও বিশ্ববিদ্যালয়-সম্পত্তির নিরাপত্তায় কাজ করে। কারেকশন অফিসারদের ২০২৫ সালের মধ্যম বার্ষিক বেতন ছিল ৫৮ হাজার ৯৪০ ডলার। ফেডারেল সরকারের অধীনে এই পেশায় মধ্যম বেতন ছিল ৭৪ হাজার ৬৩০ ডলার। ফেডারেল আইনশৃঙ্খলা চাকরিতে নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন কর্মকর্তাদের জন্য বিশেষ অবসর সুবিধা রয়েছে। প্রথম ২০ বছরের কভার্ড সার্ভিসে হাই-৩ গড় বেতনের প্রতি বছরের জন্য ১ দশমিক ৭ শতাংশ হারে অবসর সুবিধা হিসাব করা হয়। কিছু ফেডারেল ক্রিমিনাল ইনভেস্টিগেটর আবার যোগ্যতা পূরণ করলে বেসিক পের ২৫ শতাংশ পর্যন্ত অ্যাভেইলেবিলিটি পে পেতে পারেন। তবে এসব সুবিধা সব ফেডারেল কর্মীর জন্য প্রযোজ্য নয়। সামরিক বাহিনীর ক্ষেত্রে শুধু বেসিক পে দেখলে পুরো চিত্র বোঝা যায় না। আর্মি, নেভি, এয়ার ফোর্স, মেরিন কর্পস ও কোস্ট গার্ডের সদস্যদের বেসিক পের পাশাপাশি বিএএইচ বা হাউজিং অ্যালাউন্স এবং বিএএস বা খাবার ভাতা রয়েছে। এর সঙ্গে স্বাস্থ্যসেবা, অবসর সুবিধা এবং যোগ্য সদস্যদের জন্য পোস্ট-৯/১১ জিআই বিলের মাধ্যমে উচ্চশিক্ষার সুবিধাও রয়েছে। সামরিক বাহিনীর ব্লেন্ডেড রিটায়ারমেন্ট সিস্টেমে পেনশনের পাশাপাশি থ্রিফট সেভিংস প্ল্যানে সরকারি অবদান ও ম্যাচিং কনট্রিবিউশনের সুযোগ রয়েছে। যোগ্য ভেটেরান ও সার্ভিস মেম্বারদের জন্য জিআই বিলের মাধ্যমে কলেজের টিউশন, হাউজিং অ্যালাউন্স এবং বই-সরঞ্জামের সহায়তাও পাওয়া যেতে পারে। তাই যুক্তরাষ্ট্রে আইনশৃঙ্খলা বা সামরিক চাকরি বেছে নেওয়ার সময় শুধু বেতন নয়, ওভারটাইম, অ্যালাউন্স, হেলথ ইন্স্যুরেন্স, পেনশন, রিটায়ারমেন্ট সেভিংস, ছুটি এবং পরিবারের জন্য সুবিধাগুলোও হিসাব করতে হয়। পুলিশ ও শেরিফের চাকরিতে স্থানীয় পেনশন ও ওভারটাইম গুরুত্বপূর্ণ হতে পারে, ফেডারেল চাকরিতে বিশেষ অবসর ও অতিরিক্ত পে গুরুত্বপূর্ণ, আর সামরিক বাহিনীতে বেতন, হাউজিং ও খাবার ভাতা, স্বাস্থ্যসেবা, অবসর ও শিক্ষাসুবিধা মিলিয়ে পুরো প্যাকেজটি বিবেচনা করতে হয়।
ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় ফাস্টফুড চেইন ইন-এন-আউট বার্গারের স্টোর ব্যবস্থাপকদের গড় বার্ষিক আয় ২ লাখ ডলারের বেশি। কর্মীদের বেতন, সুযোগ-সুবিধা ও পেশাগত উন্নয়নে বিনিয়োগের অংশ হিসেবেই এমন পারিশ্রমিক দেওয়া হয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ইন-এন-আউট বার্গারের প্রধান পরিচালন কর্মকর্তা ডেনি ওয়ার্নিক ফক্স বিজনেসকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রতিষ্ঠানটির স্টোর ব্যবস্থাপকেরা বছরে গড়ে ২ লাখ ডলারের বেশি আয় করেন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হ্যারি ও এসথার স্নাইডারের কর্মী কল্যাণকেন্দ্রিক দর্শনের কথা উল্লেখ করে ওয়ার্নিক বলেন, কর্মীদের পরিবারের সদস্যের মতো দেখভাল করা এবং ভালো নিয়োগকর্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই ছিল তাদের অন্যতম লক্ষ্য। স্বাভাবিকের তুলনায় বেশি বেতন দেওয়া সেই দর্শনের গুরুত্বপূর্ণ অংশ ছিল। ইন-এন-আউটের দাবি, সেই নীতিই এখনো চালু রয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমান মালিক ও প্রেসিডেন্ট লিনসি স্নাইডারের নেতৃত্বে কর্মীদের প্রতিযোগিতামূলক বেতন, ভালো সুযোগ-সুবিধা, ইতিবাচক কর্মপরিবেশ এবং দক্ষতা ও পেশাগত উন্নয়নের সুযোগ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ওয়ার্নিক আরও জানান, ইন-এন-আউটের অনেক কর্মী কয়েক দশক ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করছেন। তাদের দীর্ঘ সময়ের কর্মজীবন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতাদের মূল্যবোধ ও কর্মসংস্কৃতি ধরে রাখতে ভূমিকা রাখছে। কর্মীদের জন্য ইন-এন-আউটের বিভিন্ন সুবিধার কথাও প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে উল্লেখ রয়েছে। এর মধ্যে রয়েছে বেতনসহ ছুটি, নমনীয় কর্মসূচি, পেশাগত উন্নয়নের সুযোগ এবং অবসরকালীন সঞ্চয় পরিকল্পনা। রেস্তোরাঁয় কাজ করা কর্মীদের জন্য প্রশিক্ষণ ও কর্মকালীন খাবারের সুবিধাও রয়েছে। ইন-এন-আউট মূলত যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলভিত্তিক একটি পারিবারিক মালিকানাধীন বার্গার চেইন। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে ক্যালিফোর্নিয়া, নেভাদা, অ্যারিজোনা, ইউটা, টেক্সাস, ওরেগন, কলোরাডো, আইডাহো, ওয়াশিংটন ও টেনেসি, মোট ১০টি অঙ্গরাজ্যে তাদের রেস্তোরাঁ রয়েছে। ৪০০টির বেশি শাখায় ৪৪ হাজারের বেশি কর্মী কাজ করছেন। প্রতিষ্ঠানটির স্টোর ব্যবস্থাপনা পদে সরাসরি নিয়োগের পরিবর্তে কর্মীদের ধাপে ধাপে ব্যবস্থাপনার দায়িত্বে উন্নীত করা হয়। ইন-এন-আউটের নিয়োগসংক্রান্ত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি সরাসরি স্টোর ব্যবস্থাপক পদে নিয়োগ দেয় না। সাম্প্রতিক সময়ে ইন-এন-আউট খাবারের উপকরণেও পরিবর্তন এনেছে। প্রতিষ্ঠানটি তাদের বার্গারের পাউরুটি থেকে তিলের আটা বাদ দিয়েছে এবং আয়োডিনযুক্ত লবণের প্যাকেটের পরিবর্তে সমুদ্রের লবণ ব্যবহারের সিদ্ধান্ত জানিয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, ক্রেতাদের আরও সতেজ ও উচ্চমানের খাবার দেওয়ার দীর্ঘমেয়াদি প্রচেষ্টার অংশ হিসেবেই এসব পরিবর্তন করা হয়েছে। ইন-এন-আউট ১৯৪৮ সালে হ্যারি ও এসথার স্নাইডার প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটি স্নাইডার পরিবারই পরিচালনা করছে এবং এর কোনো শাখা ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থায় পরিচালিত হয় না। সূত্র: ফক্স বিজনেস, ইন-এন-আউট বার্গার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।