সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ভেটেরানস অ্যাফেয়ার্স দুই হাজারের বেশি কর্মী নেবে, বার্ষিক বেতন সর্বোচ্চ ৮২ হাজার ডলার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: নভেম্বর ৭, ২০২৬ ৯:৪৪
ভেটেরানস অ্যাফেয়ার্স দুই হাজারের বেশি কর্মী নেবে, বার্ষিক বেতন সর্বোচ্চ ৮২ হাজার ডলার
ভেটেরানস অ্যাফেয়ার্স দুই হাজারের বেশি কর্মী নেবে, বার্ষিক বেতন সর্বোচ্চ ৮২ হাজার ডলার

ভেটেরানদের সুবিধার আবেদন নিষ্পত্তিতে দুই হাজারের বেশি কর্মী নেবে ভিএ  নিউইয়র্ক সিটি, নিউ জার্সির নিউয়ার্ক ও মিশিগানের ডেট্রয়েটসহ বিভিন্ন শহরে আবেদন নেওয়া হচ্ছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে কর্মস্থলভেদে বার্ষিক বেতন ৫০ হাজার ৪৬০ থেকে ৮২ হাজার ৭ ডলার।

 

যুক্তরাষ্ট্রের সাবেক সামরিক সদস্যদের ক্ষতিপূরণ, পেনশন ও অন্যান্য সুবিধার আবেদন বাড়তে থাকায় ২০২৭ অর্থবছরে দুই হাজারের বেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে ডিপার্টমেন্ট অব ভেটেরানস অ্যাফেয়ার্স (ভিএ)। গত ২৯ অক্টোবর সংস্থাটি এ পরিকল্পনা জানায়। এর আওতায় ইউএসএজবসে ‘ভেটেরানস সার্ভিস রিপ্রেজেন্টেটিভ’ পদের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তির মাধ্যমে যোগ্য প্রার্থীদের তালিকা তৈরি করে শূন্য পদ অনুযায়ী স্থায়ী ও পূর্ণকালীন কর্মী নিয়োগ দেওয়া হবে।

 

বিজ্ঞপ্তিতে নিউইয়র্ক সিটি ও বাফেলো, নিউ জার্সির নিউয়ার্ক, মিশিগানের ডেট্রয়েট, পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া ও পিটসবার্গ এবং টেক্সাসের হিউস্টন, সান অ্যান্টোনিও ও ওয়াকোসহ বিভিন্ন কর্মস্থলের নাম রয়েছে। ফেডারেল বেতন কাঠামোয় পদটি জিএস-৭ গ্রেডের। নিয়োগপ্রাপ্তরা সাবেক সামরিক সদস্যদের সুবিধা পাওয়ার যোগ্যতা সম্পর্কে জানাবেন, আবেদন যাচাইয়ের জন্য প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন এবং সামরিক সেবাসংশ্লিষ্ট অক্ষমতার জন্য করা ক্ষতিপূরণের আবেদনে প্রযোজ্য আইন ও বিধি অনুসরণ করবেন।

 

এ পদে আবেদন করতে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। আইন, বিধি বা প্রক্রিয়া প্রয়োগ করে নথি ও প্রমাণ বিশ্লেষণের মতো কাজে অন্তত এক বছরের নির্ধারিত মানের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতেও আবেদনের সুযোগ আছে। সে ক্ষেত্রে স্নাতকোত্তর পর্যায়ে এক বছরের পড়াশোনা বা স্নাতক পর্যায়ে বিজ্ঞপ্তিতে নির্ধারিত ভালো ফলের মানদণ্ড পূরণ করতে হবে। প্রাসঙ্গিক অভিজ্ঞতা ও পড়াশোনা মিলিয়েও যোগ্যতার শর্ত পূরণ করা যাবে।

 

আগ্রহীরা ইউএসএজবসে পদের নাম বা নিয়োগ বিজ্ঞপ্তির শনাক্তকরণ নম্বর ১৩০৯১২৬৩ দিয়ে খুঁজে আবেদন করতে পারবেন। প্রথম দফায় বিবেচনার জন্য আবেদন জমার তারিখ ৯ নভেম্বর, দ্বিতীয় দফায় ৩০ নভেম্বর। চূড়ান্ত সময়সীমা যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় ২১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। অনলাইন আবেদনপত্রের সঙ্গে সর্বোচ্চ দুই পৃষ্ঠার জীবনবৃত্তান্ত দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আবেদন করলে একাডেমিক ট্রান্সক্রিপ্টও জমা দিতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন মূল্যায়নের নির্দেশনা আবেদন জমা দেওয়ার পর জানানো হবে।

 

ভিএর হিসাবে, ২০২৬ অর্থবছরে সংস্থাটি ক্ষতিপূরণ ও পেনশনের রেকর্ড ৩১ লাখ আবেদন নিষ্পত্তি করেছে। একই অর্থবছরে নতুন আবেদন জমা পড়েছে ৩১ লাখ ৫০ হাজারের বেশি, যা ২০২২ অর্থবছরের তুলনায় ৮০ শতাংশ বেশি। বর্তমানে এ ধরনের আবেদন নিষ্পত্তির কাজে ১৩ হাজারের বেশি কর্মী রয়েছেন। সংস্থার হিসাবে, ২০২৬ অর্থবছরে জমা পড়া আবেদনের ৬০ দশমিক ১ শতাংশ অনুমোদন পেয়েছে। আবেদন নিষ্পত্তিতে নির্ভুলতার হার ছিল ৯৩ দশমিক ৮৮ শতাংশ, যা তিন বছরের মধ্যে সর্বোচ্চ।

 

সামরিক চাকরি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন, এমন সদস্যদের জন্য ভিএর ‘ওয়ারিয়র ট্রেনিং অ্যাডভান্সমেন্ট কোর্স’ রয়েছে। সক্রিয় দায়িত্বে থাকতেই তাঁরা এই প্রশিক্ষণ শেষ করতে পারেন। ভিএ জানিয়েছে, প্রশিক্ষণ শেষ করলে সংস্থার ৫৬টি আঞ্চলিক সুবিধা কার্যালয়ের কোনো একটিতে চাকরির সুযোগ তৈরি হতে পারে। ভিএ সেক্রেটারি ডাগ কলিন্সের ভাষ্য, নতুন কর্মী নিয়োগের মাধ্যমে আবেদন নিষ্পত্তির গতি ও নির্ভুলতায় সাম্প্রতিক উন্নতি ধরে রাখতে চায় সংস্থাটি। 


 

সংবাদসূত্র

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ভেটেরানস অ্যাফেয়ার্স, ইউএসএজবস, ফক্স ২ ডেট্রয়েট।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
নিউইয়র্ক বাফেলোতে প্রথমবার বাড়ি কিনলে ১৫ হাজার ডলার পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ
নিউইয়র্ক বাফেলোতে প্রথমবার বাড়ি কিনলে ১৫ হাজার ডলার পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে প্রথমবার বাড়ি কিনতে আগ্রহীদের জন্য রয়েছে সর্বোচ্চ ১৫ হাজার ডলারের আর্থিক সহায়তার সুযোগ। সিটি অব বাফেলোর ডাউন পেমেন্ট অ্যান্ড ক্লোজিং কস্ট অ্যাসিস্ট্যান্স কর্মসূচির আওতায় যোগ্য ক্রেতারা বাড়ি কেনার প্রাথমিক খরচ মেটাতে এই সুবিধা পেতে পারেন। বিশেষ করে যেসব পরিবার নিয়মিত বাড়িভাড়া দিচ্ছেন, কিন্তু একসঙ্গে ডাউন পেমেন্ট ও ক্লোজিং কস্টের অর্থ জোগাড় করতে পারছেন না, তাঁদের জন্য এই কর্মসূচি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে।   বাফেলো সিটির সহযোগিতায় পরিচালিত এই কর্মসূচির তথ্য প্রকাশ করেছে বেলমন্ট হাউজিং রিসোর্সেস ফর ওয়েস্টার্ন নিউইয়র্ক। সংস্থাটির তথ্য অনুযায়ী, যোগ্য প্রথমবারের ক্রেতারা সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত সহায়তা পেতে পারেন। অর্থটি বাড়ির ডাউন পেমেন্ট ও ক্লোজিং কস্ট মেটাতে ব্যবহার করা যাবে। তবে এটি সরাসরি নগদ অনুদান নয়। কোনো সুদ ছাড়া শর্তসাপেক্ষে এই ঋণ সহায়তা দেওয়া হয়। নির্ধারিত পাঁচ বছর বাড়িটিকে প্রধান বাসস্থান হিসেবে ব্যবহার এবং অন্যান্য শর্ত পূরণ করলে ঋণ মওকুফ হতে পারে।   এ বিষয়ে আমেরিকা বাংলার সঙ্গে কথা হয় নিউইয়র্কের বাফেলোভিত্তিক লাইসেন্সপ্রাপ্ত রিয়েল এস্টেট সেলসপারসন মোহাম্মদ নাজমুল হোসেনের। তিনি নাজমুল রিয়েল এস্টেট টিম এবং হান্ট রিয়েল এস্টেট ইআরএর সঙ্গে যুক্ত। নাজমুল হোসেন আমেরিকা বাংলাকে জানান, প্রথমবার বাড়ি কেনার ক্ষেত্রে এই ১৫ হাজার ডলারের সহায়তার সুযোগ বাস্তবেই রয়েছে এবং তাঁর অনেক ক্লায়েন্ট ইতোমধ্যে এই সুবিধা পেয়েছেন বলে তিনি দাবি করেন।   নাজমুল হোসেন বলেন, নিউইয়র্কে বসবাসরত যাঁরা বাফেলো শহরে প্রথমবার বাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাঁরা চাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন। কর্মসূচিটির মাধ্যমে কীভাবে সর্বোচ্চ ১৫ হাজার ডলারের সহায়তা পাওয়া সম্ভব, কারা আবেদন করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়ায় কী কী ধাপ রয়েছে, সেসব বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারবেন। যোগ্য ক্রেতাদের সংশ্লিষ্ট হাউজিং কাউন্সেলিং সংস্থার মাধ্যমে আবেদন প্রক্রিয়া বুঝতেও সহযোগিতা করতে পারবেন বলে জানান তিনি।   তবে এই সহায়তা পাওয়ার জন্য নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। আবেদনকারীকে প্রথমবারের বাড়ি ক্রেতা হতে হবে এবং পরিবারের বার্ষিক আয় কর্মসূচির নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। পাশাপাশি মর্টগেজ পাওয়ার যোগ্যতা, অনুমোদিত হোমবায়ার এডুকেশন কোর্স সম্পন্ন করা এবং বাফেলো সিটির নির্ধারিত সীমানার মধ্যে যোগ্য বাড়ি কেনার শর্তও রয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যে বসবাস করলেই এই কর্মসূচির আওতায় যেকোনো এলাকায় বাড়ি কেনার জন্য সহায়তা পাওয়া যাবে না।   এদিকে বাফেলোর হাউজিং মার্কেটেও ক্রেতাদের জন্য কিছু সুযোগ তৈরি হয়েছে। রিয়েল এস্টেট প্লাটফর্ম রিয়েল্টর ডট কমের অক্টোবর ২০২৬ সালের তথ্য অনুযায়ী, শহরে বিক্রির জন্য তালিকাভুক্ত বাড়ির মধ্যম মূল্য ছিল প্রায় ২ লাখ ২২ হাজার ৫০০ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২ দশমিক ৩৭ শতাংশ কম।   একই সময়ে শহরে মধ্যম মাসিক ভাড়া ছিল প্রায় ১ হাজার ৬০০ ডলার। বাজারে বিক্রির জন্য বাড়ির সরবরাহ বাড়লেও সব এলাকায় দাম কমেনি। ফলে বাড়ি কেনার আগে এলাকার বাজারদর ও সম্পত্তির অবস্থা যাচাই করা গুরুত্বপূর্ণ।   অন্যদিকে উচ্চ মর্টগেজ ইন্টারেস্ট রেটের কারণে বাড়ি কেনার মাসিক খরচও বিবেচনা করতে হচ্ছে। ফ্রেডি ম্যাকের ৫ নভেম্বর ২০২৬ সালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৩০ বছরের ফিক্সড মর্টগেজের গড় ইন্টারেস্ট রেট ছিল ৭ দশমিক ১৮ শতাংশ।   এই হারে দুই লাখ ডলারের বাড়িতে ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিলে শুধু ঋণের মূল ও সুদের মাসিক কিস্তি প্রায় ১ হাজার ৮৪ ডলার হতে পারে। এর বাইরে প্রপার্টি ট্যাক্স, ইনস্যুরেন্স এবং বাড়ির রক্ষণাবেক্ষণের খরচ রয়েছে। অন্যদিকে সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে ডাউন পেমেন্টের প্রাথমিক চাপ কিছুটা কমতে পারে।   বাফেলোতে প্রথমবার বাড়ি কিনতে আগ্রহীরা সহায়তা কর্মসূচির যোগ্যতা ও তহবিলের বর্তমান অবস্থা জানতে বেলমন্ট হাউজিং রিসোর্সেস ফর ওয়েস্টার্ন নিউইয়র্কের ৭১৬-৮৮৪-৭৭৯১ নম্বরে যোগাযোগ করতে পারেন।   এছাড়া বাড়ি কেনার পরিকল্পনা ও সহায়তার আবেদন প্রক্রিয়া সম্পর্কে দিকনির্দেশনা নিতে রিয়েল এস্টেট সেলসপারসন মোহাম্মদ নাজমুল হোসেনের ৩৪৭-৯৬৮-৪২৩১ নম্বরে যোগাযোগ করা যাবে। তবে কর্মসূচির সহায়তা অনুমোদন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ; কোনো রিয়েলটরের সঙ্গে যোগাযোগ করলেই অর্থ পাওয়া নিশ্চিত নয়।   সংবাদসূত্র: বেলমন্ট হাউজিং রিসোর্সেস ফর ওয়েস্টার্ন নিউইয়র্ক, হার্ট অব দ্য সিটি নেইবারহুডস, রিয়েল্টর ডট কম, ফ্রেডি ম্যাক, মোহাম্মদ নাজমুল হোসেনের আমেরিকা বাংলাকে দেওয়া বক্তব্য।

প্রকাশ: নভেম্বর ৭, ২০২৬ ১২:৩১
জেফ বেজোসের চুল প্রতিস্থাপনের ছবি ভাইরাল

জেফ বেজোসের চুল প্রতিস্থাপনের ছবি ভাইরাল, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য

যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে মেডিকেয়ারের ওষুধের খরচ ৫০ শতাংশ বাড়ছে, বিপাকে লাখো মানুষ

যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে মেডিকেয়ারের ওষুধের খরচ ৫০ শতাংশ বাড়ছে, বিপাকে লাখো মানুষ

ক্যালিফোর্নিয়ায় ৫৪৮ মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফের উদ্যোগ নিউসমের

ক্যালিফোর্নিয়ায় ৫৪৮ মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফের উদ্যোগ নিউসমের

নিউইয়র্কে মামলা করার ভয় দেখিয়ে ডেন্টিস্টের ১৫ হাজার ডলার হাতিয়ে গ্রেপ্তার নারী
নিউইয়র্কে মামলা করার ভয় দেখিয়ে ডেন্টিস্টের ১৫ হাজার ডলার হাতিয়ে গ্রেপ্তার নারী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভুল চিকিৎসার ভুয়া অভিযোগ তুলে এক ডেন্টিস্টের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে কায়লা এম. ফিলিপস (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিউ হার্টফোর্ড পুলিশ ডিপার্টমেন্টের এক তদন্তের পর গত ৩ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়।   ডেন্টিস্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বা মামলার হুমকি দিয়ে ওই নারী ৪০ হাজার ডলার দাবি করেছিলেন এবং ইতিমধ্যে ১৫ হাজার ডলারের বেশি হাতিয়ে নিয়েছিলেন। তার বিরুদ্ধে থার্ড-ডিগ্রি গ্র্যান্ড লার্সেনি বা বড় ধরনের চুরির অভিযোগ আনা হয়েছে, যা নিউইয়র্কের আইনে একটি 'ক্লাস ডি' ফেলোনি বা গুরুতর অপরাধ।   প্রতারণার শুরুটা হয়েছিল কয়েকটি টেক্সট মেসেজের মাধ্যমে। ওই নারী নিজেকে একজন পুরোনো রোগী হিসেবে দাবি করে জানান যে, তিনি তার আগের দাঁতের চিকিৎসায় মোটেও সন্তুষ্ট নন। তিনি ডেন্টিস্টকে মামলার হুমকি দেন, তবে ৪০ হাজার ডলার দিলে আদালতের বাইরে বিষয়টি মীমাংসা করার প্রস্তাব দেন।   পেশাগত সুনামের ক্ষতির আশঙ্কায় ওই ডেন্টিস্ট তার দাবি সত্যি ভেবে 'ক্যাশ অ্যাপ'-এর (Cash App) মাধ্যমে প্রায় ৭ হাজার ডলার ট্রান্সফার করেন এবং পরে নিউ হার্টফোর্ডে সরাসরি দেখা করে আরও ৫ হাজার ডলার নগদ অর্থ বুঝিয়ে দেন। চূড়ান্ত সাক্ষাতে ফিলিপসকে গ্রেপ্তারের আগে পর্যন্ত ওই ডেন্টিস্ট ধাপে ধাপে প্রায় ১২ হাজার ডলার পরিশোধ করেছিলেন।   তবে একটা পর্যায়ে ওই ডেন্টিস্ট তার পরিবারের সদস্যদের কাছে পুরো বিষয়টি খুলে বলেন। ঘটনাটি প্রতারণা হতে পারে বলে পরিবারের লোকজনের সন্দেহ হয় এবং তাদের পরামর্শে তিনি নিউ হার্টফোর্ড পুলিশের দ্বারস্থ হন। ততদিনে সেনেকা টার্নপাইকের বীকন ব্যাংকের (Beacon Bank) বাইরে অর্থ হস্তান্তরের জন্য প্রতারকের সাথে আরেকটি সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছিল।   ৩ নভেম্বর দুপুর ২টার দিকে ফিলিপস যখন অতিরিক্ত অর্থ নিতে আসেন, তখন নিউ হার্টফোর্ড পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা সেখানে আগে থেকেই সাদা পোশাকে অবস্থান নিয়েছিলেন।   তদন্তকারীদের তথ্যমতে, ফিলিপস ওই ডেন্টিস্টের কাছ থেকে নগদ আরও কয়েক হাজার ডলার বুঝে নেওয়ার ঠিক পরপরই পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, এই প্রতারণার ফাঁদে পড়ে ডেন্টিস্ট মোট ১৫ হাজার ডলারেরও বেশি অর্থ খুইয়েছেন। গ্রেপ্তারের পর ওই নারীকে একটি 'অ্যাপিয়ারেন্স টিকিট' বা পরবর্তীতে আদালতে হাজিরার নোটিশ দিয়ে আপাতত মুক্তি দেওয়া হয়েছে।   এ ধরনের প্রতারণা বা হয়রানিমূলক পরিস্থিতি এড়াতে বিশেষজ্ঞদের পরামর্শ হলো, অতীত সেবার বিষয়ে অনাকাঙ্ক্ষিত কোনো অভিযোগ বা ক্ষতিপূরণ দাবির মেসেজ পেলে প্রথমেই রোগীর নাম-পরিচয় ও চিকিৎসার রেকর্ড যাচাই করা উচিত। যেকোনো অর্থ পরিশোধের আগে আইনি পরামর্শ নেওয়া এবং মেসেজ ও লেনদেনের প্রমাণগুলো সংরক্ষণ করা জরুরি।   যদি ইতিমধ্যে পেমেন্ট অ্যাপের মাধ্যমে টাকা পাঠিয়ে দেওয়া হয়, তবে দ্রুত সংশ্লিষ্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে ট্রানজেকশন বাতিলের আবেদন করা উচিত। এছাড়া ফেডারেল ট্রেড কমিশন (FTC)-এর ওয়েবসাইটে গিয়ে আনুষ্ঠানিক জালিয়াতির রিপোর্ট করে রাখা যেতে পারে।

প্রকাশ: নভেম্বর ৭, ২০২৬ ৯:৫৯
ভেটেরানস অ্যাফেয়ার্স দুই হাজারের বেশি কর্মী নেবে, বার্ষিক বেতন সর্বোচ্চ ৮২ হাজার ডলার

ভেটেরানস অ্যাফেয়ার্স দুই হাজারের বেশি কর্মী নেবে, বার্ষিক বেতন সর্বোচ্চ ৮২ হাজার ডলার

নিউইয়র্কে অভিবাসীদের ধরতে আইসিই’র সাঁড়াশি অভিযান, তোপের মুখে মেয়র মামদানি

নিউইয়র্কে অভিবাসীদের ধরতে আইসিই’র সাঁড়াশি অভিযান, তোপের মুখে মেয়র মামদানি

১৫ বছর আগের কলেজের বকেয়া টিউশন ফি ২৮ হাজার ডলার, বিপাকে ম্যাসাচুসেটসের নারী

১৫ বছর আগের কলেজের বকেয়া টিউশন ফি ২৮ হাজার ডলার, বিপাকে ম্যাসাচুসেটসের নারী

টেক্সাসে তেল-গ্যাস কোম্পানিসহ চার স্থানে এফবিআইয়ের অভিযান, প্রতারণার অভিযোগ
টেক্সাসে তেল-গ্যাস কোম্পানিসহ চার স্থানে এফবিআইয়ের অভিযান, প্রতারণার অভিযোগ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মিডলোথিয়ান শহরে একটি তেল ও গ্যাস উন্নয়ন প্রতিষ্ঠানসহ চারটি স্থানে অভিযান চালিয়েছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। শুক্রবার (৬ নভেম্বর) পরিচালিত অভিযানে তিনটি আবাসিক ভবন ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। অভিযানের আওতায় থাকা ওয়েস্ট টেক্সাস ক্রুড এনার্জি নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিনিয়োগকারীদের দায়ের করা একাধিক প্রতারণার মামলা রয়েছে। তবে অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে এফবিআই।   মার্কিন সংবাদমাধ্যম ফক্স ৪ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এলিস কাউন্টির মিডলোথিয়ান শহরের চারটি ঠিকানায় অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে উইস্টেরিয়া এলাকার ৪০০০ ব্লক, সাউথ নাইনথ স্ট্রিটের ৫০০ ব্লক, ঈগলস নেস্টের ২৯০০ ব্লক এবং স্প্রিঙ্গার রোডের ২৫০০ ব্লক রয়েছে। মিডলোথিয়ান পুলিশ বিভাগের গোয়েন্দারা এফবিআইয়ের তদন্তে সহযোগিতা করছেন। অভিযানের সময় বিভিন্ন বাড়িতে ফেডারেল এজেন্টদের উপস্থিতি দেখা যায়। সংবাদমাধ্যমটির হেলিকপ্টার থেকে ধারণ করা ফুটেজেও স্প্রিঙ্গার রোডের একটি বাড়িতে তদন্তকারীদের তৎপরতা দেখা গেছে।   তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সাউথ নাইনথ স্ট্রিটে অবস্থিত প্রতিষ্ঠানটির নাম ওয়েস্ট টেক্সাস ক্রুড এনার্জি এলএলসি। কোম্পানিটি নিজেদের তেল ও গ্যাস উন্নয়ন ব্যবসার সঙ্গে যুক্ত বলে পরিচয় দেয়। তাদের ওয়েবসাইটে বিনিয়োগকারীদের জন্য আলাদা অনলাইন পোর্টালও রয়েছে। তবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একাধিক বিনিয়োগকারী প্রতারণার অভিযোগে মামলা করেছেন। মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, বিনিয়োগকারীদের সামনে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছিল।   প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় দাবি করা হয়েছে, টেক্সাস রেলরোড কমিশনের রেকর্ড অনুযায়ী ওয়েস্ট টেক্সাস ক্রুড এনার্জি পরিচালিত কোনো তেল বা গ্যাস কূপে সক্রিয় উৎপাদনের তথ্য নেই। বিনিয়োগকারীদের অভিযোগ, প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রম সম্পর্কে তাঁদের দেওয়া তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল পাওয়া যায়নি। তবে এসব অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে বিনিয়োগকারীদের দায়ের করা মামলাগুলোর সঙ্গে এফবিআইয়ের চলমান তদন্তের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা কর্তৃপক্ষ প্রকাশ করেনি।   এদিকে অভিযানের সময় একটি স্থানে যুক্তরাষ্ট্রের ইন্টারনাল রেভিনিউ সার্ভিসের (আইআরএস) তদন্ত কর্মকর্তাদেরও উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছে ফক্স ৪ নিউজ। তবে আইআরএস কর্মকর্তারা ঠিক কোন বিষয়ে তদন্ত করছেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। স্প্রিঙ্গার রোডের বাসিন্দা কেভিন পারডু সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, নিজের এলাকায় এত বড় পরিসরে ফেডারেল অভিযান দেখে তিনি বিস্মিত হয়েছেন। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ক্রুড এনার্জির বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটির কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।   মিডলোথিয়ান পুলিশ বিভাগ জানিয়েছে, অভিযানের কারণে স্থানীয় বাসিন্দাদের জন্য কোনো তাৎক্ষণিক নিরাপত্তাঝুঁকি নেই। তদন্ত চলাকালে জনসাধারণের ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ। এফবিআই জানিয়েছে, শুক্রবারের অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে তদন্তের উদ্দেশ্য, কী ধরনের তথ্য বা নথি সংগ্রহ করা হয়েছে এবং পরবর্তী সময়ে কোনো ফৌজদারি অভিযোগ আনা হবে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি। ফলে বিনিয়োগকারীদের প্রতারণার অভিযোগ এবং ফেডারেল অভিযানের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আরও তথ্যের অপেক্ষা রয়েছে।   সংবাদসূত্র :ফক্স ৪ নিউজ

প্রকাশ: নভেম্বর ৭, ২০২৬ ৮:৫৫
ফ্লোরিডায় 'সন্ত্রাসী' তকমার জেরে কার্যক্রম স্থগিত করল যুক্তরাষ্ট্রের বৃহৎ মুসলিম অধিকার গোষ্ঠী

ফ্লোরিডায় 'সন্ত্রাসী' তকমার জেরে কার্যক্রম স্থগিত করল যুক্তরাষ্ট্রের বৃহৎ মুসলিম অধিকার গোষ্ঠী

মুসলিম শিক্ষার্থীদের দাবির মুখে ঈদুল আজহার ছুটি বহাল রাখল যুক্তরাষ্ট্রের স্কুল বোর্ড

মুসলিম শিক্ষার্থীদের দাবির মুখে ঈদুল আজহার ছুটি বহাল রাখল যুক্তরাষ্ট্রের স্কুল বোর্ড

ভাড়াটিয়াদের ফেরত দেওয়া হবে ৪৮.৫ মিলিয়ন ডলার

বাড়িভাড়ার নামে গোপন ফি আদায়, ভাড়াটিয়াদের ফেরত দেওয়া হবে ৪৮.৫ মিলিয়ন ডলার

0 Comments