সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যাজকদের যৌন কেলেঙ্কারির মাশুল গুনছে শিক্ষার্থীরা, বন্ধ হলো ১৩৮ বছরের ঐতিহ্যবাহী ক্যাথলিক স্কুল

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুন ৩০, ২০২৬ ১৩:৩৭
ক্যালিফোর্নিয়ার ১৩৮ বছরের পুরনো স্কুল I ছবি: নিউইয়র্ক পোস্ট
ক্যালিফোর্নিয়ার ১৩৮ বছরের পুরনো স্কুল I ছবি: নিউইয়র্ক পোস্ট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অর্থাভাবে হঠাৎ করেই বন্ধ হয়ে গেল ১৩৮ বছরের পুরনো ঐতিহ্যবাহী ক্যাথলিক শিক্ষাপ্রতিষ্ঠান 'সেন্ট ব্রিজিড একাডেমি'। সান ফ্রান্সিসকো আর্চডায়োসিস তাদের যাজকদের দ্বারা যৌন নিপীড়নের শিকার শত শত ভুক্তভোগীকে ক্ষতিপূরণ বাবদ প্রায় ৪০০ মিলিয়ন ডলার দেওয়ার চুক্তিতে সম্মত হয়েছে। ইতিহাসে অন্যতম বড় এই ক্ষতিপূরণ চুক্তির মাত্র কয়েক দিনের মাথায় স্কুলটি স্থায়ীভাবে বন্ধের ঘোষণা এলো।

 

১৮৮৮ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি সম্প্রতি কে-৮ (কিন্ডারগার্টেন থেকে অষ্টম গ্রেড) মাইক্রোস্কুলে রূপান্তরিত হয়েছিল। নিউরোডাইভারজেন্ট এবং মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত এই স্কুলটিতে প্রতি চারজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক বরাদ্দ ছিল। বার্ষিক ২০,৯৫০ ডলার বেতনের এই স্কুলটি বন্ধের খবরে হতবাক হয়ে পড়েছেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রীষ্মের শেষদিকে তাদের জমার টাকা ফেরত দেওয়া হবে। তবে নতুন শিক্ষাবর্ষ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে সন্তানদের জন্য সমমানের বিশেষায়িত স্কুল খুঁজে পাওয়া নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা।

 

আর্চডায়োসিসের ক্যাথলিক স্কুলগুলোর সুপারিনটেনডেন্ট ক্রিস ফিশার এক চিঠিতে অভিভাবকদের জানান, স্কুলের আর্থিক দিকগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার পর এবং সব ধরনের বিকল্প শেষ হয়ে যাওয়ায় স্কুলটি আর পরিচালনা করা সম্ভব হচ্ছে না। সান ফ্রান্সিসকো ক্রনিকলের প্রতিবেদন অনুযায়ী, স্কুল বন্ধের এই ঘোষণার ঠিক আগেই আর্চডায়োসিস প্রায় ৩৯৫ মিলিয়ন ডলারের একটি বিশাল ক্ষতিপূরণ চুক্তির কথা জানায়। এর মাধ্যমে যাজকদের হাতে শৈশবে যৌন হেনস্থার শিকার হওয়া প্রায় ৫৩০ জন ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

 

ক্যালিফোর্নিয়ার 'চাইল্ড ভিকটিমস অ্যাক্ট'-এর কারণে বহু দশকের পুরনো যৌন নিপীড়নের মামলা পুনরুজ্জীবিত করার সুযোগ তৈরি হয়। এর ফলে ২০২৩ সালের আগস্টে চ্যাপ্টার ১১-এর অধীনে দেউলিয়া সুরক্ষার আবেদন করেছিল আর্চডায়োসিস। বাদীপক্ষের আইনজীবীদের মতে, ক্যালিফোর্নিয়ায় সান ফ্রান্সিসকো আর্চডায়োসিসই একমাত্র ক্যাথলিক ডায়োসিস ছিল, যারা ২০২৩ সাল পর্যন্ত অভিযুক্ত যাজকদের তালিকা প্রকাশ করেনি। তবে নতুন এই চুক্তির শর্ত অনুযায়ী, ভবিষ্যতে এ ধরনের কোনো আপস-রফার ক্ষেত্রে গোপনীয়তার চুক্তি নিষিদ্ধ করা হয়েছে এবং অভিযুক্ত যাজকদের বিষয়ে বৃহত্তর স্বচ্ছতা নিশ্চিত করতে বলা হয়েছে।

 

যৌন নিপীড়নের মামলার আর্থিক চাপের কারণে ক্যাথলিক প্রতিষ্ঠানগুলোর এমন পরিণতি এটাই প্রথম নয়। সেন্ট ব্রিজিড একাডেমি বন্ধ হওয়ার কয়েক সপ্তাহ আগেই ওকল্যান্ডের রোমান ক্যাথলিক ডায়োসিসও তাদের নিজস্ব যাজকদের বিরুদ্ধে ওঠা শত শত শিশু যৌন নিপীড়নের মামলার কারণে সৃষ্ট আর্থিক সংকটের কথা উল্লেখ করে ১৩টি ইস্ট বে প্যারিশ বন্ধ করার ঘোষণা দিয়েছিল।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
বাড়িভাড়া সহায়তা পেতে পরিবারের সবার অভিবাসন-অবস্থা যাচাই বাধ্যতামূলক
বাড়িভাড়া সহায়তা পেতে পরিবারের সবার অভিবাসন-অবস্থা যাচাই বাধ্যতামূলক হচ্ছে ডিসেম্বর থেকে

যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের মানুষের জন্য সরকারি বাড়িভাড়া সহায়তা কর্মসূচিতে নতুন নিয়ম চালু করতে যাচ্ছে দেশটির আবাসন ও নগর উন্নয়ন বিভাগ (এইচইউডি)। আগামী ১৪ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই নিয়মে সরকারি আবাসন সহায়তা পাওয়া পরিবারের প্রত্যেক সদস্যের নাগরিকত্ব অথবা আইন অনুযায়ী যোগ্য অভিবাসন-অবস্থা যাচাই করতে হবে।   নতুন নিয়মটি পাবলিক হাউজিং, সেকশন ৮ ভাউচারসহ এইচইউডির আওতাভুক্ত কয়েকটি আবাসন সহায়তা কর্মসূচিতে প্রযোজ্য হবে। আগে কিছু ক্ষেত্রে পরিবারের সদস্যদের অভিবাসন-অবস্থা যাচাই না করেও সীমিত হারে সহায়তা পাওয়ার সুযোগ ছিল। নতুন নিয়মে সেই সুযোগ স্থায়ীভাবে চালু রাখার পরিবর্তে যাচাই শেষ না হওয়া পর্যন্ত সাময়িক সহায়তার ব্যবস্থা রাখা হয়েছে।   নিয়ম অনুযায়ী, পরিবারের শিশু ও প্রাপ্তবয়স্ক—সব সদস্যের নাগরিকত্ব অথবা যোগ্য অভিবাসন-অবস্থার প্রমাণ দিতে হবে। আগে যাঁরা নিজেদের অভিবাসন-অবস্থা জানাতে চাননি, তাঁদের জন্য থাকা ‘ডু নট কনটেন্ড’ বিকল্পটিও বাতিল করা হয়েছে।   তবে নতুন নিয়মের অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী সব অভিবাসী সরকারি বাড়িভাড়া সহায়তা পাওয়ার অযোগ্য হয়ে যাবেন। কোন অভিবাসন-অবস্থার ব্যক্তিরা যোগ্য, তা নির্ধারণের বিদ্যমান আইনি তালিকা পরিবর্তন করা হয়নি। মূল পরিবর্তন হচ্ছে, যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া আরও কঠোর করা।   আগে থেকেই সহায়তা পাওয়া মিশ্র অভিবাসন-অবস্থার পরিবারগুলোর জন্য আলাদা সময়সীমা রাখা হয়েছে। ১৪ ডিসেম্বরের মধ্যে যেসব পরিবারের সদস্যদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়নি, তাদের ৯০ দিনের মধ্যে প্রমাণ দিতে হবে। অন্য বিদ্যমান পরিবারগুলোর ক্ষেত্রে ১৪ ডিসেম্বরের পরবর্তী বার্ষিক বা অন্তর্বর্তী আয় ও পারিবারিক তথ্য যাচাইয়ের সময় কাগজপত্র জমা দিতে হবে।   কাগজপত্র সংগ্রহে সময় প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত অতিরিক্ত সময় দিতে পারবে। কোনো পরিবারের সদস্যের যোগ্যতা যাচাইয়ে সমস্যা হলে নির্দিষ্ট পরিস্থিতিতে সহায়তা বন্ধের আগে সাময়িক সময় দেওয়ার ব্যবস্থাও রয়েছে।   নতুন নিয়মের কারণে যেসব বাংলাদেশি পরিবার সেকশন ৮ বা সরকারি আবাসন সহায়তা পান, তাঁদের সংশ্লিষ্ট স্থানীয় আবাসন কর্তৃপক্ষের নোটিশ পড়া এবং পরিবারের প্রত্যেক সদস্যের প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখা জরুরি। বিশেষ করে যেসব পরিবারে মার্কিন নাগরিক সন্তান ও ভিন্ন অভিবাসন-অবস্থার অভিভাবক রয়েছেন, তাঁদের নিজেদের পরিবারের ক্ষেত্রে নিয়মটি কীভাবে প্রযোজ্য হবে, তা আবাসন কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেওয়া উচিত।   নিয়মটি ১২ নভেম্বর ২০২৬ তারিখে ফেডারেল রেজিস্টারে চূড়ান্তভাবে প্রকাশিত হয়েছে এবং কার্যকর হবে ১৪ ডিসেম্বর থেকে। সূত্র: যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগ 

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ১৩:৫৩
আশ্রয়প্রার্থীদের আবেদন বন্ধে ট্রাম্পের নীতি, এবার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

আশ্রয়প্রার্থীদের আবেদন বন্ধে ট্রাম্পের নীতি, এবার চূড়ান্ত সিদ্ধান্ত দেবে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

স্বাস্থ্যবিমা হারানোর ঝুঁকিতে থাকা লাখো মানুষকে সাময়িক স্বস্তি, সময় বাড়াল ট্রাম্প প্রশাসন

স্বাস্থ্যবিমা হারানোর ঝুঁকিতে থাকা লাখো মানুষকে সাময়িক স্বস্তি, সময় বাড়াল ট্রাম্প প্রশাসন

ট্রাম্পের অভিবাসন নীতিতে নতুন আলোচনা

ট্রাম্পের অভিবাসন নীতিতে নতুন আলোচনা, বৈধতার আশা দেখলেও অনিশ্চয়তায় বাংলাদেশিরা

বিপাকে পড়তে পারেন হাজারো বাংলাদেশি অভিবাসী
ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, বিপাকে পড়তে পারেন হাজারো বাংলাদেশি অভিবাসী

যুক্তরাষ্ট্রে কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট নবায়নের নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শ্রেণির অভিবাসীদের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট নবায়নের আবেদন জমা দিলেই আগের মতো স্বয়ংক্রিয়ভাবে কাজের অনুমতির মেয়াদ বাড়বে না। এতে দেশটিতে বসবাসরত অনেক অভিবাসীর চাকরি ও কর্মসংস্থান নিয়ে বাড়তি সতর্কতার প্রয়োজন দেখা দিয়েছে।   যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা ইউএসসিআইএসের ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালের ৩০ অক্টোবর থেকে এই পরিবর্তন কার্যকর হয়েছে। পরবর্তী সময়ে ২০২৬ সালে নিয়মটি চূড়ান্ত করা হয়েছে।   আগে নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন আবেদনকারীরা সময়মতো ওয়ার্ক পারমিট নবায়নের আবেদন করলে সর্বোচ্চ ৫৪০ দিন পর্যন্ত স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির সুবিধা পেতেন। কিন্তু নতুন নিয়মে ২০২৫ সালের ৩০ অক্টোবর বা তার পরে জমা দেওয়া অধিকাংশ যোগ্য নবায়ন আবেদনের ক্ষেত্রে এই স্বয়ংক্রিয় সুবিধা আর প্রযোজ্য হবে না।   কারা বেশি সমস্যায় পড়তে পারেন?   যেসব অভিবাসী যুক্তরাষ্ট্রে চাকরি করছেন এবং তাঁদের কাজের অনুমতি নবায়নের অপেক্ষায় রয়েছে, তাঁদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। বিশেষ করে যাঁদের বর্তমান ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি, তাঁদের আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া জরুরি।   ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলে এবং অন্য কোনো বৈধ কর্ম-অনুমতি না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রে কাজ চালিয়ে যেতে পারবেন না। ফলে নিয়োগকর্তার কাছে কর্ম-অনুমতির বৈধতা প্রমাণ করতে না পারলে চাকরিতে বিরতি তৈরি হতে পারে।   সব আবেদনকারীর জন্য কি একই নিয়ম?   কিছু ক্ষেত্রে আইনি বিধান বা অঙ্গরাজ্য নয়, বরং নির্দিষ্ট ফেডারেল সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে বিশেষ ছাড় থাকতে পারে। বিশেষ করে সাময়িক সুরক্ষার আওতায় থাকা কিছু আবেদনকারীর জন্য আলাদা নিয়ম প্রযোজ্য হতে পারে।   এ ছাড়া ২০২৫ সালের ৩০ অক্টোবরের আগে যোগ্যতা অনুযায়ী নবায়নের আবেদন জমা দেওয়া ব্যক্তিদের আগের স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির সুবিধা বহাল থাকতে পারে। তাঁদের ক্ষেত্রে সর্বোচ্চ ৫৪০ দিনের সুবিধা প্রযোজ্য হওয়ার সুযোগ রয়েছে।   প্রবাসী বাংলাদেশিদের এখন কী করা উচিত?   ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়নের আবেদন করার যোগ্যতা যাচাই করতে হবে। ইউএসসিআইএসের পরামর্শ অনুযায়ী, সাধারণত মেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ১৮০ দিন আগে নবায়নের আবেদন করা যায়।   আবেদন জমা দেওয়ার পর শুধু আবেদন গ্রহণের রসিদ হাতে থাকলেই কাজ চালিয়ে যাওয়ার অনুমতি পাওয়া যাবে, এমনটি ধরে নেওয়া যাবে না। নিজের পারমিটের শ্রেণি, মেয়াদ এবং প্রযোজ্য নিয়ম সম্পর্কে নিশ্চিত হতে হবে। অভিবাসন আইনজীবী অথবা অনুমোদিত অভিবাসন প্রতিনিধির পরামর্শ নেওয়াও গুরুত্বপূর্ণ।   যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ অনেক প্রবাসী পরিবার চাকরি ও আয়ের ওপর নির্ভর করে বাড়িভাড়া, পরিবারের খরচ, ঋণ এবং সন্তানদের পড়াশোনার ব্যয় পরিচালনা করেন। তাই ওয়ার্ক পারমিটের মেয়াদ ও নবায়নের নিয়ম সম্পর্কে আগে থেকেই সচেতন থাকা প্রয়োজন।   সূত্র: যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (USCIS), হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS), ফেডারেল রেজিস্টার।

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ১২:১৬
যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচলে ভয়াবহ বিপর্যয়ের জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হাজার হাজার ফ্লাইট বিপর্যয়, বাইডেন প্রশাসনকে দায়ী করলেন ট্রাম্প

৪০ বছর বয়সী আর্তুরো কালজাদা-বেসেরিল এবং ৪১ বছর বয়সী এরেন্দিরা আমোলেস

দুই বছর ধরে বিছানায় শিকলবন্দি সাবেক স্ত্রী, মেরামতকর্মীর কানে পৌঁছাল আর্তচিৎকার

গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের তিন প্রার্থীকে পরাজিত করে গভর্নর নির্বাচিত হয়েছেন ৩৭ বছর বয়সী জনাথন ক্রাইস-টমকিন্স। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ২৮ বছর পর ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়, গভর্নর হলেন জনাথন

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১২ বছর অ্যাসাইলাম শুনানির অপেক্ষার পর নিজ দেশে ফিরে গেছেন ভেনেজুয়েলার নাগরিক দিয়েগো ভেতেনকোর্ট। ছবি: সংগৃহীত
১২ বছরেও অ্যাসাইলাম শুনানি হয়নি, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্র ছাড়লেন ব্যবসায়ী

যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১২ বছর অ্যাসাইলাম শুনানির অপেক্ষায় থেকেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় শেষ পর্যন্ত নিজ দেশে ফিরে গেছেন ভেনেজুয়েলার নাগরিক দিয়েগো ভেতেনকোর্ট। ফ্লোরিডার মিয়ামিতে দীর্ঘদিন বসবাস করে একটি সফল ব্যবসা গড়ে তুলেছিলেন তিনি। কিন্তু ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে পরিবর্তন এবং অ্যাসাইলাম আবেদনকারীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে যুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্ত নেন। গত ২৭ অক্টোবর চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে সঙ্গে নিয়ে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ফিরে যান তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত মিয়ামি হেরাল্ডের প্রতিবেদনে তাঁর অভিজ্ঞতা উঠে এসেছে।    এল নুয়েভো হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১২ বছর আগে যুক্তরাষ্ট্রে অ্যাসাইলামের আবেদন করেছিলেন দিয়েগো। সেই আবেদন বিচারাধীন থাকা অবস্থায় তিনি মিয়ামি-ডেড কাউন্টিতে ব্যবসা প্রতিষ্ঠা করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণ এবং ডিজিটাল ক্লোনিং সেবা নিয়ে কাজ করত তাঁর প্রতিষ্ঠান। দিয়েগোর দাবি, ব্যবসা পরিচালনার মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে ২০ লাখ ডলারের বেশি কর পরিশোধ করেছেন। তবে কর দেওয়ার এই অঙ্ক স্বাধীনভাবে যাচাই করা যায়নি।   দিয়েগো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তাঁর ওয়ার্ক পারমিট ও সোশ্যাল সিকিউরিটি নম্বর ছিল। নিয়মিত কাজ ও ব্যবসা পরিচালনা করলেও দীর্ঘ ১২ বছরে অ্যাসাইলাম মামলার শুনানির জন্য তাঁকে কখনো আদালতে ডাকা হয়নি বলে দাবি করেছেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকতে থাকতে যুক্তরাষ্ট্রেই নিজের জীবন ও ভবিষ্যৎ গড়ে তুলেছিলেন। তবে ওয়ার্ক পারমিট ও সোশ্যাল সিকিউরিটি নম্বর থাকা মানেই স্থায়ী বৈধ ইমিগ্রেশন স্ট্যাটাস পাওয়া নয়।   পরিস্থিতি বদলে যায় চলতি বছরের সেপ্টেম্বরে। গত ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বোর্ড অব ইমিগ্রেশন আপিলস এক সিদ্ধান্তে জানায়, জানুয়ারিতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতি ও পরবর্তী রাজনৈতিক পরিবর্তন দেশটির পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হবে। ফলে ভেনেজুয়েলার অ্যাসাইলাম আবেদনকারীদের এখনকার পরিস্থিতিতে নিজ দেশে ফিরে গেলে নির্যাতনের আশঙ্কা কতটা রয়েছে, তা নতুন করে মূল্যায়নের প্রয়োজন হতে পারে। তবে এই সিদ্ধান্তে সব ভেনেজুয়েলানের অ্যাসাইলাম আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার নির্দেশ দেওয়া হয়নি।   মিয়ামি হেরাল্ডকে দিয়েগো জানান, দীর্ঘদিনের বিচারাধীন আবেদন নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হওয়ায় তিনি যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর আশঙ্কা ছিল, ভবিষ্যতে জোরপূর্বক ডিপোর্টেশনের মুখে পড়তে হতে পারে। নিজের পাসপোর্ট না থাকায় ভেনেজুয়েলার কর্তৃপক্ষের দেওয়া বিশেষ ভ্রমণ নথি ব্যবহার করে স্ত্রীকে নিয়ে দেশে ফেরেন তিনি। দিয়েগোর মতে, নিজ দেশে নতুনভাবে জীবন শুরু করার মতো আর্থিক সামর্থ্য তাঁর রয়েছে। তবে একই পরিস্থিতিতে থাকা অনেক অভিবাসীর সেই সুযোগ নেই।   এদিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভেনেজুয়েলার নাগরিকদের জন্য টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস এবং অন্যান্য অভিবাসন সুবিধার পরিবর্তন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এসব পরিবর্তন ও অ্যাসাইলাম মামলার দীর্ঘসূত্রতায় অনেক পরিবার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তবে প্রতিটি আবেদনকারীর আইনি অবস্থা, যুক্তরাষ্ট্রে প্রবেশের ধরন এবং পূর্ববর্তী আদালতের সিদ্ধান্ত আলাদা হওয়ায় সবার ক্ষেত্রে একই নিয়ম বা পরিণতি প্রযোজ্য নয়। দিয়েগোর ঘটনা দীর্ঘদিন বিচারাধীন অ্যাসাইলাম আবেদন নিয়ে অভিবাসীদের বাস্তব সংকটকে নতুন করে সামনে এনেছে।   সূত্র: মিয়ামি হেরাল্ড

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ১০:২৮
মহাকাশ প্রযুক্তিতে নতুন সাফল্য অর্জন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণ টাওয়ারে অবতরণ, ইতিহাস গড়লো স্পেসএক্স

যুক্তরাষ্ট্রে ধনীদের ওপর আরোপিত করের ৩১.২ মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে শিশুদের ডে-কেয়ারে

যুক্তরাষ্ট্রে ধনীদের ওপর আরোপিত করের ৩১.২ মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে শিশুদের ডে-কেয়ারে

অন্যের ডেবিট কার্ড চুরি করে পানির বিল পরিশোধ, নর্থ ক্যারোলিনায় গ্রেফতার নারী

অন্যের ডেবিট কার্ড চুরি করে পানির বিল পরিশোধ, নর্থ ক্যারোলিনায় গ্রেফতার দুই নারী

0 Comments