- প্রচ্ছদ
- Topic
ক্যালিফোর্নিয়া
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি চাঞ্চল্যকর শিশু যৌন নির্যাতনের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ডেল্টা এয়ারলাইন্সের সাবেক এক পাইলট এবং তার সাবেক প্রেমিকা। কনট্রা কস্টা কাউন্টি সুপিরিয়র কোর্টের জুরিবোর্ড সম্প্রতি তাদের এই রায় প্রদান করে। আদালত সূত্রে জানা গেছে, দোষী সাব্যস্ত ৩৫ বছর বয়সী পাইলট রুস্তম ভাগওয়াগার এবং ৪৬ বছর বয়সী জেনিফার স্পিটজ পাওয়েলকে এখন সর্বোচ্চ ২৩০ বছর থেকে আমৃত্যু কারাদণ্ডের সাজা ভোগ করতে হতে পারে। ফ্লোরিডার বাসিন্দা রুস্তমের পাশাপাশি পাওয়েলের বিরুদ্ধেও আলাদা জুরিবোর্ড এই রায় ঘোষণা করেছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় থেকে জানানো হয়, ভাগওয়াগার এবং পাওয়েল পরস্পর যোগসাজশে সাত বছর বয়সী এক মেয়ে শিশুর ওপর দিনের পর দিন অমানবিক যৌন নির্যাতন চালিয়েছিলেন। ২০১৭ সালের অক্টোবর থেকে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ সময় ধরে এই পাশবিক নির্যাতন চলে। এই ঘৃণ্য অপরাধের জেরে গত ২০২৫ সালের ২৬ জুলাই সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট অবতরণের পরপরই ককপিট থেকে পাইলট রুস্তমকে গ্রেপ্তার করে হোমল্যান্ড সিকিউরিটি এবং শেরিফ অফিসের কর্মকর্তারা। হতবাক যাত্রীদের সামনেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয় এবং এর ঠিক তিন দিন পর তার সাবেক প্রেমিকা পাওয়েলকেও গ্রেপ্তার করে পুলিশ। রায় ঘোষণার আগ পর্যন্ত দোষী সাব্যস্ত এই দুই অপরাধীকে বর্তমানে মার্টিনেজ ডিটেনশন ফ্যাসিলিটিতে কড়া পাহারায় আটকে রাখা হয়েছে। কনট্রা কস্টা কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ডায়ানা বেকটন এই বিচারপ্রক্রিয়ায় ভুক্তভোগীর সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, আদালতে সাক্ষ্য দিয়ে এবং নির্যাতনকারীদের মুখোমুখি দাঁড়িয়ে এই তরুণী যে অসাধারণ সাহসের পরিচয় দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই রায়ের মাধ্যমে আসামিদের উপযুক্ত জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি পুরো প্রসিকিউশন ও তদন্তকারী দলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে ১৭ মাস বয়সী শিশু ব্রুকলিন ম্যারিসকে কাঁচা বা অপাস্তুরিত ছাগলের দুধ খাওয়ানো শুরু করেছিল তার পরিবার। কিন্তু এই একটি সিদ্ধান্তই প্রায় কেড়ে নিচ্ছিল শিশুটির প্রাণ। ই-কোলাই ব্যাকটেরিয়ার মারাত্মক সংক্রমণে কিডনি বিকল হয়ে তিনবার কার্ডিয়াক অ্যারেস্টের (হার্ট অ্যাটাক) শিকার হয় সে। বর্তমানে শিশুটি প্রাণে বাঁচলেও তাকে আজীবন বয়ে বেড়াতে হবে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য জটিলতা। প্রোপাবলিকা-র প্রতিবেদন অনুযায়ী, ব্রুকলিনের জন্ম হয়েছিল নির্ধারিত সময়ের সাত সপ্তাহ আগে। অপরিণত ফুসফুস ও কম ওজন নিয়ে জন্ম নেওয়া এই ‘মিরাকল বেবি’কে নিয়ে মা এমিলি ম্যারিসের উদ্বেগের অন্ত ছিল না। স্তনপান করানো সম্ভব না হওয়ায় তিনি বাজারের ফর্মুলা বা প্যাকেটজাত গরুর দুধের বিকল্প খুঁজছিলেন। ফেসবুকের একটি গ্রুপের মায়েদের পরামর্শে তিনি বাড়ির কাছাকাছি একটি খামার থেকে কাঁচা ছাগলের দুধ এনে খাওয়াতে শুরু করেন। প্রথম ছয় মাস ব্রুকলিনের শারীরিক উন্নতি দেখা গেলেও হঠাৎ একদিন ভয়ানক বিপত্তি ঘটে। গ্রীষ্মের এক দিনে ব্রুকলিন হঠাৎ গাড়ির ভেতর বমি করে দেয়। পরবর্তী দুই দিন ধরে সে প্রথমে হলুদ ও পরে ‘নীলাভ-সবুজ’ রঙের পিত্ত বমি করতে থাকে। তাকে জরুরিভিত্তিতে ৭০ মাইল দূরের একটি শিশু হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, সে ই-কোলাই ব্যাকটেরিয়ার কারণে হেমোলাইটিক ইউরেমিক সিন্ড্রোমে (এইচইউএস) আক্রান্ত, যা মূলত রক্তনালী ক্ষতিগ্রস্ত করে এবং কিডনি বিকল করে দেয়। তাকে ভেন্টিলেটর ও ডায়ালাইসিসে রাখা হয়। মৃত্যুর মুখ থেকে তাকে ফিরিয়ে আনতে চিকিৎসকদের রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। ব্রুকলিন বেঁচে ফিরলেও আগের মতো আর স্বাভাবিক নেই। সে এখন সামান্য খুঁড়িয়ে হাঁটে এবং রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে আজীবন কিডনির সমস্যায় ভুগতে হতে পারে এবং সে কখনোই অ্যালকোহল পান করতে পারবে না। এদিকে নিজের ‘ভুল’ সিদ্ধান্তের কারণে মা এমিলি এখন তীব্র অনুশোচনায় ভুগছেন। তিনি বলেন, “আমি যতদিন বাঁচব, এই কাজটি করার জন্য নিজেকে ঘৃণা করব। আমিই তাকে এই দুধ দিয়েছিলাম, আমি কতটা বোকা ছিলাম!” স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কাঁচা বা অপাস্তুরিত দুধ পান করার উপকারিতা নিয়ে যেসব দাবি করা হয়, তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. উজমা সৈয়দের মতে, পাস্তুরিকরণের আগে কাঁচা দুধ পানের কারণে প্রচুর মানুষ অসুস্থ হতো। পাস্তুরিত দুধের তুলনায় কাঁচা দুধে খাদ্যবাহিত অসুস্থতার ঝুঁকি ১০০ গুণ বেশি। সুস্থ প্রাণীর দুধেও ই-কোলাই, সালমোনেলা বা লিস্টেরিয়ার মতো মারাত্মক ক্ষতিকর প্যাথোজেন থাকতে পারে, যা গরুর গোবর বা খামারিদের হাত থেকে ছড়াতে পারে। ক্যালিফোর্নিয়ায় কেবল লাইসেন্সধারী খামারই মানুষের পানের জন্য কাঁচা দুধ বিক্রি করতে পারে। কিন্তু এমিলি যে খামার থেকে দুধ কিনেছিলেন, সেটি লাইসেন্সবিহীন ছিল। খামার মালিকের দাবি, তারা এই দুধ কেবল ‘পোষা প্রাণীর’ খাবার হিসেবে বিক্রি করেছিলেন। এই ঘটনার পর ব্রুকলিনের পরিবারসহ একই খামারের দুধ খেয়ে অসুস্থ হওয়া আরেক শিশুর পরিবার ওই খামার মালিকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মামলা দায়ের করেছে। বর্তমানে মামলাটি চলমান রয়েছে।
যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় সমুদ্রের পাড়ে পাথরের ওপর থেকে উত্তাল ঢেউয়ে ভেসে গেছেন এক দম্পতি। পরে এক নাটকীয় ও শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা হয়। গত মঙ্গলবার বিকেলে সান্তা ক্রুজের কুখ্যাত ও বিপজ্জনক হিসেবে পরিচিত প্যান্থার বিচে ভয়ংকর এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ওই দম্পতির নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। এনবিসি নিউজের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সান্তা ক্রুজ ফায়ার ডিপার্টমেন্ট এবং ক্যালিফোর্নিয়া স্টেট পার্কস পাবলিক সেফটির উদ্ধারকারী সাঁতারুরা ওই দম্পতিকে বরফশীতল প্রশান্ত মহাসাগরের পানি থেকে টেনে তুলছেন। এরপর সমুদ্রসৈকতের বালুর ওপর তাদের বুকে কম্প্রেশন (সিপিআর) দিতে দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায়, পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এক কর্মকর্তা বাইনোকুলারের সাহায্যে নজর রাখছেন এবং সেখানে উপস্থিত সাধারণ মানুষ উদ্ধারকারী দলকে ওই দম্পতির অবস্থান শনাক্ত করতে সাহায্য করছেন। উদ্ধারকৃত ওই দম্পতির উভয়েরই বয়স ত্রিশের কোঠায় বলে জানা গেছে। সাগর থেকে তুলে আনার পর দ্রুত তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়। তবে বর্তমানে তাদের শারীরিক অবস্থা ঠিক কেমন, সে সম্পর্কে কর্তৃপক্ষের তরফ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দুই বন্ধু লেগোর ১১ হাজার ৬৯৫টি টুকরা জুড়ে তৈরি করেছেন পুরো পৃথিবীর মানচিত্র। আর এই কাজটি তাঁরা শেষ করেছেন মাত্র ৪ ঘণ্টা ৫৯ মিনিট ৫১ সেকেন্ডে। অসাধারণ এই কীর্তির স্বীকৃতি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে তাঁদের। রেকর্ড গড়া দুই বন্ধু হলেন আথেনা লিওং ও সেভি সুইফট। গত ১২ এপ্রিল ক্যালিফোর্নিয়ার হেওয়ার্ডের ‘ব্রিক বাই ব্রিক টয়েজ’ নামের একটি দোকানে তাঁরা এই চ্যালেঞ্জে অংশ নেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের নিয়ম অনুযায়ী, পৃথিবীর মানচিত্রটি তৈরি করতে তাঁদের সর্বোচ্চ ৫ ঘণ্টা ৩০ মিনিট সময় দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার প্রায় ৩০ মিনিট আগেই তাঁরা কাজটি সম্পন্ন করে ফেলেন। চ্যালেঞ্জে নামার আগে প্রায় এক মাস ধরে তাঁরা লেগো দিয়ে পৃথিবীর মানচিত্র তৈরির অনুশীলন করেন। ছোটবেলা থেকেই লেগোর প্রতি আথেনার বিশেষ আগ্রহ ছিল। পরে সেভির সঙ্গে পরিচয়ের পর দুজনের মধ্যে লেগোর প্রতি ভালোবাসার পাশাপাশি আরও অনেক বিষয়ে আগ্রহের মিল খুঁজে পান তাঁরা। বিশ্ব রেকর্ড গড়ার পরিকল্পনাটিও প্রথম আথেনার মাথায় আসে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে তিনি জানান, ছোটবেলায় লেগো তাঁকে নিজের কল্পনাশক্তি প্রকাশের সুযোগ করে দিত। তখন নিজের চিন্তাগুলো বাস্তবে রূপ দেওয়ার মতো দক্ষতা বা প্রয়োজনীয় উপকরণ তাঁর ছিল না। সেভির সঙ্গে পরিচয়ের পর সেই আগ্রহ নতুনভাবে ফিরে আসে। তবে এই রেকর্ডের একটি আলাদা দিকও রয়েছে। এর আগে এককভাবে দ্রুততম সময়ে লেগো দিয়ে পৃথিবীর মানচিত্র তৈরির রেকর্ড করেছিলেন অস্ট্রেলিয়ার ক্ল্যারি ফারকাশ। ২০২৩ সালে তিনি ৭ ঘণ্টা ৯ মিনিট ৪১ সেকেন্ডে কাজটি শেষ করেন। আথেনা ও সেভির দলীয় রেকর্ড সেই সময়ের তুলনায় অনেক দ্রুত হলেও ক্ল্যারি ফারকাশের একক রেকর্ড এখনো বহাল রয়েছে। অর্থাৎ, দলগতভাবে নতুন রেকর্ড হলেও একক বিভাগে আগের রেকর্ডটি এখনো অক্ষুণ্ন।
ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত নিউইয়র্ক টাইমসের গেমস বিভাগের প্রকৌশল পরিচালক জোনাথন ম্যাককিনসি মৃত্যুর আগের বছর স্ত্রী ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছিলেন। আদালতের নথিতে পারিবারিক সহিংসতা ও সন্তানদের হেফাজত নিয়ে তাঁর ও স্ত্রী ক্যান্ডিস জ্যাংয়ের পাল্টাপাল্টি অভিযোগের তথ্য উঠে এসেছে। ৪০ বছর বয়সী ম্যাককিনসিকে গত শনিবার ক্যালিফোর্নিয়ার ডাবলিন শহরের একটি স্পোর্টস কমপ্লেক্সের পার্কিং এলাকায় গুলি করে হত্যা করা হয়। তাঁর শ্বশুর শোইয়ং ঝাং ও শাশুড়ি শিলি চেনকে গ্রেপ্তার করে হত্যার অভিযোগ আনা হয়েছে। আদালতে করা আবেদনে ম্যাককিনসি অভিযোগ করেন, তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন এবং তাঁদের তিন সন্তানকেও নির্যাতন করেছেন। তাঁর দাবি, শ্বশুর-শাশুড়িও এ ধরনের আচরণে যুক্ত ছিলেন। ম্যাককিনসি আরও অভিযোগ করেন, তিনি ট্রান্সজেন্ডার পরিচয়ের কারণে শ্বশুরবাড়ির কাছ থেকে অপমান ও নির্যাতনের শিকার হয়েছেন। এসবই আদালতে তোলা অভিযোগ; এগুলো প্রমাণিত তথ্য নয়। অন্যদিকে, জ্যাংও ম্যাককিনসির বিরুদ্ধে পারিবারিক সহিংসতা ও সন্তানদের প্রতি নির্যাতনের অভিযোগ করেছিলেন। ২০২৫ সালে শিশু নির্যাতনের অভিযোগে ম্যাককিনসির বিরুদ্ধে মামলাও হয়; তিনি অভিযোগ অস্বীকার করেন। পরে দুজনই একে অপরের বিরুদ্ধে সুরক্ষা আদেশ চেয়ে আবেদন করেন। ম্যাককিনসি ও জ্যাংয়ের বিবাহবিচ্ছেদ এবং সন্তানদের হেফাজত নিয়ে আইনি বিরোধ চলছিল। তবে হত্যার পেছনে সুনির্দিষ্ট কারণ কী, তা পুলিশ প্রকাশ করেনি। তাঁদের দুই মেয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নির্ধারণ করবে আদালত।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে কেন্দ্রীয় অভিবাসন প্রয়োগকারী সংস্থাগুলোর (ICE) ওপর নজরদারি ও জবাবদিহি বাড়াতে একাধিক নতুন বিলে স্বাক্ষর করেছেন গভর্নর গ্যাভিন নিউসম। গত মঙ্গলবার স্বাক্ষরিত এই আইনগুলোর অন্যতম লক্ষ্য হলো রাজ্যটিতে অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করা এবং ফেডারেল সরকারের নীতির বিপরীতে ক্যালিফোর্নিয়ার নিজস্ব অবস্থান জোরালো করা। নতুন আইনের আওতায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর বিতর্কিত ‘ইলেকট্রোশক গ্লাভস’ বা বৈদ্যুতিক শক দেওয়া হাতমোজার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আগামী বছর থেকে কার্যকর হতে যাওয়া এই নিষেধাজ্ঞাটি অন্তত ২০৩০ সাল পর্যন্ত বহাল থাকবে। সম্প্রতি ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) তাদের কর্মকর্তাদের জন্য এ ধরনের গ্লাভস কেনার উদ্যোগ নেওয়ার পরই ক্যালিফোর্নিয়া প্রশাসন এমন কঠোর পদক্ষেপ নিল। নতুন এই আইনগুলোতে শক গ্লাভস নিষিদ্ধ করার পাশাপাশি বেসরকারি ডিটেনশন বা আটক কেন্দ্রগুলোর ওপর ২৫ শতাংশ কর আরোপ করা হয়েছে। এছাড়া অভিবাসন তল্লাশি বা অভিযানের সময় ফ্ল্যাশ-ব্যাং গ্রেনেডের ব্যবহার সীমিত করা এবং ক্যালিফোর্নিয়ায় পরিচালিত সিভিল ডিটেনশন কেন্দ্রগুলোতে স্বাস্থ্য, নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করার কথা বলা হয়েছে। যেসব আইসিই কর্মকর্তা অতীতে গুরুতর অসদাচরণের দায়ে অভিযুক্ত হয়েছেন, তারা যাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কোনো সরকারি কর্মী বা পুলিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ না পান, নতুন আইনে সেই নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। গভর্নর নিউসম এক বিবৃতিতে জানান, কেন্দ্রীয় সরকার যখন অভিবাসী সম্প্রদায়কে রক্ষায় ব্যর্থ হয়েছে, তখন ক্যালিফোর্নিয়া তাদের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে এগিয়ে এসেছে। এর আগেও ক্যালিফোর্নিয়ায় আইসিই-এর কার্যক্রম সীমিত করার বেশ কিছু উদ্যোগ আইনি বাধার মুখে পড়েছিল। চলতি বছরের শুরুর দিকেই ক্যালিফোর্নিয়ার আরেকটি আইন একটি ফেডারেল আপিল আদালতের আদেশে আটকে যায়। ওই আইনে ফেডারেল অভিবাসন এজেন্টসহ বেশির ভাগ আইন প্রয়োগকারী কর্মকর্তাকে সরকারি দায়িত্ব পালনের সময় মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। গত নভেম্বরে ট্রাম্প প্রশাসন আইনটিকে চ্যালেঞ্জ করে আদালতে যুক্তি দিয়েছিল যে, এটি সংবিধানের লঙ্ঘন এবং এর ফলে হয়রানি ও সহিংসতার ঝুঁকিতে থাকা কর্মকর্তাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। তবে মঙ্গলবার গভর্নর নিউসম যে বিলগুলোতে স্বাক্ষর করেছেন, তার মধ্যে ওই মুখ ঢাকা নিষিদ্ধের একটি সংশোধিত ও সীমিত সংস্করণও অন্তর্ভুক্ত রয়েছে, যা অঙ্গরাজ্যের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য প্রযোজ্য হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় এবার আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে মুসলিম সম্প্রদায়ের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গত ২৭ সেপ্টেম্বর অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসম ‘এবি ২০১৭’ শীর্ষক একটি বিলে স্বাক্ষর করার মাধ্যমে ঐতিহাসিক এই স্বীকৃতি কার্যকর করেন। সান ফ্রান্সিসকোর অ্যাসেম্বলি সদস্য ম্যাট হ্যানি ‘স্টেট হলিডেজ: ঈদ’ নামের এই বিলটি উত্থাপন করেছিলেন। আইনসভার বিভিন্ন ধাপে অনুমোদনের পর গত ৩০ আগস্ট ক্যালিফোর্নিয়ার উভয় কক্ষে বিলটি পাস হয় এবং পরবর্তীতে গভর্নরের চূড়ান্ত স্বাক্ষরের মাধ্যমে এটি আইনে পরিণত হয়। নতুন এই আইনের আওতায় ইসলামি চান্দ্রপঞ্জিকা অনুযায়ী শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর এবং জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা হিসেবে সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। তবে এই সরকারি স্বীকৃতির অর্থ এই নয় যে, ক্যালিফোর্নিয়ার সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা আদালত বাধ্যতামূলকভাবে বন্ধ থাকবে। আইনে ঈদকে বিচারিক ছুটির তালিকা থেকে আলাদা রাখা হয়েছে, ফলে ঈদের দিন আদালত বা বেসরকারি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তবে মুসলিম শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে এই আইনে। ঈদের নামাজ বা ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার জন্য কোনো শিক্ষার্থী স্কুলে অনুপস্থিত থাকলে তা ‘অনুমোদিত অনুপস্থিতি’ হিসেবে গণ্য হবে। এছাড়া স্থানীয় স্কুল কর্তৃপক্ষ ও কমিউনিটি কলেজগুলো চাইলে নিজেদের সিদ্ধান্তে ঈদের দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে পারবে। পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্যও উৎসব পালনের বিশেষ সুযোগ তৈরি হয়েছে। নির্ধারিত শর্ত মেনে সরকারি কর্মীরা ঈদ উপলক্ষে আট ঘণ্টার ছুটির সুবিধা গ্রহণ করতে পারবেন, যা তাদের অবকাশ বা ব্যক্তিগত ছুটি থেকে সমন্বয় করা যাবে। অ্যাসেম্বলি সদস্য আশ কালরা, স্টেফানি নগুয়েন এবং সিনেটর আইশা ওয়াহাবসহ বেশ কয়েকজন আইনপ্রণেতা এই বিলটির সহ-উদ্যোক্তা ছিলেন। নতুন এই আইনের ফলে ক্যালিফোর্নিয়ায় মুসলিমদের ধর্মীয় উৎসবগুলো রাষ্ট্রীয়ভাবে অনন্য স্বীকৃতি পেল, যা ধর্মীয় স্বাধীনতা ও অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির একটি আবাসিক এলাকায় আফ্রিকার অত্যন্ত বিষাক্ত 'গাবুন ভাইপার' সাপের উপস্থিতি নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সান্তা আনা পুলিশ বিভাগ সম্প্রতি জননিরাপত্তায় একটি সতর্কবার্তা জারি করেছে এবং সাপটির একটি ছবি প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, মেইন স্ট্রিট এবং এডিঙ্গার অ্যাভিনিউয়ের কাছাকাছি একটি গাছে সাপটিকে সর্বশেষ দেখা গেছে। ধারণা করা হচ্ছে, স্পট করা সাপটি লম্বায় চার থেকে পাঁচ ফুট, তবে পূর্ণবয়স্ক একটি গাবুন ভাইপার সাত ফুট পর্যন্ত লম্বা হতে পারে। উত্তর আমেরিকার স্থানীয় প্রজাতি না হওয়ায় এই বিদেশি সাপটি কীভাবে এখানে এলো, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সাপটির ছবি নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন যে, ছবিটি হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করে পুলিশকে বোকা বানানো হয়েছে। এই বিষয়ে সান্তা আনা পুলিশ জানিয়েছে, তারা নেটিজেনদের এই উদ্বেগটি গুরুত্বের সঙ্গে দেখছে এবং সাপটি আসলেই এলাকায় আছে কি না, তা নিশ্চিত করতে নিবিড় তদন্ত চলছে। সাপটি শনাক্ত ও উদ্ধারের জন্য সাউদার্ন ক্যালিফোর্নিয়া হারপেটোলজি অ্যাসোসিয়েশন অ্যান্ড রেসকিউ (SCHA&R)-এর সভাপতির সহায়তা নিচ্ছে পুলিশ। সাপটি ধরা পড়লে সেটিকে কোয়ারেন্টাইনে রেখে একটি বিদেশি প্রাণী অভয়ারণ্যে স্থানান্তর করা হবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গাবুন ভাইপার মূলত সাব-সাহারান আফ্রিকার রেইনফরেস্ট ও সাভানা অঞ্চলে বসবাস করে। এটি আফ্রিকার সবচেয়ে ভারী বিষাক্ত সাপ, যার ওজন প্রায় আট কেজি (১৮ পাউন্ড) পর্যন্ত হতে পারে। বিশ্বের যেকোনো সাপের তুলনায় এর বিষদাঁত সবচেয়ে বড়, যা প্রায় ১.৬ ইঞ্চি লম্বা হয়। বাদামি, বেগুনি এবং কালচে জ্যামিতিক নকশার কারণে এরা জঙ্গলের শুকনো পাতার মাঝে চমৎকারভাবে লুকিয়ে থাকতে পারে। ইঁদুর ও মাটিতে থাকা পাখিদের শিকার করা এই সাপটি অত্যন্ত ভয়ংকর। সান্তা আনা পুলিশ স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বলেছে, কেউ যেন সাপটির কাছে না যান বা নিজে থেকে ধরার চেষ্টা না করেন। সাপটি দেখতে পেলে অবিলম্বে পুলিশের নন-ইমার্জেন্সি নম্বরে (714-834-4211) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
ক্যালিফোর্নিয়ার সেরিটোস শহরে নিজের বাড়ির আঙিনায় দেশীয় নানা ফলের গাছ লাগিয়ে যেন এক টুকরো বাংলাদেশ গড়ে তুলেছেন বাংলাদেশি প্রকৌশলী ইঞ্জিনিয়ার জলিল খান। আম, জাম, কাঁঠাল, জামরুল, পেয়ারা, কলা, লেবু, কমলা ও আখসহ বাংলাদেশের পরিচিত নানা ফলের গাছে ভরে উঠেছে তাঁর বাড়ির আঙিনা। প্রবাসের জীবনে এই বাগানই হয়ে উঠেছে তাঁর শিকড়ের সঙ্গে সম্পর্ক ধরে রাখার অন্যতম মাধ্যম। বরিশালে জন্ম নেওয়া জলিল খান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পড়াশোনা শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। কর্মজীবনে তিনি ক্যালিফোর্নিয়ার ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্টে কাজ করেছেন। দীর্ঘদিন ধরে বসবাস করছেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সেরিটোস শহরে। যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটালেও বাংলাদেশের মাটি, প্রকৃতি, দেশীয় ফল ও সংস্কৃতির প্রতি তাঁর ভালোবাসা কমেনি। সেই টান থেকেই নিজের বাড়ির আঙিনায় একে একে লাগাতে শুরু করেন দেশের পরিচিত ফলের গাছ। সময়ের সঙ্গে সেই শখের বাগান এখন পরিণত হয়েছে বড় পরিসরের একটি দেশীয় ফলের বাগানে। এই বাগানে শুধু আম, জাম বা কাঁঠালই নয়, রয়েছে জামরুল, পেয়ারা, কলা, লেবু, কমলা ও আখসহ নানা ধরনের ফল। পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাগানের উৎপাদিত ফল স্থানীয় বাংলাদেশি কমিউনিটির মানুষের মধ্যেও বিলিয়ে দেন জলিল খান। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবহাওয়া দেশীয় কিছু ফল চাষের জন্য উপযোগী হওয়ায় বাগানে ভালো ফলনও পাচ্ছেন তিনি। জলিল খানের দাবি, চলতি বছর তাঁর একটি জামগাছ থেকেই প্রায় ৪০ মণ জাম পাওয়া গেছে। এত বিপুল পরিমাণ জামের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশিরা তাঁর বাগানে আসতে শুরু করেন। জানা গেছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও বাংলাদেশিরা জলিল খানের বাড়িতে এসে বাগানের জাম সংগ্রহ করেছেন। ফলে তাঁর বাড়ির এই ফলের বাগান এখন শুধু পরিবারের শখের বিষয় নয়, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির কাছেও এটি হয়ে উঠেছে পরিচিত একটি জায়গা। দেশের প্রতি ভালোবাসার আরেকটি নিদর্শন রয়েছে তাঁর বাড়ির নামেও। জলিল খান নিজের বাড়ির নাম দিয়েছেন ‘নাচ মহল’। সন্তানদেরও বাংলাদেশি সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে পরিচিত করে বড় করছেন তিনি। প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে সম্পর্ক ধরে রাখার বিষয়টিকে গুরুত্ব দেন তিনি। জলিল খানের কাছে এই বাগান শুধু ফল চাষের জায়গা নয়। এটি তাঁর শিকড়ের সঙ্গে সম্পর্ক ধরে রাখার একটি মাধ্যম। হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের পরিচিত ফল, গাছপালা ও সংস্কৃতিকে নিজের জীবনের অংশ করে রেখেছেন তিনি। ভবিষ্যতে বাগানে আরও দেশীয় ফলের গাছ লাগানোর পাশাপাশি স্বাস্থ্যসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে জলিল খানের। প্রবাসী বাংলাদেশিদের প্রতিও তাঁর আহ্বান, সুযোগ ও জায়গা থাকলে বাড়ির আঙিনায় ফলের গাছ লাগানো। তাঁর বিশ্বাস, সবুজের সঙ্গে সম্পর্ক তৈরি করার পাশাপাশি এভাবেই নতুন প্রজন্মের কাছে নিজেদের শিকড়ের গল্পও পৌঁছে দেওয়া সম্ভব।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ডাবলিনে নিউইয়র্ক টাইমসের গেমস বিভাগের এক শীর্ষ কর্মকর্তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত জোনাথন ম্যাককিনসে (৪০) প্রতিষ্ঠানটির ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। শনিবার বিকেলে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডের পার্কিং লটে এই ভয়ংকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘটনার মাত্র কয়েক মিনিটের মধ্যেই হত্যায় জড়িত থাকার সন্দেহে নিহতের শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে ম্যাককিনসে নিউইয়র্ক টাইমসে কর্মরত ছিলেন বলে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র নিশ্চিত করেছেন। ডাবলিন পুলিশ সার্ভিস জানায়, শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা ৮ মিনিটের দিকে স্পোর্টস কমপ্লেক্সের পাশ দিয়ে যাওয়ার সময় টহলরত এক পুলিশ সার্জেন্ট পার্কিং লটে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঠিক একই সময়ে জরুরি সেবা নম্বর ৯১১-এ একাধিক কল আসতে শুরু করে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ম্যাককিনসের একাধিক গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে এবং স্পটেই তাকে মৃত ঘোষণা করা হয়। এ সময় প্রত্যক্ষদর্শীদের সহায়তায় ঘটনাস্থলে থাকা সন্দেহভাজন দুজনকে দ্রুত আটক করে পুলিশ। পরে তাদের পরিচয় নিশ্চিত করা হয়—তারা হলেন ম্যাককিনসের শ্বশুর শৌয়ং ঝাং (৭৭) এবং শাশুড়ি শিলিং চেন (৭৭)। তারা দুজনই ডাবলিনের বাসিন্দা। তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে সান্তা রিটা কারাগারে পাঠানো হয়েছে। আগামী বুধবার ইস্ট কাউন্টি হল অব জাস্টিসে তাদের হাজির করার কথা রয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পেছনের মূল উদ্দেশ্য এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ। তবে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, এই ঘটনায় নতুন করে কোনো সন্দেহভাজন নেই এবং জননিরাপত্তার জন্য আর কোনো হুমকি নেই। এদিকে, মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের হাতে আসা আদালতের নথিপত্র থেকে জানা গেছে, নিহত ম্যাককিনসে বেশ কয়েকটি আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ২০২৫ সালের অক্টোবরে তার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে একটি মামলা হয়েছিল, যার প্রাক-শুনানি গত ১০ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। এছাড়া ম্যাককিনসে এবং তার স্ত্রী ক্যান্ডিস জ্যাং উভয়ের বিরুদ্ধে পারিবারিক সহিংসতা ও সন্তানের হেফাজত নিয়ে পাল্টাপাল্টি মামলা ছিল। এমনকি ২০২৫ সালের ডিসেম্বরে তিনি বিবাহবিচ্ছেদেরও আবেদন করেছিলেন, যার শুনানি আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
রোববার সকালে ক্যালিফোর্নিয়ায় পরপর দুটি ভূ ক ম্পন আঘাত হানে। এতে সাউথ বে এলাকা ছাড়াও আশপাশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের কিছু পর ৩ দশমিক ৫ মাত্রার একটি ভূ ক ম্পন আঘাত হানে। এর প্রায় ২০ মিনিট পর ২ দশমিক ৬ মাত্রার আরেকটি কম্পন অনুভূত হয়। ভূ ক ম্পন দুটির কম্পন সান হোসে থেকে ওয়ালনাট ক্রিক পর্যন্ত বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে বলে জানা গেছে। ক্যালিফোর্নিয়াজুড়ে সাম্প্রতিক সময়ে ভূ ক ম্পনের তৎপরতা কিছুটা বেড়েছে। গত কয়েক সপ্তাহে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ছোট ভূ ক ম্পনও অনুভূত হয়েছে। সাম্প্রতিক এক শনিবারে ওই অঞ্চলে ৬০টির বেশি কম মাত্রার ভূ ক ম্পন রেকর্ড করা হয়। এর বেশিরভাগের মাত্রাই ছিল ২ দশমিক ০-এর নিচে। লস এঞ্জেলেস এলাকাতেও সাম্প্রতিক সময়ে কয়েকটি ভূ ক ম্পন হয়েছে। ১৭ সেপ্টেম্বর কম্পটনের কাছে ৩ দশমিক ১ মাত্রার একটি ভূ ক ম্পন আঘাত হানে। এর কম্পন লং বিচ, ডাউনি ও প্যারামাউন্ট এলাকায় অনুভূত হয়। এর আগে মাসের শুরুতে কম্পটনের কাছে ৩ দশমিক ২ মাত্রার আরেকটি ভূ ক ম্পন হয়েছিল। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলের আরও দক্ষিণে ও সমুদ্রেও সাম্প্রতিক সময়ে ভূ ক ম্পন হয়েছে। ক্যাটালিনা দ্বীপের দক্ষিণ-পূর্বে কয়েক মিনিটের ব্যবধানে দুটি ভূ ক ম্পন আঘাত হানে। একই সপ্তাহান্তে সান ফ্রান্সিসকো বে এলাকায় ৩ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূ ক ম্পন অনুভূত হয়। সাম্প্রতিক ভূ ক ম্পনগুলোর মাত্রা তুলনামূলকভাবে কম হলেও ক্যালিফোর্নিয়ার বড় ফল্টগুলো নিয়ে বিজ্ঞানীদের দীর্ঘদিনের সতর্কতা রয়েছে। ক্যালটেকের ভূকম্পবিদ ড. লুসি জোন্স বলেছেন, সান আন্দ্রেয়াস ফল্ট বড় ধরনের ভয়াবহ ভূ ক ম্পন সৃষ্টি করতে পারে। তবে ঠিক কখন এমন ঘটনা ঘটবে, তা বিজ্ঞানীরা নির্ভুলভাবে পূর্বাভাস দিতে পারেন না। জোন্স এর আগে সান আন্দ্রেয়াস ফল্টের দক্ষিণ অংশে ৭ দশমিক ৮ মাত্রার একটি সম্ভাব্য ভূ ক ম্পনের মডেল তৈরি করেছেন। এমন একটি ঘটনা হলে দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে দীর্ঘস্থায়ী ও শক্তিশালী কম্পন হতে পারে। গবেষণার মডেল অনুযায়ী, এ ধরনের ভূ ক ম্পনে পরিবহনব্যবস্থা, পানির অবকাঠামোসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সেবা ব্যাহত হতে পারে। এদিকে ইউনিভার্সিটি অব বার্নের গবেষকরাও ক্যালিফোর্নিয়ার কাহন পাস এলাকায় ভূ ক ম্পনজনিত চাপ নিয়ে গবেষণা করেছেন। সেখানে সান আন্দ্রেয়াস ও সান জাসিন্টো ফল্টের মিলনস্থল রয়েছে। গবেষকেরা এলাকাটিকে সম্ভাব্য একটি ‘ভূ ক ম্পনের প্রবেশদ্বার’ হিসেবে বিবেচনা করে ভবিষ্যতে কোনো ভূ ক ম্পনের কম্পন দুটি ফল্টব্যবস্থাজুড়ে ছড়িয়ে পড়তে পারে কি না, তা নিয়ে গবেষণা করছেন।
ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ডের কাছাকাছি অবস্থান করছে। আজ রোববার, ২৭ সেপ্টেম্বর AAA-এর হিসাবে রাজ্যটিতে এক গ্যালন ডিজেলের গড় দাম ৮ দশমিক ৪২ ডলার। এক বছর আগে একই সময়ে দাম ছিল মাত্র ৫ দশমিক ১৬ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে গ্যালনপ্রতি দাম বেড়েছে প্রায় ৩ দশমিক ২৫ ডলার। মাত্র এক মাস আগেও ক্যালিফোর্নিয়ায় ডিজেলের গড় দাম ছিল ৭ দশমিক ২১ ডলারের কাছাকাছি। ২২ সেপ্টেম্বর তা ৮ দশমিক ৪৩৮৭ ডলারে উঠে সর্বকালের সর্বোচ্চ গড়ের রেকর্ড করে। এরপর সামান্য কমলেও আজকের ৮ দশমিক ৪১৬ ডলারের গড় এখনো সেই রেকর্ডের খুব কাছাকাছি। বে এরিয়াতেও পরিস্থিতি আরও ব্যয়বহুল। আজ সান হোসেতে ডিজেলের গড় দাম ৮ দশমিক ৬৬ ডলার। এক মাস আগে সেখানে ছিল প্রায় ৭ দশমিক ৩০ ডলার এবং এক বছর আগে ৫ দশমিক ১৯ ডলারের কাছাকাছি। সেপ্টেম্বরের শুরুতে ক্যালিফোর্নিয়ার কয়েকটি নির্দিষ্ট পাম্পে ডিজেলের দাম ৯ দশমিক ৯৯৯ ডলার পর্যন্ত উঠেছিল। তবে প্রায় ১০ ডলারের ওই দামটি ছিল কিছু নির্দিষ্ট স্টেশনের, রাজ্যজুড়ে গড় দাম নয়। শুধু ডিজেল নয়, সাধারণ গ্যাসোলিনের দামও আবার বাড়ছে। আজ ক্যালিফোর্নিয়ায় এক গ্যালন রেগুলার গ্যাসের গড় ৬ দশমিক ৩৫ ডলার। গতকাল ছিল ৬ দশমিক ৩৪ ডলার, এক সপ্তাহ আগে ৬ দশমিক ১৫ ডলার এবং এক মাস আগে ৫ দশমিক ৬৪ ডলার। জাতীয় পর্যায়ে আজ রেগুলার গ্যাসের গড় ৪ দশমিক ৪৮ ডলার। ফলে ক্যালিফোর্নিয়ার চালকেরা জাতীয় গড়ের তুলনায় গ্যালনপ্রতি প্রায় ১ দশমিক ৮৭ ডলার বেশি দিচ্ছেন। জাতীয় পর্যায়েও ডিজেলের দাম অস্বাভাবিক উঁচু। আজ যুক্তরাষ্ট্রে এক গ্যালন ডিজেলের গড় ৬ দশমিক ৪৭ ডলার, যেখানে এক বছর আগে ছিল ৩ দশমিক ৬৯ ডলার। ২২ সেপ্টেম্বর জাতীয় গড় ৬ দশমিক ৫৩ ডলারের কাছাকাছি উঠে রেকর্ড করেছিল। মূল সমস্যার একটি হলো ডিজেলের সরবরাহ। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের সর্বশেষ সাপ্তাহিক হিসাবে ২১ সেপ্টেম্বর জাতীয় পর্যায়ে অন-হাইওয়ে ডিজেলের গড় ছিল ৬ দশমিক ৫২৯ ডলার। একই সময়ে ক্যালিফোর্নিয়ায় সরকারি সাপ্তাহিক গড় ছিল ৮ দশমিক ২৫ ডলারের কাছাকাছি। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বছরের এই সময়ের হিসাবে ডিজেলের মজুত রেকর্ড নিম্ন পর্যায়ে রয়েছে। EIA-এর পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের শেষ পর্যন্ত দেশের ডিস্টিলেট মজুত ১০ কোটি ব্যারেলের নিচে থাকতে পারে। ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালিতে বিঘ্নের পাশাপাশি ইউক্রেনের হামলায় রাশিয়ার তেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়াও আন্তর্জাতিক ডিজেল সরবরাহে চাপ বাড়িয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, বৈশ্বিক ডিজেল সংকট ২০২৭ সালেও গড়াতে পারে। উচ্চ ডিজেলের প্রভাব শুধু ট্রাক বা ডিজেলচালিত গাড়ির মালিকদের মধ্যে সীমাবদ্ধ নয়। NBC Bay Area-কে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ট্রাকিং ও পণ্য পরিবহনের খরচ বাড়লে সেই বাড়তি ব্যয়ের একটি অংশ শেষ পর্যন্ত ভোক্তার ওপর পড়তে পারে। মুদি পণ্য থেকে বিভিন্ন ভোগ্যপণ্যে এর প্রভাবকে তারা ‘সাপ্লাই চেইন ইনফ্লেশন’ হিসেবে বর্ণনা করছেন। পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনেও আলোচনা চলছে। রয়টার্স জানিয়েছে, মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট সম্প্রতি বড় কয়েকটি রিফাইনারির কর্মকর্তাদের সঙ্গে ডিজেল রপ্তানি স্বেচ্ছায় সীমিত করার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। তবে বিশ্লেষকদের মতে, সরাসরি রপ্তানি নিষেধাজ্ঞা উল্টো আন্তর্জাতিক সরবরাহ আরও সংকুচিত করে পরিস্থিতি খারাপ করতে পারে। এদিকে ক্যালিফোর্নিয়া সরকার কম দামের বিকল্প হিসেবে ইথানল মিশ্রিত ই১৫ গ্যাসোলিন বাজারে দ্রুত আনার উদ্যোগ নিয়েছে। গভর্নর গ্যাভিন নিউজম ১৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত নতুন আইনে স্বাক্ষর করেছেন। রাজ্য সরকারের উদ্ধৃত এক গবেষণায় দাবি করা হয়েছে, পর্যাপ্ত অবকাঠামো তৈরি হলে ই১৫ গ্যালনপ্রতি দাম সর্বোচ্চ ২০ সেন্ট পর্যন্ত কমাতে পারে। তবে এটি ডিজেলের বর্তমান সংকটের সরাসরি সমাধান নয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক সদ্যোজাত সন্তানকে ডাস্টবিনের পাশে ফেলে যাওয়ার অভিযোগে দীর্ঘ ১৬ মাসের তদন্ত শেষে ওই শিশুর মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অ্যাস্ট্রিড নোহেমি লোপেজ রামোস নামের ২৬ বছর বয়সী ওই নারীকে শিশু বিপন্ন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে ক্যালিফোর্নিয়ার ব্যানিং শহরের ল্যারি ডি. স্মিথ কারেকশনাল ফ্যাসিলিটিতে বন্দি রাখা হয়েছে এবং তার জামিনের জন্য ৩৫ হাজার মার্কিন ডলার নির্ধারণ করেছে আদালত। রিভারসাইড পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, গত ২০২৫ সালের ৪ মে জ্যাকসন স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ডাস্টবিনের কাছে বৃষ্টির মধ্যে এক নবজাতককে কাঁদতে দেখেন স্থানীয় এক বাসিন্দা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। উদ্ধারের সময় শিশুটির শরীরে তখনও নাড়ি যুক্ত ছিল এবং কোনো ধরনের আবরণ ছাড়াই তাকে বৃষ্টির মাঝে অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। চিকিৎসকদের ধারণা, উদ্ধারের মাত্র কয়েক ঘণ্টা আগেই শিশুটির জন্ম হয়েছিল। রিভারসাইড পুলিশের যৌন নিপীড়ন ও শিশু নির্যাতন বিভাগের গোয়েন্দারা এই ঘটনার দীর্ঘ ও নিবিড় তদন্ত শেষে বৃহস্পতিবার অভিযুক্ত মাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। আদালতের নথি অনুযায়ী, আগামী বছরের ১২ জানুয়ারি রিভারসাইড হল অব জাস্টিসে অভিযুক্তকে হাজির করার দিন ধার্য করা হয়েছে। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ক্যালিফোর্নিয়ার ‘সেফলি সারেন্ডারড বেবি ল’-এর কথা আবারও বাসিন্দাদের স্মরণ করিয়ে দিয়েছে। এই আইনের আওতায় কোনো মা চাইলে সন্তান জন্মের ৭২ ঘণ্টার মধ্যে কোনো ধরনের আইনি জবাবদিহি ছাড়াই নবজাতককে নিরাপদ আশ্রয়ে সমর্পণ করতে পারেন। মূলত শিশু পরিত্যাগের কারণে অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করতেই আইনটি প্রণয়ন করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টহলরত এক পুলিশ কর্মকর্তার কাছে গিয়ে নিজেই খুনের রোমহর্ষক স্বীকারোক্তি দিয়েছেন এক যুবক। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি ভিন্ন স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছেন তদন্তকারীরা। এই ঘটনার পর ওই যুবক কোনো ভয়ংকর সিরিয়াল কিলার বা ক্রমিক খুনি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছিলেন কি না, তা নিয়ে খোদ কৌঁসুলিরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, ২৮ বছর বয়সী ওই যুবকের নাম মার্সেলিনো কাস্ত্রো। শনিবার বিকেল ৫টা ১৪ মিনিটের দিকে সান জোসে পুলিশের এক টহল কর্মকর্তার কাছে গিয়ে তিনি একজনকে হত্যার কথা স্বীকার করেন। তার এই স্বীকারোক্তির পর শহরের গুয়াডালুপ নদী এলাকায় তল্লাশি চালিয়ে দুটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ, যা থেকে আরও সম্ভাব্য খুনের শঙ্কা তৈরি হয়েছে। সান্তা ক্লারা কাউন্টির ডেপুটি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল গ্যাডেবার্গ জানিয়েছেন, এখন পর্যন্ত দুজনের মরদেহ মিললেও এটি একটি সম্ভাব্য সিরিয়াল কিলিংয়ের শুরু বলেই মনে হচ্ছে। কাস্ত্রো আরও হত্যাযজ্ঞ চালানোর আগেই আত্মসমর্পণ করায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন। পুলিশি প্রতিবেদনে বলা হয়েছে, কাস্ত্রো প্রথম যাকে হত্যা করেছিলেন, তিনি তার পূর্বপরিচিত ছিলেন। গত ১৩ সেপ্টেম্বর তারা টামিয়েন স্টেশনের কাছে মেথামফেটামিন মাদক সেবন করতে গিয়েছিলেন। সেখানে কোনো প্ররোচনা ছাড়াই কাস্ত্রো তার পরিচিত ওই ব্যক্তিকে শ্বাসরোধ করেন এবং গলা কেটে হত্যার পর গুয়াডালুপ নদীর কাছে একটি অগভীর গর্তে মৃতদেহটি লুকিয়ে রাখেন। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের সময় কাস্ত্রো গোয়েন্দাদের দ্বিতীয় আরেকটি খুনের তথ্য দেন, যার সূত্র ধরে অটাম পার্কওয়ে এবং কোলম্যান অ্যাভিনিউ এলাকা থেকে অপর এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। দ্বিতীয় খুনের ধরনটি ছিল সম্পূর্ণ ভিন্ন। কাস্ত্রো পুলিশকে জানান, গত ১৫ বা ১৬ সেপ্টেম্বর তিনি অপরিচিত ওই ব্যক্তিকে ধূমপান করার প্রলোভন দেখিয়ে কোলম্যান অ্যাভিনিউয়ের উত্তরে গুয়াডালুপ রিভার ট্রেইলে নিয়ে যান। এরপর তাকে শ্বাসরোধ করার পাশাপাশি পাথর দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে মৃতদেহটি একটি লাল রঙের তাঁবুতে মুড়িয়ে লম্বা ঘাসের মধ্যে ফেলে রাখেন। নিহত দুই ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এলাকাটি সাধারণত গৃহহীন মানুষের আনাগোণায় পূর্ণ থাকলেও, অভিযুক্ত যুবক প্রলোভন দেখিয়েই তাদের সেখানে নিয়ে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। এই জোড়া খুনের পেছনের আসল উদ্দেশ্য এখনও তদন্তাধীন রয়েছে। নিহত দুই ব্যক্তির মধ্যে আপাতদৃষ্টিতে কোনো যোগসূত্র না থাকায় বিষয়টি তদন্তকারীদের ভাবিয়ে তুলেছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গ্যাডেবার্গের ধারণা, অভিযুক্ত যুবকের মধ্যে হয়তো মানুষ খুনের এক ধরনের মানসিক তাড়না তৈরি হয়েছিল, যা পরিচিত একজনকে হত্যার মধ্য দিয়ে শুরু হয়ে পরবর্তীতে একজন সম্পূর্ণ অপরিচিত ব্যক্তির ওপর গিয়ে বর্তায়। বর্তমানে জোড়া খুনের অভিযোগে কাস্ত্রোকে সান্তা ক্লারা কাউন্টির প্রধান কারাগারে বন্দি রাখা হয়েছে। এই দুটি হত্যাকাণ্ডকে ২০২৬ সালে সান জোসে শহরের ২০তম এবং ২১তম হত্যাকাণ্ড হিসেবে নথিভুক্ত করে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লাখ লাখ পরিবারের জন্য বিদ্যুৎ বিলে মোট ৮৮৬ মিলিয়ন ডলারের বিশাল আর্থিক সুবিধা বা ‘ক্লাইমেট ক্রেডিট’ ঘোষণা করেছেন গভর্নর গ্যাভিন নিউসম। গ্রীষ্মের চরম গরমে যখন বিদ্যুতের ব্যবহার ও বিল সবচেয়ে বেশি থাকে, ঠিক তখনই সাধারণ মানুষকে স্বস্তি দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি ‘ক্লাইমেট উইক এনওয়াইসি’ চলাকালীন গভর্নর এই ঘোষণা দেন। এর আওতায় আগস্ট ও সেপ্টেম্বর মাসে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ বিলে গড়ে ৭৫ ডলার করে স্বয়ংক্রিয় ছাড় দেওয়া হচ্ছে। প্রশাসন জানিয়েছে, প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেকট্রিক (পিজিঅ্যান্ডই), সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন এবং সান দিয়েগো গ্যাস অ্যান্ড ইলেকট্রিকের আবাসিক গ্রাহকরা এই সুবিধা পাবেন। এই অর্থ পাওয়ার জন্য গ্রাহকদের আলাদা করে কোনো আবেদন করতে হবে না; বরং এটি সরাসরি তাদের বিদ্যুৎ বিলে স্বয়ংক্রিয়ভাবে ক্রেডিট হিসেবে যুক্ত হবে। মূলত পরিবেশ দূষণকারী বড় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আদায়কৃত জরিমানার অর্থ দিয়েই সাধারণ নাগরিকদের এই আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে আমেরিকানদের জীবনযাত্রা যখন মুদি দোকান থেকে শুরু করে জ্বালানি তেলের পাম্পসহ সর্বত্র ব্যয়বহুল হয়ে উঠছে, তখন ক্যালিফোর্নিয়া সরকার সরাসরি সাধারণ মানুষের পকেটে টাকা ফেরত দিচ্ছে। পরিবেশ দূষণকারীদের আর্থিকভাবে জবাবদিহির আওতায় এনে সেই অর্থ রাজ্যের লাখ লাখ পরিবারের হাতে তুলে দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছে ক্যালিফোর্নিয়া প্রশাসন।
ক্যালিফোর্নিয়ার রেডল্যান্ডসের ৫৬ বছর বয়সী থমাস গিগলার একটি ক্রুজে নিখোঁজ হওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। স্ত্রী মিশেল ও পরিবারের সঙ্গে বিবাহবার্ষিকী উদ্যাপনের সফরে থাকা গিগলার গত শনিবার কার্নিভাল প্যানোরামা থেকে সাগরে পড়ে নিখোঁজ হন বলে কার্নিভাল ক্রুজ লাইন জানিয়েছে। মেক্সিকোর পুয়ের্তো ভালার্তা থেকে ক্যালিফোর্নিয়ার লং বিচের দিকে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। এরপর যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কোস্ট গার্ড, মেক্সিকান নৌবাহিনী এবং আশপাশের বাণিজ্যিক নৌযানগুলোকে নিয়ে ব্যাপক তল্লাশি চালানো হলেও তার সন্ধান মেলেনি। তাকে মৃত বলে ধারণা করা হচ্ছে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, গিগলার ও তার স্ত্রী মিশেল যে কেবিনে ছিলেন সেটি ছিল জাহাজের দ্বিতীয় ডেকে। পাশের একটি কেবিনে থাকা এক যাত্রীর ভাষ্য অনুযায়ী, গিগলারকে শেষ পর্যন্ত জাহাজের ১১তম ডেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কোন স্থান থেকে তিনি সাগরে পড়েছিলেন, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ঘটনার সময় জাহাজে থাকা যাত্রী লরি ফ্রিড-সিলভা জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রীদের কেবিনে ফিরে যেতে বলা হয়। প্রথমে ঘোষণায় শুধু জানানো হয়েছিল, ক্রু সদস্যদের যাত্রীদের সংখ্যা যাচাই করতে হবে। একই ঘোষণা কয়েকবার দেওয়া হয়। কিছুক্ষণ পর দুই ব্যক্তি, যাদের তিনি জাহাজের কর্মকর্তা বলে মনে করেছিলেন, তার কেবিনে এসে সেখানে থাকা যাত্রীদের নাম জানতে চান। প্রায় ৪৫ মিনিট পর জাহাজের লাউডস্পিকারে জানানো হয়, একজন যাত্রী নিখোঁজ। এর আনুমানিক ১৫ মিনিট পর যাত্রীদের জানানো হয়, একজন পুরুষ সাগরে পড়ে গেছেন এবং নিরাপত্তা ক্যামেরার ফুটেজে ঘটনাটি নিশ্চিত হয়েছে। এরপর জাহাজটি ঘুরিয়ে আশপাশের পানিতে তল্লাশি চালানো হয়। কার্নিভাল ক্রুজ লাইন জানিয়েছে, একজন যাত্রী নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর জাহাজের ক্রুরা তাৎক্ষণিকভাবে তল্লাশি ও তদন্ত কার্যক্রম শুরু করেন। নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয় এবং যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর কোস্ট গার্ডকে জানানো হয়। তল্লাশিতে মেক্সিকান নৌবাহিনী এবং আশপাশের কয়েকটি বাণিজ্যিক নৌযানও যুক্ত হয়। পরে তল্লাশি চালিয়ে জাহাজটি আবার লং বিচের পথে যাত্রা শুরু করে। গিগলার দীর্ঘ ২৪ বছর এসরি নামের একটি প্রতিষ্ঠানে কম্পিউটার প্রোগ্রামার হিসেবে কাজ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি স্ত্রী মিশেল ও তাদের তিন ছেলের সঙ্গে রেডল্যান্ডসে বসবাস করতেন। পরিবারের জন্য বিবাহবার্ষিকী উদ্যাপনের এই সফরটি পরে নিখোঁজের ঘটনায় পরিণত হয়। এদিকে গিগলারের ব্যক্তিগত জীবন নিয়ে এক যাত্রীর করা কিছু দাবিও সামনে এসেছে। ওই যাত্রী দাবি করেছিলেন, নিখোঁজ হওয়ার আগের রাতে জাহাজের একটি বারে গিগলার দাম্পত্য সমস্যা নিয়ে কথা বলেছিলেন। তবে তার পরিবার এই দাবি প্রত্যাখ্যান করেছে। গিগলারের বোন ওয়েন্ডি ডাউডেন ডেইলি মেইলকে বলেছেন, গিগলার ও তার স্ত্রী ভালো সম্পর্কেই ছিলেন। নিখোঁজ হওয়ার পেছনে কী ঘটেছিল, সে বিষয়ে পরিবার বা কর্তৃপক্ষ এখনো কোনো চূড়ান্ত ব্যাখ্যা দেয়নি। ঘটনার পর জাহাজের কয়েকজন যাত্রী গিগলারের স্মরণে একটি ছোট স্মৃতিফলকও তৈরি করেন। সেখানে যাত্রীরা হাতে লেখা বার্তা, প্রার্থনা, খেলনা ও অন্যান্য স্মারক রেখে তার পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান। এদিকে কর্তৃপক্ষের তল্লাশি ও তদন্তের বিস্তারিত ফলাফল এখনো প্রকাশিত হয়নি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাড়ির সামনে নিজের টেসলা সাইবারট্রাক ব্যাক করার সময় দুর্ঘটনাবশত ৬ বছর বয়সী শিশুপুত্রকে চাপা দিয়েছেন মিস্টার অলিম্পিয়া বিচারক টেরেক এল গিন্ডি (৪৮)। গত শনিবার রাত ৯টার কিছু আগে ক্যালিফোর্নিয়ার টেমিকুলায় তাদের বাসভবনের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশু প্রেস্টনকে দ্রুত ইনল্যান্ড ভ্যালি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে সেদিন রাতেই হাসপাতালে তার মৃত্যু হয়। নিজ হাতে সন্তানের এমন আকস্মিক মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি হৃদয়বিদারক স্টোরি শেয়ার করেছেন শোকস্তব্ধ পিতা টেরেক। ছেলে প্রেস্টনকে জড়িয়ে ধরে থাকা একটি ছবির ওপর তিনি লিখেছেন, “আমরা এক। আমরা চিরকাল একই থাকব। আমরা অনন্তকাল একসাথে থাকব। প্রেস্টন এবং টেরেক।” ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (সিএইচপি) দুর্ঘটনার পরপরই তদন্ত শুরু করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে টেরেক এল গিন্ডিকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি। এছাড়া দুর্ঘটনার সময় তার টেসলা সাইবারট্রাকটি অটোপাইলট মোডে ছিল না বলেও কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটি ন্যাশনাল পার্কে বন্ধুদের সাথে হাইকিংয়ে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৯ বছর বয়সী উদীয়মান কলেজ রেসলার রায়ান জর্জ। গত ছুটির দিনে পার্কটির প্রায় ৪০০ ফুট উঁচু ইলিউয়েট জলপ্রপাতের (Illilouette Falls) কাছে পা পিছলে পড়ে নিচে তলিয়ে যান সান্তা রোসা জুনিয়র কলেজের এই প্রতিভাবান ক্রীড়াবিদ। মৃত্যুর মাত্র দুদিন আগেই স্যাক্রামেন্টোতে অনুষ্ঠিত ডেভ পাচেকো ইনভাইটেশনাল প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। রেসলার হিসেবে রায়ানের ক্যারিয়ার ছিল অত্যন্ত সম্ভাবনাময় ও সাফল্যে ঘেরা। দ্য প্রেস ডেমোক্র্যাটের প্রতিবেদন অনুযায়ী, সান্তা রোসা কলেজে নিজের প্রথম বর্ষেই তিনি ‘অল-আমেরিকান’ সম্মাননা অর্জন করেন এবং ক্যালিফোর্নিয়া কমিউনিটি কলেজ অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন টুর্নামেন্টে তৃতীয় স্থান অধিকার করেছিলেন। এর আগে মন্টগোমারি হাইস্কুলে পড়ার সময় তিনি ২১৭ পাউন্ড ওজন শ্রেণিতে নর্থ বে লিগের শিরোপা জিতেন এবং সিনিয়র হিসেবে নর্থ কোস্ট সেকশন টুর্নামেন্টে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। রায়ান জর্জের এই অকাল মৃত্যুতে তার কোচ, সতীর্থ এবং পরিচিতদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সান্তা রোসার রেসলিং কোচ ফ্রেড ডুয়ার এক বিবৃতিতে জানান, রায়ান ছিলেন তার দেখা সবচেয়ে ইতিবাচক ও অকৃত্রিম মানুষদের একজন। যেকোনো পরিবেশকে মুহূর্তের মধ্যে আনন্দমুখর করে তোলা এবং আশেপাশের সবার সেরা গুণগুলো বের করে আনার এক অদ্ভুত ক্ষমতা ছিল তার। মন্টগোমারি হাইস্কুলের রেসলিং কোচ ইয়ান হেসও তাকে একজন চমৎকার সতীর্থ হিসেবে স্মরণ করেছেন। তিনি বলেন, রায়ান কখনোই কোনো বিষয় নিয়ে অভিযোগ বা বিরক্তি প্রকাশ করত না; সে সবসময় হাসিমুখে অন্যদের সাহায্য করতে প্রস্তুত থাকত। তার এই ইতিবাচক মানসিকতাই তাকে রেসলিংয়ে একটি ঈর্ষণীয় ক্যারিয়ার গড়তে সাহায্য করেছিল।
ক্যালিফোর্নিয়ার সান হোসেতে ১৪ বছর বয়সী এক কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত উবারচালক অনুজ কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩২ বছর বয়সী ফস্টার সিটির বাসিন্দা কুমারের বিরুদ্ধে অভিযোগ, উবারে যাত্রার সময় তিনি কিশোরটির সঙ্গে যৌন নিপীড়নমূলক আচরণ করেন এবং গাড়ির শিশু-নিরাপত্তা লক চালু করে তাকে বের হতে বাধা দেন। ঘটনার পর সান হোসে পুলিশ তদন্ত শুরু করেছে এবং একই ধরনের ঘটনায় আরও কেউ ভুক্তভোগী হয়েছেন কি না, তা খতিয়ে দেখছে। পুলিশের তথ্য অনুযায়ী, ১২ সেপ্টেম্বর রাতে সান হোসের কেন্দ্রীয় এলাকায় ঘটনাটি ঘটে। রাত সাড়ে ১০টার কিছু পর পাসেও দে সান আন্তোনিওর ১০০ নম্বর ব্লকে অপ্রাপ্তবয়স্ক এক ব্যক্তিকে ঘিরে যৌন নিপীড়নের অভিযোগ পেয়ে পুলিশ সেখানে যায়। কিশোরটি একটি উবার গাড়িতে করে যাতায়াত করছিল। পুলিশ জানিয়েছে, গাড়ির চালকই তার সঙ্গে যৌন নিপীড়ন করেছেন বলে অভিযোগ ওঠে। আদালতের নথিতে অভিযোগ করা হয়েছে, অনুজ কুমার ওই ১৪ বছর বয়সী কিশোরকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করেন। এরপর গাড়ির শিশু-নিরাপত্তা লক চালু করে দেন, যাতে কিশোরটি গাড়ি থেকে বের হতে না পারে। অভিযোগের ঘটনাটি কিশোরটির নির্ধারিত গন্তব্যের কাছাকাছি ঘটে। তার গন্তব্য ছিল সান হোসে স্টেট ইউনিভার্সিটির কাছে অবস্থিত হ্যামার থিয়েটার। ঘটনার পর গাড়ি থেকে বের হতে সক্ষম হয়ে কিশোরটি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে। সান হোসে পুলিশ বিভাগের মুখপাত্র স্টেসি শিহ জানান, ভুক্তভোগী দ্রুত পুলিশের কাছে অভিযোগ করায় তদন্ত শুরু করা সম্ভব হয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িত গাড়ি ও চালককে শনাক্ত করার কাজ শুরু করে। তদন্তকারীরা স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকারী ক্যামেরার তথ্য ব্যবহার করে সংশ্লিষ্ট গাড়িটিকে শনাক্ত করেন। পরে ওই গাড়ির সঙ্গে অনুজ কুমারের সংশ্লিষ্টতা পাওয়া যায়। পুলিশের তদন্তের ভিত্তিতে ফস্টার সিটি পুলিশের সহায়তায় ১৩ সেপ্টেম্বর ফস্টার সিটিতে কুমারকে গ্রেপ্তার করা হয়। অর্থাৎ অভিযোগের পরদিনই তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর অনুজ কুমারকে সান্তা ক্লারা কাউন্টি প্রধান কারাগারে অপ্রাপ্তবয়স্কের ওপর যৌন নিপীড়নের সন্দেহে নথিভুক্ত করা হয়। আদালতের নথি অনুযায়ী, তিনি প্রায় আড়াই বছর ধরে উবারচালক হিসেবে কাজ করছিলেন। উবারে তার যাত্রী মূল্যায়নের গড় ছিল ৪ দশমিক ৯৫। অভিযোগের খবর প্রকাশের পর উবার কুমারকে তাদের প্ল্যাটফর্ম থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক এবং যৌন নিপীড়নের মতো আচরণের উবারের প্ল্যাটফর্মে কোনো স্থান নেই। তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা হচ্ছে বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে। পুলিশের তদন্ত এখনো চলছে। তদন্তকারীদের আশঙ্কা, অনুজ কুমারের বিরুদ্ধে আরও ভুক্তভোগী থাকতে পারেন। এ কারণে তার সঙ্গে সম্পর্কিত কোনো তথ্য কিংবা একই ধরনের ঘটনার অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। সান হোসে পুলিশের যৌন নিপীড়ন তদন্ত ইউনিট এ বিষয়ে তথ্য সংগ্রহ করছে। পুলিশ জানিয়েছে, এই মামলায় তথ্য থাকা ব্যক্তি বা একই ধরনের ঘটনার শিকার কেউ তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এ জন্য সান হোসে পুলিশের গোয়েন্দা কর্মকর্তা হোয়াংয়ের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। পুলিশের দেওয়া যোগাযোগ নম্বর হলো ৪০৮-২৭৭-৪১০২ এবং ই-মেইল ঠিকানা ৪৬৮৪@সানহোসেসিএ.গভ। ঘটনাটি প্রকাশ্যে আসার পর উবারে অপ্রাপ্তবয়স্ক যাত্রীদের নিরাপত্তার বিষয়টিও আলোচনায় এসেছে। তবে এই মামলায় পুলিশের তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি এবং তদন্তের পরবর্তী ধাপে পুলিশ সম্ভাব্য অন্য ভুক্তভোগী ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য যাচাই করবে। অনুজ কুমারকে গ্রেপ্তার করা হলেও তার বিরুদ্ধে অভিযোগের চূড়ান্ত বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি। বর্তমানে তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কের ওপর যৌন নিপীড়নের অভিযোগের ভিত্তিতে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পুলিশ নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা মামলার তদন্তে যুক্ত করার চেষ্টা করছে। ঘটনার পরপরই ভুক্তভোগী পুলিশের কাছে যোগাযোগ করায় তদন্তকারীরা দ্রুত সংশ্লিষ্ট গাড়ি শনাক্ত করতে সক্ষম হন। স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকারী ক্যামেরার তথ্য ব্যবহার করে চালকের পরিচয় বের করা হয় এবং এক দিনের মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়। এখন তদন্তের মূল লক্ষ্য সম্ভাব্য অন্য অভিযোগ বা ভুক্তভোগীর বিষয়ে তথ্য পাওয়া এবং মামলার সব তথ্য যাচাই করা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাড়ির সামনে টেসলা সাইবারট্রাক পেছনে নেওয়ার সময় নিজের ছেলেকে গাড়ির নিচে চাপা দেওয়ার ঘটনায় মর্মান্তিকভাবে শিশুটির মৃত্যু হয়েছে। নিহত শিশুটির বয়স ছিল ছয় বছর। দুর্ঘটনায় জড়িত তার বাবা টেরিক এল গুয়িন্ডি ‘মিস্টার অলিম্পিয়া’ শরীরচর্চা প্রতিযোগিতার একজন বিচারক। ঘটনাটি শনিবার রাত ৯টার কিছু আগে ক্যালিফোর্নিয়ার টেমেকুলা শহরের ব্রুকহেভেন কোর্ট এলাকায় ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টেরিক এল গুয়িন্ডি গাড়িটি পেছনে নেওয়ার সময় তার ছয় বছর বয়সী ছেলে প্রেস্টন গাড়িটির ধাক্কায় গুরুতর আহত হয়। পরিবার দ্রুত জরুরি সেবা নম্বরে ফোন করে। পরে শিশুটিকে উইলডোমারের ইনল্যান্ড ভ্যালি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তবে ওই রাতেই তার মৃত্যু হয়। পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু স্টেফানি চেসব্রো শিশুটির জন্য একটি অনুদান সংগ্রহের পেজ খুলেছেন। সেখানে বলা হয়েছে, ঘটনার সময় প্রেস্টন বাইরে খেলছিল। একটি চলন্ত গাড়ির ধাক্কায় সে গুরুতর আহত হয় এবং হাসপাতালে মায়ের পাশে থাকা অবস্থায় মারা যায়। পরিবার জানিয়েছে, প্রেস্টন মাত্র গত মাসে প্রথম শ্রেণিতে পড়াশোনা শুরু করেছিল। দুর্ঘটনার পর ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোলের কর্মকর্তারা এল গুয়িন্ডিকে জিজ্ঞাসাবাদ করেছেন। তবে তাকে গ্রেপ্তার করা হয়নি। সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার সময় সাইবারট্রাকটি স্বয়ংক্রিয় চালনা বা অটোপাইলট ব্যবস্থায় চলছিল না। একই সঙ্গে শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল। তবে দুর্ঘটনার আগে গাড়ির ভেতরের কোনো সতর্কতা ব্যবস্থা চালককে গাড়ির পেছনে শিশুটির উপস্থিতি সম্পর্কে সতর্ক করেছিল কি না, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে তদন্তকারীদের পক্ষ থেকেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছে ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল। টেরিক এল গুয়িন্ডি শরীরচর্চা জগতের পরিচিত মুখ। তিনি ‘মিস্টার অলিম্পিয়া’ প্রতিযোগিতার বিচারক হিসেবে কাজ করেন। প্রতিযোগিতাটিতে বিশ্বের শীর্ষ পেশাদার বডিবিল্ডারদের পারফরম্যান্স মূল্যায়নে বিচারকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি অলিম্পিয়া টিভির সঙ্গেও যুক্ত এবং ‘প্রাইম টাইম মাসল’ অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে শরীরচর্চা ও বডিবিল্ডিং নিয়ে আলোচনা করেন। বডিবিল্ডিং অঙ্গনে এল গুয়িন্ডি নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতা ও খেলোয়াড়দের নিয়ে মন্তব্য করে থাকেন। ছয়বারের মিস্টার অলিম্পিয়া বিজয়ী ক্রিস বামস্টেড সম্পর্কেও তিনি আগে প্রশংসাসূচক মন্তব্য করেছিলেন। বামস্টেড ২০২৪ সালে অবসরের ঘোষণা দেওয়ার পর এল গুয়িন্ডি তাকে বডিবিল্ডিংয়ের প্রতি নতুন করে আগ্রহ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা একজন ক্রীড়াবিদ হিসেবে উল্লেখ করেছিলেন। এদিকে, ছেলের মৃত্যুর ঘটনায় পরিবার গভীর শোকের মধ্যে রয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেস্টন সবসময় হাসিখুশি থাকত এবং তার আশপাশের মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিত। দুর্ঘটনার পর পরিবারের সদস্য ও স্বজনেরা সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির স্মৃতি তুলে ধরে শোক প্রকাশ করেছেন। ঘটনাটি দুর্ঘটনা হিসেবে তদন্ত করা হচ্ছে। এ পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, এল গুয়িন্ডির বিরুদ্ধে কোনো অভিযোগ আনা বা তাকে গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার দায় বা কারণ সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়নি। সূত্র: ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল, ওয়ার্ল্ড বডিবিল্ডিং নিউজ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি সান মার্কোসে (সিএসইউএসএম) চলতি শরৎ সেমিস্টার শুরুর পর তিন সপ্তাহের মধ্যে ধর্ষণের চারটি অভিযোগের খবর পাওয়া গেছে। ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও ঘটনার তদন্তের পাশাপাশি ক্যাম্পাসে টহল ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কথা জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জেরি ম্যাককরমিকের তথ্য অনুযায়ী, চারটি ঘটনা ঘটেছে ৫, ৬, ১৩ ও ১৮ সেপ্টেম্বর। ঘটনাগুলো বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবন দ্য কোয়াড, ইউনিভার্সিটি ভিলেজ অ্যাপার্টমেন্টস এবং ব্ল্যাক ওক হলে ঘটেছে বলে জানানো হয়েছে। চারটি ঘটনাই আলাদা এবং তদন্তাধীন রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি ঘটনায় ভুক্তভোগী ও অভিযুক্ত ব্যক্তি একে অপরকে চিনতেন বা তাদের মধ্যে পরিচয় ছিল। ঘটনাগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কিত বলে মনে করছে না বিশ্ববিদ্যালয়। গোপনীয়তার কারণে তদন্ত চলাকালে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। ঘটনাগুলোর পর ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। ২১ সেপ্টেম্বর এক শিক্ষার্থী চেঞ্জ ডট অর্গে একটি আবেদন শুরু করেন। এতে ক্যাম্পাসের পার্কিং এলাকা, দ্য কোয়াড এবং পর্যাপ্ত আলো নেই এমন জায়গায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় কী পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে আরও স্বচ্ছ তথ্য প্রকাশেরও দাবি জানানো হয়েছে। আবেদনে ওই শিক্ষার্থী বলেন, নারী শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পড়াশোনার অধিকার রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, কয়েকজন শিক্ষার্থী ক্যাম্পাস নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তারা যথেষ্ট সাড়া পাননি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ দাবির বিষয়ে আলাদাভাবে বিস্তারিত মন্তব্য করেছে কি না, তা প্রকাশিত প্রতিবেদনে স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অবশ্য নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর কথা জানানো হয়েছে। ক্যাম্পাসে পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি আবাসিক এলাকার কর্মীদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট এলেন নিউফেল্টও শিক্ষার্থী ও ক্যাম্পাস কমিউনিটির উদ্দেশে দেওয়া এক বার্তায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি যৌন সহিংসতা প্রতিরোধে শিক্ষা ও সচেতনতা কার্যক্রম বাড়ানোর কথা বলেছেন। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জেরি ম্যাককরমিক বলেন, যৌন সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এ ধরনের ঘটনার জন্য ভুক্তভোগীকে দায়ী করা উচিত নয়। তার বক্তব্য অনুযায়ী, সম্মতি হতে হবে স্পষ্ট, স্বেচ্ছায় দেওয়া এবং চলমান। শুধু পরিচিতি বা সম্পর্ক থাকার কারণে কারও সম্মতি ধরে নেওয়া যায় না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত প্রতিরোধমূলক শিক্ষা ও সম্মতি বিষয়ক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য সহায়তা ও গোপনীয় পরামর্শের ব্যবস্থাও রয়েছে। সেমিস্টারের শুরুতে কলেজ ক্যাম্পাসে যৌন সহিংসতার ঝুঁকি তুলনামূলকভাবে বাড়তে পারে বলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রথম কয়েক সপ্তাহকে অনেক সময় ‘রেড জোন’ বলা হয়। সিএসইউএসএমও জানিয়েছে, শরৎ সেমিস্টারের প্রথম ছয় সপ্তাহকে এ ধরনের ঝুঁকির সময় হিসেবে বিবেচনা করা হয়। তবে এর অর্থ এই নয় যে ওই সময়ের প্রতিটি ঘটনায় একই কারণ বা প্যাটার্ন রয়েছে। চারটি ঘটনার বিষয়ে তদন্ত এখনো চলছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের তথ্য জানানো, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং যৌন সহিংসতার শিকার ব্যক্তিদের সহায়তা দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। সিএসইউএসএমের পুলিশ বিভাগও ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন ক্যাম্পাসে দায়িত্ব পালন করে এবং জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীদের ৯১১ নম্বরে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। সূত্র: এনবিসি ৭ সান দিয়েগো
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।