সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

অভিবাসীদের আটক অভিযানে বিদ্যুৎ শক দেওয়া বিশেষ গ্লাভস কিনতে ২ কোটি ডলার ব্যয় করবে আইস

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১১, ২০২৬ ২১:১২
মার্কিন ইমিগ্রেশন পুলিশ আইসিই কর্মকর্তাদের জন্য কেনা হচ্ছে বিশেষ 'ইলেকট্রিক শক গ্লাভস'। ছবি: সংগৃহীত
মার্কিন ইমিগ্রেশন পুলিশ আইসিই কর্মকর্তাদের জন্য কেনা হচ্ছে বিশেষ 'ইলেকট্রিক শক গ্লাভস'। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইস) কর্মকর্তাদের জন্য বিদ্যুৎ শক দিতে সক্ষম বিশেষ ধরনের গ্লাভস কিনতে সর্বোচ্চ ২ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের (ডিএইচএস) প্রকাশিত একটি ক্রয়সংক্রান্ত নোটিশে এ তথ্য জানানো হয়েছে। পরিকল্পনাটি প্রকাশের পরই মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

 

ডিএইচএসের নোটিশ অনুযায়ী, আগামী বছরের মার্চের মধ্যে আইসের কর্মকর্তা ও এজেন্টদের ব্যবহারের জন্য হাজার হাজার 'গ্লোভ (Generated Low Output Voltage Emitter)' কেনার পরিকল্পনা রয়েছে। এগুলো তৈরি করে কেন্টাকির লেক্সিংটনভিত্তিক প্রতিষ্ঠান কমপ্লায়েন্ট টেকনোলজিস এলএলসি।

 

প্রতিষ্ঠানটির দাবি, এই গ্লাভস সাধারণ টহল গ্লাভসের মতোই ব্যবহার করা যায়। তবে প্রয়োজনে একটি সুইচ চাপলে এটি বিদ্যুৎ শক দেওয়ার মোডে চলে যায়। কারও খোলা ত্বকে স্পর্শ করালে এটি তীব্র ব্যথার অনুভূতি সৃষ্টি করে এবং সাধারণত তিন সেকেন্ডেরও কম সময়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। প্রতিষ্ঠানটির ভাষ্য, এতে পোড়া দাগ, ক্ষত বা স্থায়ী চিহ্ন পড়ে না।

 

কমপ্লায়েন্ট টেকনোলজিস এ প্রযুক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য তুলনামূলক কম দৃশ্যমান এবং পরিস্থিতি শান্ত করতে সহায়ক একটি পদ্ধতি হিসেবে বর্ণনা করেছে। এর আগে যুক্তরাষ্ট্রের কয়েকটি কারাগারেও এ ধরনের গ্লাভস ব্যবহারের নজির রয়েছে।

 

ইনস্টিটিউট ফর দ্য প্রিভেনশন অব ইন-কাস্টডি ডেথসের সভাপতি জন পিটার্স, যিনি এ প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণা করছেন, অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, বিদ্যুৎ শকের অনুভূতি অনেকটা মৌমাছির হুল ফোটানোর মতো তীব্র ও তাৎক্ষণিক। তার মতে, কেউ প্রতিরোধ করলে কর্মকর্তাদের জন্য এটি কার্যকর একটি নিয়ন্ত্রণমূলক সরঞ্জাম হতে পারে।

 

তবে পরিকল্পনাটি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক কঠোর নীতি বাস্তবায়নের সময় আইসের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ আগেই উঠেছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ শক দেওয়ার নতুন সরঞ্জাম ব্যবহারের সুযোগ আরও বিতর্ক সৃষ্টি করতে পারে।

 

আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) পুলিশিং প্রকল্পের উপপরিচালক জেন রলনিক বোরকেটা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেন, বেসামরিক অভিবাসন আইন প্রয়োগে এ ধরনের সরঞ্জাম ব্যবহার কতটা যৌক্তিক, তা নিয়ে তার গুরুতর প্রশ্ন রয়েছে।

 

তার ভাষায়, "গত এক বছরে আইস দেখিয়েছে যে তারা খুব দ্রুত বলপ্রয়োগে যায়। এখন একটি বোতাম চাপলেই তারা বিদ্যুৎ শক ব্যবহার করতে পারবে, যা হয়তো অন্য কেউ দেখতেও পারবে না। এতে সাধারণ মানুষের ক্ষতির ঝুঁকি বাড়তে পারে।"

 

অন্যদিকে জন পিটার্সের ধারণা, আইসের এই ক্রয়াদেশ সম্ভবত কোম্পানিটির ইতিহাসে সবচেয়ে বড় অর্ডার হতে যাচ্ছে। তার মতে, গাড়ি, বাড়ি বা আটককেন্দ্রে সহযোগিতা না করা ব্যক্তিদের নিয়ন্ত্রণে আনতে কর্মকর্তারা এ গ্লাভস ব্যবহার করতে পারেন।

 

তবে নির্মাতা প্রতিষ্ঠান নিজেও কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছে। তাদের নির্দেশিকায় বলা হয়েছে, এটি কোনোভাবেই শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। শুধু মৌখিকভাবে প্রতিবাদ বা অসহযোগিতা করছেন, এমন ব্যক্তির বিরুদ্ধেও এটি ব্যবহার করা উচিত নয়। এছাড়া শিশু, গর্ভবতী নারী, বয়স্ক ব্যক্তি এবং প্রতিবন্ধীদের মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর এ গ্লাভস ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে কমপ্লায়েন্ট টেকনোলজিসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ নিকলাস ই-মেইলে জানান, এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে অপারগ।

 

সূত্র: দ্য গার্ডিয়ান, অ্যাসোসিয়েটেড প্রেস


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
নিউইয়র্কের ব্রুকলিনে ভবন ধসে নি হত বেড়ে ৮, একশ নির্মাণস্থল পরিদর্শনের নির্দেশ মামদানির I ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা
নিউইয়র্কের ব্রুকলিনে ভবন ধসে নি হত বেড়ে ৮, একশ নির্মাণস্থল পরিদর্শনের নির্দেশ মামদানির

ব্রুকলিনে ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে। এদিকে দুর্ঘটনাস্থলের নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রায় ১০০টি নির্মাণস্থল নতুন করে পরিদর্শনের নির্দেশ দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।   গত বুধবার (১১ নভেম্বর) বিকেল চারটার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় ঘটে এই দুর্ঘটনা। ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ের ১৩২১ নম্বর ঠিকানায় তিনতলা আবাসিক ও বাণিজ্যিক ভবনটির পাশেই নতুন ভবন নির্মাণের জন্য মাটি খননের কাজ চলছিল। এর মধ্যেই হঠাৎ ধসে পড়ে ভবনটি। ধ্বংসস্তূপ গিয়ে পড়ে পাশের নির্মাণস্থলে। ক্ষতিগ্রস্ত হয় আরেকটি ভবনের দেয়ালও।   দুর্ঘটনার পর সামনে এসেছে নির্মাণকাজে নিরাপত্তার গুরুতর ঘাটতির তথ্য। নিউইয়র্ক সিটির ভবন বিভাগের নথিতে দেখা গেছে, পাশের নির্মাণস্থলে নিরাপত্তাবিধি লঙ্ঘনের কারণে আগেই কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ অমান্য করে কাজ চালানোর অভিযোগে ১০ হাজার ডলার জরিমানা করা হয়।   পরে অনিয়ম সংশোধনের পর কাজ বন্ধের নির্দেশ প্রত্যাহার করা হয়েছিল। ওই নির্মাণস্থলে ঠিকাদার হিসেবে 'টাউনহাউস বিল্ডার্স' নামের একটি প্রতিষ্ঠানের নাম পাওয়া গেছে। প্রকল্পটির মালিকানার সঙ্গে যুক্ত রয়েছে 'জেএস১০২৪ এলএলসি' ও 'এফএফ১৬৩২ এলএলসি' নামের আরও দুটি প্রতিষ্ঠান। মেয়র মামদানি জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের নির্মাণপ্রকল্পের সঙ্গে যুক্ত পাঁচটি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে সিটির আরও প্রায় একশোটি নির্মাণস্থলে। সেগুলোর নিরাপত্তাব্যবস্থা নতুন করে পরিদর্শনের নির্দেশ দিয়েছেন তিনি।   কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পাশের জমিতে মাটি খননের সময় ভবনটির ভিত্তি দুর্বল হয়ে পড়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। নির্মাণবিশেষজ্ঞদের মতে, পুরোনো ভবনের পাশে গভীর খননকাজের সময় যথাযথ সুরক্ষাব্যবস্থা না থাকলে ভবনের স্থিতিশীলতা নষ্ট হওয়ার ঝুঁকি থাকে।   নিহত আটজনের মধ্যে রয়েছে দুটি শিশু ও দুজন নির্মাণশ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। তাঁদের মধ্যে চারজন দমকলকর্মী। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।   দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে বিশাল অভিযান শুরু হয়। ঘটনাস্থলে কাজ করেন প্রায় আড়াইশো দমকল ও জরুরি চিকিৎসাকর্মী। দীর্ঘ সময় ঘটনাস্থলে দাঁড়িয়ে স্ত্রীর খোঁজ করছিলেন এক স্বামী। স্ত্রী ভবনের ভেতরে আটকা পড়েছেন জানিয়ে উদ্ধারকর্মীদের কাছে সাহায্য চাইছিলেন তিনি। পরে ওই নারীকেই ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়, যিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা। অন্যদিকে, নিহত নির্মাণশ্রমিকদের একজন হলেন ইকুয়েডরের নাগরিক ২৬ বছর বয়সী হোসে লুইস কাগুয়ানা। তাঁর স্ত্রীও অন্তঃসত্ত্বা এবং তাঁদের আরেকটি ছোট সন্তান রয়েছে।

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ১৩:৪৮
অভিবাসীদের ডিপোর্ট করেছে আইসিই I ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এক বছরে সর্বোচ্চ রেকর্ড ৪ লাখ ৮৩ হাজার অভিবাসীকে ডিপোর্ট করেছে আইসিই

যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ বিরোধী কঠোর অভিযান: বাতিল হলো ৬ হাজারের বেশি ভিসা

যুক্তরাষ্ট্রে ‘বার্থ ট্যুরিজম’ বিরোধী কঠোর অভিযান: বাতিল হলো ৬ হাজারের বেশি ভিসা

৩১ বছর বয়সী জন টিফিন I ছবি: নিউইয়র্ক পোস্ট

নিজের গাড়ি ফেরত চাইতেই মাকে চাপা দিয়ে হ ত্যা, গ্রেপ্তার এড়াতে ছেলের আ ত্মহ ত্যার চেষ্টা

যুক্তরাষ্ট্রে গুদামঘরকে অভিবাসী আটককেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা আবারও সক্রিয় করল ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রে গুদামঘরকে অভিবাসী আটককেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা আবারও সক্রিয় করল ট্রাম্প প্রশাসন

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রে অভিবাসীদের আটক ও বহিষ্কারের সক্ষমতা বাড়াতে বড় বড় শিল্পগুদামকে অভিবাসী আটককেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা আবারও সক্রিয় করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কয়েক মাস আগে দেশজুড়ে একাধিক গুদাম কেনার পর আইনি জটিলতা, স্থানীয় বাসিন্দাদের আপত্তি এবং পরিবেশগত উদ্বেগের কারণে এই উদ্যোগ বাধার মুখে পড়েছিল। তবে সম্প্রতি নিউ জার্সি ও অ্যারিজোনার দুটি স্থাপনায় নতুন অগ্রগতির তথ্য সামনে এসেছে।   ১২ নভেম্বর প্রকাশিত ন্যাশনাল পাবলিক রেডিও এনপিআরের প্রতিবেদন অনুযায়ী, নিউ জার্সির রক্সবেরি শহরে কেনা একটি বিশাল গুদামকে আটককেন্দ্রে রূপান্তরের জন্য ঠিকাদারি চুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে অ্যারিজোনার সারপ্রাইজ শহরের একটি গুদামকে আটককেন্দ্রে রূপান্তরের প্রস্তাব নিয়ে পরিবেশগত মূল্যায়নের খসড়া তৈরি করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। তবে এসব উদ্যোগের অর্থ এই নয় যে দুটি কেন্দ্রই ইতোমধ্যে চালু হয়েছে। প্রকল্পগুলোর ক্ষেত্রে এখনো আইনি ও প্রশাসনিক জটিলতা রয়েছে।   সরকারি জবাবদিহি দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ১১টি গুদাম কিনতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১০৭ কোটি ডলার। এসব স্থাপনা অভিবাসীদের আটক, প্রাথমিক প্রক্রিয়াকরণ, স্থানান্তর এবং বহিষ্কারের কার্যক্রমে ব্যবহারের পরিকল্পনা করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে পরিকল্পনা পুনর্মূল্যায়নের অংশ হিসেবে কেনা ১১টি গুদামের মধ্যে সাতটি বিক্রির উদ্যোগ নেওয়া হয়। অর্থাৎ সব স্থাপনাকে আটককেন্দ্রে রূপান্তর করা হচ্ছে না।   অ্যারিজোনার সারপ্রাইজ শহরের প্রকল্পটি বিশেষভাবে আলোচনায় এসেছে। প্রায় ৪ লাখ ১৮ হাজার ৪০০ বর্গফুটের ওই গুদামকে সর্বোচ্চ ১ হাজার ৫০০ অভিবাসী রাখার উপযোগী আটককেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। পরিবেশগত মূল্যায়নের খসড়া প্রকাশ করা হলেও সেটিকে চূড়ান্ত অনুমোদন হিসেবে দেখার সুযোগ নেই। এ বিষয়ে জনসাধারণের মতামত দেওয়ার সময়সীমা ৯ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।   অন্যদিকে নিউ জার্সির রক্সবেরি প্রকল্প নিয়ে স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। বাসিন্দাদের আশঙ্কা, এত বড় আটককেন্দ্র চালু হলে এলাকার পানি সরবরাহ, পয়োনিষ্কাশন, সড়ক ও জরুরি সেবার ওপর অতিরিক্ত চাপ পড়তে পারে। আদালতের নির্দেশনা এবং আটক ব্যক্তিদের প্রাথমিক প্রক্রিয়াকরণ নিয়ে রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষের মধ্যে আইনি বিরোধও দেখা দিয়েছে।   এদিকে জর্জিয়ার সোশ্যাল সার্কেলে একটি বড় গুদামকে আটককেন্দ্রে রূপান্তরের পরিকল্পনাও প্রশাসন পরিত্যাগ করেছে। স্থানীয় কর্মকর্তারা পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার সক্ষমতা নিয়ে উদ্বেগ জানিয়েছিলেন।   সব মিলিয়ে, অভিবাসন অভিযান জোরদার করতে গুদামভিত্তিক আটককেন্দ্র তৈরির উদ্যোগ যুক্তরাষ্ট্রে নতুন বিতর্ক তৈরি করেছে। একদিকে প্রশাসন অভিবাসন নিয়ন্ত্রণ ও বহিষ্কার কার্যক্রম দ্রুত করার কথা বলছে, অন্যদিকে সরকারি ব্যয়, পরিবেশগত প্রভাব, স্থানীয় অবকাঠামো এবং আইনি বাধা নিয়ে প্রশ্ন উঠছে। ফলে এই পরিকল্পনা শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হবে, তা এখনো অনিশ্চিত।

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ১০:৫৭
উষা ভ্যান্স থেকে প্রিয়া কৃষ্ণমূর্তি, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিকদের ভারতীয় ৫ স্ত্রী আলোচনায় শীর্ষে

উষা ভ্যান্স থেকে প্রিয়া কৃষ্ণমূর্তি, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিকদের ভারতীয় ৫ স্ত্রী আলোচনায় শীর্ষে

হঠাৎ গাড়ি নষ্ট হওয়ায় রাস্তায় বিপদে তরুণ,  সাহায্যে এগিয়ে এলেন জাস্টিন বিবার

হঠাৎ গাড়ি নষ্ট হওয়ায় রাস্তায় বিপদে তরুণ, সাহায্যে এগিয়ে এলেন জাস্টিন বিবার

মিশিগানে অর্ধেক ইহুদি ভোটারের সমর্থন পেয়েছেন এল-সায়েদ: নতুন জরিপে প্রকাশ

মিশিগানে অর্ধেক ইহুদি ভোটারের সমর্থন পেয়েছেন এল-সায়েদ: নতুন জরিপে প্রকাশ

নিউইয়র্কে বিনা মূল্যে ইংরেজি শেখার সুযোগ, জেনে নিন ভর্তি হওয়ার নিয়ম
নিউইয়র্কে বিনা মূল্যে ইংরেজি শেখার সুযোগ, জেনে নিন ভর্তি হওয়ার নিয়ম

নিউইয়র্কে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিসহ অভিবাসীদের জন্য বিনা মূল্যে ইংরেজি শেখার সুযোগ রয়েছে শহরের বিভিন্ন পাবলিক লাইব্রেরি, কলেজ ও সরকারি শিক্ষা কর্মসূচিতে। এসব প্রতিষ্ঠানে ইংরেজিতে কথা বলা, পড়া, লেখা ও বোঝার প্রশিক্ষণ দেওয়া হয়। কোথাও আগাম রেজিস্ট্রেশন ছাড়াই ক্লাসে অংশ নেওয়া যায়, আবার কোথাও আবেদন, প্লেসমেন্ট টেস্ট ও ওরিয়েন্টেশন বাধ্যতামূলক। নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রকাশিত প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি কর্মসূচিতে এখনো ক্লাস চলছে এবং নতুন ব্যাচের জন্য ভর্তির কার্যক্রমও রয়েছে।   নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে রেজিস্ট্রেশন ছাড়াই ক্লাস   নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির We Speak NYC কর্মসূচি ইংরেজি শেখার অন্যতম সহজ সুযোগ। নির্ধারিত কনভারসেশন ক্লাসে অংশ নিতে আগাম রেজিস্ট্রেশনের প্রয়োজন হয় না। সাধারণত ১৬ বছর বা তার বেশি বয়সী, যারা হাই স্কুলে পড়ছেন না, এমন ইংরেজি শিক্ষার্থীরা এসব ক্লাসে অংশ নিতে পারেন।   ক্লাসে বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতি নিয়ে তৈরি ভিডিও দেখানো হয়। চিকিৎসকের সঙ্গে কথা বলা, সন্তানের স্কুলে যোগাযোগ কিংবা দৈনন্দিন প্রয়োজনীয় বিষয় নিয়ে ইংরেজিতে আলোচনা করার সুযোগ থাকে। বিভিন্ন ব্রাঞ্চে শিক্ষার্থীদের দক্ষতা অনুযায়ী ক্লাসের ব্যবস্থা রয়েছে। তবে সব ব্রাঞ্চে একই সময়ে ক্লাস হয় না। তাই যাওয়ার আগে সংশ্লিষ্ট লাইব্রেরির ইভেন্ট ক্যালেন্ডার দেখে নিতে হবে।   ব্রুকলিন পাবলিক লাইব্রেরিতে নতুন ব্যাচের ভর্তি   ব্রুকলিন পাবলিক লাইব্রেরির Adult Learning কর্মসূচিতে বিনা মূল্যে ESOL ক্লাসের জন্য শিক্ষার্থী নেওয়া হচ্ছে। নতুন উইন্টার ব্যাচের ক্লাস ২০২৭ সালের ১১ জানুয়ারি শুরু হয়ে ২০ মার্চ পর্যন্ত চলার কথা রয়েছে।   এখানে বিগিনার, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ক্লাসের ব্যবস্থা রয়েছে। সকাল, সন্ধ্যা ও শনিবারের ক্লাসের পাশাপাশি সরাসরি এবং অনলাইনে অংশ নেওয়ার সুযোগও রয়েছে। আগ্রহীদের প্রথমে ইনফরমেশন সেশনে অংশ নিয়ে ভর্তির নিয়ম ও আসনসংক্রান্ত তথ্য জানতে হবে।   যোগাযোগের ইমেইল Admissions@bklynlibrary.org। টেক্সট মেসেজ পাঠানো যাবে 732-930-0082 নম্বরে।   এ ছাড়া ব্রুকলিনের বিভিন্ন লাইব্রেরিতে ড্রপ-ইন ইংরেজি ক্লাসও চলছে। এসব ক্লাসের অনেকগুলোতে রেজিস্ট্রেশন লাগে না। তবে আসনসংখ্যা সীমিত থাকায় আগে পৌঁছানো ভালো। কুইন্স পাবলিক লাইব্রেরিতে অধিকাংশ আসন পূর্ণ কুইন্স পাবলিক লাইব্রেরির Adult Learner Program-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে বেশির ভাগ ক্লাসের আসন পূর্ণ। তবে লং আইল্যান্ড সিটির Adult Learning Center-এ কিছু আসন পাওয়া যেতে পারে।   এখানে ইংরেজিতে কথা বলা, বোঝা এবং বাস্তব জীবনে ভাষা ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হয়। কুইন্সের জ্যামাইকা, ফ্লাশিং, এলমহার্স্ট, জ্যাকসন হাইটসসহ বিভিন্ন এলাকায় Adult Learning Center রয়েছে।   লং আইল্যান্ড সিটিতে আসন সম্পর্কে জানতে 718-752-3723 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। নিশ্চিত না হয়ে সরাসরি সেন্টারে যাওয়ার পরিবর্তে আগে ফোন করাই ভালো।   CUNY কলেজগুলোতেও ফ্রি ইংরেজি শিক্ষা   সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের CUNY Adult Literacy Program-এর মাধ্যমে বিভিন্ন ক্যাম্পাসে বিনা মূল্যে ইংরেজি এবং হাই স্কুল ইকুইভ্যালেন্সি পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস পরিচালিত হয়।   ফল ২০২৬ সেশনের ক্লাসগুলো সরাসরি পরিচালনার পরিকল্পনা রয়েছে। কিছু ক্যাম্পাসে অনলাইন ও সরাসরি ক্লাসের সমন্বিত ব্যবস্থাও থাকতে পারে। আবেদনকারীদের নির্দিষ্ট কলেজের Adult Literacy বিভাগে যোগাযোগ করতে হবে।   ব্রুকলিনের City Tech Adult Learning Center এবং ব্রঙ্কস কমিউনিটি কলেজেও ফ্রি ইংরেজি ক্লাসের ব্যবস্থা রয়েছে। ব্রঙ্কস কমিউনিটি কলেজে ভর্তি প্রক্রিয়ায় প্লেসমেন্ট টেস্ট দিতে হয়। যোগাযোগের নম্বর 718-289-5834।   নিউইয়র্ক সিটির শিক্ষা বিভাগের ফ্রি ক্লাস   নিউইয়র্ক সিটির শিক্ষা বিভাগের Adult Education কর্মসূচিতেও বিনা মূল্যে ইংরেজি শেখানো হয়। পাঁচটি বরোর ১৭৫টির বেশি স্থানে বিভিন্ন ধরনের অ্যাডাল্ট এডুকেশন ক্লাস পরিচালিত হয়।   এই কর্মসূচিতে সাধারণভাবে অংশ নিতে আবেদনকারীর বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে। তাঁকে নিউইয়র্ক সিটির বাসিন্দা হতে হবে এবং যুক্তরাষ্ট্রের হাই স্কুল ডিপ্লোমা বা সমমানের সনদ থাকা যাবে না। তবে অন্য দেশের হাই স্কুল বা কলেজের সনদ থাকলেও আবেদন করা সম্ভব।   গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই কর্মসূচির ইংরেজি ক্লাসে ভর্তির জন্য সোশ্যাল সিকিউরিটি নম্বর বা পরিচয়সংক্রান্ত ডকুমেন্ট বাধ্যতামূলক নয়। বিস্তারিত জানতে 646-481-8227 নম্বরে ফোন অথবা adultednyc@schools.nyc.gov ঠিকানায় ইমেইল করা যাবে।   University Settlement-এ আপাতত রেজিস্ট্রেশন বন্ধ   নিউইয়র্কের University Settlement প্রাপ্তবয়স্ক অভিবাসীদের জন্য বিনা মূল্যে ইংরেজি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। এখানে দিনের পাশাপাশি কর্মজীবীদের জন্য সন্ধ্যা ও উইকেন্ডে ক্লাসের ব্যবস্থা রয়েছে।   তবে প্রতিষ্ঠানটির সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নতুন রেজিস্ট্রেশন আপাতত স্থগিত রয়েছে। আগামী জানুয়ারি ২০২৭-এ নতুন তথ্য প্রকাশের কথা জানানো হয়েছে।   এই কর্মসূচিতে সাধারণত আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হয়। নিউইয়র্ক সিটিতে বসবাসের প্রমাণ, প্লেসমেন্ট টেস্ট এবং নিয়মিত ক্লাসে অংশ নেওয়ার প্রতিশ্রুতিও প্রয়োজন। যোগাযোগের ইমেইল literacy@universitysettlement.org।   ভর্তির আগে যেসব বিষয় জেনে নেবেন   সব প্রতিষ্ঠানের ভর্তির নিয়ম এক নয়। কোথাও ফটো আইডি, ঠিকানার প্রমাণ বা বয়সের তথ্য চাওয়া হতে পারে। আবার কিছু সরকারি ইংরেজি শিক্ষা কর্মসূচিতে এসব ডকুমেন্ট ছাড়াই অংশ নেওয়া যায়। তাই কাগজপত্র না থাকার কারণে আবেদন করা যাবে না, এমন ধারণা করা ঠিক নয়।   একইভাবে ফ্রি ক্লাসের ক্ষেত্রে সাধারণত টিউশন ফি লাগে না। তবে নির্দিষ্ট কিছু শিক্ষা বা কারিগরি প্রশিক্ষণে বই, পরীক্ষা কিংবা অন্যান্য উপকরণের জন্য আলাদা খরচ থাকতে পারে।   প্রবাসী বাংলাদেশিদের জন্য ইংরেজি শেখার এসব কর্মসূচি চাকরির ইন্টারভিউ, চিকিৎসাসেবা গ্রহণ, সন্তানের স্কুলের সঙ্গে যোগাযোগ এবং দৈনন্দিন কাজকর্মে সহায়ক হতে পারে। আগ্রহীদের উচিত নিজের বাসা বা কর্মস্থলের কাছাকাছি প্রতিষ্ঠানে যোগাযোগ করে ক্লাসের সময়, আসনসংখ্যা ও যোগ্যতা নিশ্চিত করা।   সংবাদসূত্র: নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক, নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশন, ইউনিভার্সিটি সেটেলমেন্ট।

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ৯:৩
মেডিকেড কভারেজ ধরে রাখতে যোগ্য বাসিন্দাদের সহায়তা করছে অ্যালেগেনি কাউন্টি। ছবি: গ্যাবি সারটোরি

নতুন নিয়মে মেডিকেড কভারেজ হারানোর ঝুঁকি কমাতে রিনিউয়াল সহায়তা দিচ্ছে অ্যালেগেনি কাউন্টি

যুক্তরাষ্ট্রে নতুন কর আইনে বছরে ২৫ লাখ ডলার অতিরিক্ত কর দিতে হবে ইয়োকিচকে ডিজিটাল শিরোনাম

যুক্তরাষ্ট্রে নতুন কর আইনে বছরে ২৫ লাখ ডলার অতিরিক্ত কর দিতে হবে ইয়োকিচকে ডিজিটাল শিরোনাম

ওবামার তীব্র সমালোচনা করে বিতর্কিত দাবি ট্রাম্পের

প্রেসিডেন্ট নির্বাচনে সহজেই হারাবেন! ওবামার তীব্র সমালোচনা করে বিতর্কিত দাবি ট্রাম্পের

0 Comments