ভোটাররা রিপাবলিকানদের ওপর ক্ষুব্ধ, আমার ওপর নয়,নিজের জনপ্রিয়তায় ধাক্কার ব্যাপার এড়িয়ে গেলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন যত ঘনিয়ে আসছে, রিপাবলিকানদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দলের প্রতি ভোটারদের ক্ষোভ থাকলেও সেই ক্ষোভ তার বিরুদ্ধে নয় বলে দাবি করেছেন তিনি।
মিডটার্ম নির্বাচনের আর প্রায় তিন মাস বাকি। কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে ট্রাম্প ও তার মিত্ররা দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। একই সঙ্গে ডেমোক্র্যাটদের নীতির সমালোচনাও করছেন।
তবে সাম্প্রতিক বিভিন্ন জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার চিত্র উঠে এসেছে। রয়টার্স/ইপসোসের এক জরিপে তার অনুমোদন ৩৫ শতাংশ, এপি/নরকের জুলাইয়ের জরিপে ৩৩ শতাংশ এবং কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপে ৩২ শতাংশে নেমে এসেছে।
এরপরও Punchbowl News-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ভোটাররা রিপাবলিকানদের ওপর খুবই ক্ষুব্ধ। কিন্তু তারা আমার ওপর ক্ষুব্ধ নয়।”
ট্রাম্পের দাবি, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিরুদ্ধে ভোটারদের অসন্তোষ থাকলেও তিনি নিজে সেই ক্ষোভের বাইরে রয়েছেন।
তবে রাজনৈতিক বাস্তবতা বলছে, ক্ষমতাসীন দলের জন্য মিডটার্ম নির্বাচন ঐতিহাসিকভাবেই কঠিন। গত ৮০ বছরে মাত্র দুইবার প্রেসিডেন্টের দল মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে আসন বাড়াতে পেরেছে।
ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতও রিপাবলিকানদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে। যুদ্ধের কারণে জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে বলে সমালোচনা রয়েছে। একই সঙ্গে যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থান নিয়েও দলের ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে।
এর মধ্যেই রিপাবলিকান প্রার্থীদের পক্ষে মাঠে নেমেছেন ট্রাম্প। তার লক্ষ্য, কংগ্রেসে দলের নিয়ন্ত্রণ ধরে রাখা।
কঠিন পরিস্থিতি স্বীকার করলেও নির্বাচনের ফল নিয়ে আশাবাদী ট্রাম্প। তার ভাষায়, “আমি মনে করি, আমরা জিতব।”
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যে জমির প্রকৃত মালিক সেজে ১৫ লাখ ডলারের বেশি মূল্যের সম্পত্তি বিক্রির ঘটনায় নিজের ভূমিকার দায় স্বীকার করেছেন টেক্সাসের ক্যারলটনের বাসিন্দা মোশে লেভি। ম্যাসাচুসেটসের ফেডারেল কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, ৬১ বছর বয়সী লেভি মঙ্গলবার (৩ নভেম্বর) বোস্টনের ফেডারেল আদালতে ওয়্যার ফ্রডের ষড়যন্ত্র ও অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগে দোষ স্বীকার করেন। একই মামলায় জুলাইয়ে অভিযুক্ত ম্যাসাচুসেটসের কিয়ন জেমস ও নিউ জার্সির ব্র্যাডলি বোঝের বিরুদ্ধে অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ এখনো বিচারাধীন। আদালতের নথি অনুযায়ী, লেভি ও তাঁর কথিত সহযোগীরা ম্যাসাচুসেটস, জর্জিয়া, ইন্ডিয়ানা ও টেনেসিতে এমন খালি জমি বেছে নিতেন, যেগুলোর ওপর কোনো মর্টগেজ বা অন্য কোনো আইনি দায় ছিল না। জমির মালিকেরা থাকতেন অন্য অঙ্গরাজ্যে। তাঁদের নামে ইমেইল ও ইন্টারনেটভিত্তিক ফোন অ্যাকাউন্ট খোলা হতো। সংগ্রহ করা হতো ভুয়া ড্রাইভার লাইসেন্স ও পাসপোর্ট। কৌঁসুলিদের ভাষ্য, এসব পরিচয়পত্র ও অ্যাকাউন্ট ব্যবহার করে অভিযুক্তরা জমির মালিক সেজে রিয়েল এস্টেট এজেন্টদের দিয়ে জমি বিক্রির তালিকায় তুলতেন। পরে দরদাম ঠিক করে এমন ক্রেতাদের কাছে দলিল হস্তান্তর করা হতো, যাঁরা জালিয়াতির কথা জানতেন না। ফেডারেল কৌঁসুলিদের মতে, বিক্রির টাকা কোথা থেকে এসেছে এবং কার নিয়ন্ত্রণে ছিল, তা আড়াল করতে ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। চেক ও ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা সরানো হতো। আদালতের নথির বরাতে কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, ২০২৩ সালের জুনের দিক থেকে লেভি ও অন্যরা এই জালিয়াতি থেকে পাওয়া প্রায় ১০ লাখ ডলার নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন। কৌঁসুলিরা নাইজেরিয়ায় থাকা আরও একজন কথিত সহযোগীর কথা উল্লেখ করেছেন। তাঁর নাম প্রকাশ করা হয়নি। ম্যাসাচুসেটসের কনকর্ডে ম্যাটিসন ড্রাইভের একটি জমি এ মামলার সঙ্গে যুক্ত। জমির মালিক হালা শামি জারাকি তাঁর স্বামী ওমরের সঙ্গে সাউথ ক্যারোলাইনায় থাকেন। তাঁদের পরিকল্পনা ছিল, একসময় ম্যাসাচুসেটসে ফিরবেন অথবা জমিটি এক ছেলেকে দেবেন। দেওয়ানি মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালে হালার পরিচয় ব্যবহার করে অন্য কেউ জমিটি প্রায় ৫ লাখ ২৫ হাজার ডলারে বিক্রি করে দেন বলে অভিযোগ রয়েছে। ক্রেতারা সেখানে বাড়ি নির্মাণ শুরু করলে জারাকি দম্পতি আদালতের দ্বারস্থ হন। পরে আদালতের নিষেধাজ্ঞায় নির্মাণকাজ বন্ধ হয়। এফবিআইয়ের বোস্টন কার্যালয় ২০২৫ সালের এপ্রিলে জানিয়েছিল, জমির দলিল জালিয়াতির অভিযোগ বাড়ছে। জমির কর বা পানির বিল হঠাৎ আসা বন্ধ হলে কিংবা খালি সম্পত্তির ইউটিলিটি বিল অস্বাভাবিকভাবে বেড়ে গেলে বিষয়টি খতিয়ে দেখতে মালিকদের পরামর্শ দিয়েছে সংস্থাটি। এদিকে আমেরিকান ল্যান্ড টাইটেল অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের জরিপে অংশ নেওয়া প্রতিষ্ঠানের ৫৯ শতাংশ জানিয়েছে, আগের বছরে তারা অন্তত একবার ভুয়া বিক্রেতা সেজে প্রতারণার চেষ্টার মুখোমুখি হয়েছে। ২০২৪ সালের জরিপে এই হার ছিল ২৮ শতাংশ। ফেডারেল বিচারক মিয়ং জে. জুন ২০২৭ সালের ১১ ফেব্রুয়ারি লেভির সাজা ঘোষণার দিন ধার্য করেছেন। দুই অভিযোগের প্রতিটিতে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। কৌঁসুলিরা সাজা নির্ধারণের নির্দেশিকায় থাকা সীমার নিচের দিকের কারাদণ্ড ও জরিমানার সুপারিশ করবেন। পাশাপাশি তাঁরা তিন বছর তত্ত্বাবধানে মুক্তি, সম্পদ বাজেয়াপ্ত এবং ক্ষতিগ্রস্তদের অন্তত ১৩ লাখ ৪০ হাজার ডলার ফেরত দেওয়ার আদেশ চাইবেন। লেভির আইনজীবী ইয়ান গোল্ড জানিয়েছেন, তাঁর মক্কেল নিজের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত। সংবাদসূত্র — যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, রিয়েলটর ডটকম
নিউইয়র্ক জ্যামাইকা মুসলিম সেন্টারে দ্রুত নামাজ চালুর আশাবাদ কর্তৃপক্ষের, ভোগান্তিতে দুঃখ প্রকাশ
যুক্তরাষ্ট্রে হেলথ ইনস্যুরেন্স নেই, তাই ডাক্তার দেখাচ্ছেন না? হাতের কাছেই রয়েছে অনেক ফ্রি ক্লিনিক
যুক্তরাষ্ট্রে হেলথ ইনস্যুরেন্স নেই, তাই ডাক্তার দেখাচ্ছেন না? হাতের কাছেই রয়েছে অনেক ফ্রি ক্লিনিক!
যুক্তরাষ্ট্রে চলতি বছরে দ্বিতীয়বারের মতো একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করার বিরল ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ইন্ডিয়ানা, ফ্লোরিডা এবং আলাবামা অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে এই তিন আসামির দণ্ড কার্যকর করা হয়। এর আগে গত ১৩ আগস্ট আলাবামা, টেনিসি ও ওকলাহোমায় একই দিনে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। গত সেপ্টেম্বরে টেনিসিতে ক্রিস্টা পাইক নামের এক বন্দির মৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থ চেষ্টার পর দেশটিতে যখন এই শাস্তির পদ্ধতি নিয়ে নতুন করে তীব্র সমালোচনা শুরু হয়েছে, ঠিক সেসময়েই নতুন করে এই দণ্ড কার্যকরের ঘটনা ঘটল। বৃহস্পতিবার প্রথম প্রহরে ইন্ডিয়ানার মিশিগান সিটির স্টেট প্রিজনে জেফরি ওয়েসহেইট (৫০) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০১০ সালে ইভান্সভিল এলাকায় নিজের প্রেমিকার বাড়িতে আগুন ধরিয়ে তার আট ও পাঁচ বছর বয়সী দুই সন্তানকে হত্যার দায়ে তাকে এই সাজা দেওয়া হয়েছিল। রাত ১২টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। তার আইনজীবীরা মানসিক সমস্যা ও মাথায় আঘাতের ইতিহাস তুলে ধরে রাজ্যটির রিপাবলিকান গভর্নর মাইক ব্রাউনের কাছে সাজা কমানোর আবেদন করলেও তা নাকচ হয়ে যায়। ইন্ডিয়ানার অ্যাটর্নি জেনারেল টড রোকিতা এই মৃত্যুদণ্ডকে নিরীহ দুই শিশুর জন্য 'দীর্ঘ প্রতীক্ষিত ন্যায়বিচার' বলে আখ্যা দিয়েছেন। এটি ছিল ইন্ডিয়ানায় এ বছরের প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লোরিডার স্টার্কে একটি কারাগারে জেসি গারদাদো (৬৪) নামের আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০০৪ সালে ওয়ালটন কাউন্টিতে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যার পর মাদক কেনার জন্য গহনা ও টাকা চুরির দায়ে তাকে এই সাজা দেওয়া হয়। নির্মম এই হত্যার শিকার ওই বৃদ্ধাই তাকে চাকরি ও থাকার জায়গা দিয়ে সাহায্য করেছিলেন। এই নিয়ে ফ্লোরিডায় চলতি বছর রেকর্ড ১৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। রাজ্যটির বিদায়ী রিপাবলিকান গভর্নর রন ডিস্যান্টিস অন্যান্য যেকোনো গভর্নরের চেয়ে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছেন। পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে চলতি বছর হওয়া মোট ৩৪টি মৃত্যুদণ্ডের অর্ধেকের বেশি কেবল ফ্লোরিডাতেই কার্যকর হয়েছে। দিনের সর্বশেষ মৃত্যুদণ্ডটি কার্যকর হয় আলাবামায়। ১৯৯১ সালে ডাকাতির সময় বয়স্ক এক দম্পতিকে ধাতব রড দিয়ে পিটিয়ে হত্যার দায়ে ৫৪ বছর বয়সী মাইকেল টেইলরকে এই সাজা দেওয়া হয়। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ড বিরোধীরা ঘটনার সময় তার ১৯ বছর বয়স ও অপরিণত মানসিকতার কথা বিবেচনা করে সাজা কমানোর জন্য রিপাবলিকান গভর্নর কে আইভের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু আইভে তা প্রত্যাখ্যান করে উল্টো ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের সব মৃত্যুদণ্ড মওকুফের পরিকল্পনার কঠোর সমালোচনা করেন। তিনি সাফ জানিয়ে দেন, ক্যালিফোর্নিয়া অপরাধীদের বাঁচতে দিলেও আলাবামায় আইন তার নিজস্ব গতিতেই চলবে। এর আগে নাইট্রোজেন গ্যাস পদ্ধতিকে এক বিচারক অসাংবিধানিক ঘোষণা করায় শেষ মুহূর্তে টেইলরকে প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
ফ্লোরিডায় জেট দুর্ঘটনায় নিহত তরুণ কো-পাইলট নাথালিয়া, শেষ বেতারবার্তা বারবার শুনছেন বাবা
নিউজার্সিতে মা খু নের ৫ মাস পর সেই বাড়িতে আবারও পুলিশের তল্লাশি, আতঙ্কে প্রতিবেশীরা
চার্চের অনুদানও নিরাপদ নয়! যুক্তরাষ্ট্রে ২ লাখ ৬০ হাজার ডলার লুটের অভিযোগে গ্রেপ্তার ৮
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে প্রথমবার বাড়ি কিনতে আগ্রহীদের জন্য রয়েছে সর্বোচ্চ ১৫ হাজার ডলারের আর্থিক সহায়তার সুযোগ। সিটি অব বাফেলোর ডাউন পেমেন্ট অ্যান্ড ক্লোজিং কস্ট অ্যাসিস্ট্যান্স কর্মসূচির আওতায় যোগ্য ক্রেতারা বাড়ি কেনার প্রাথমিক খরচ মেটাতে এই সুবিধা পেতে পারেন। বিশেষ করে যেসব পরিবার নিয়মিত বাড়িভাড়া দিচ্ছেন, কিন্তু একসঙ্গে ডাউন পেমেন্ট ও ক্লোজিং কস্টের অর্থ জোগাড় করতে পারছেন না, তাঁদের জন্য এই কর্মসূচি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে। বাফেলো সিটির সহযোগিতায় পরিচালিত এই কর্মসূচির তথ্য প্রকাশ করেছে বেলমন্ট হাউজিং রিসোর্সেস ফর ওয়েস্টার্ন নিউইয়র্ক। সংস্থাটির তথ্য অনুযায়ী, যোগ্য প্রথমবারের ক্রেতারা সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত সহায়তা পেতে পারেন। অর্থটি বাড়ির ডাউন পেমেন্ট ও ক্লোজিং কস্ট মেটাতে ব্যবহার করা যাবে। তবে এটি সরাসরি নগদ অনুদান নয়। কোনো সুদ ছাড়া শর্তসাপেক্ষে এই ঋণ সহায়তা দেওয়া হয়। নির্ধারিত পাঁচ বছর বাড়িটিকে প্রধান বাসস্থান হিসেবে ব্যবহার এবং অন্যান্য শর্ত পূরণ করলে ঋণ মওকুফ হতে পারে। এ বিষয়ে আমেরিকা বাংলার সঙ্গে কথা হয় নিউইয়র্কের বাফেলোভিত্তিক লাইসেন্সপ্রাপ্ত রিয়েল এস্টেট সেলসপারসন মোহাম্মদ নাজমুল হোসেনের। তিনি নাজমুল রিয়েল এস্টেট টিম এবং হান্ট রিয়েল এস্টেট ইআরএর সঙ্গে যুক্ত। নাজমুল হোসেন আমেরিকা বাংলাকে জানান, প্রথমবার বাড়ি কেনার ক্ষেত্রে এই ১৫ হাজার ডলারের সহায়তার সুযোগ বাস্তবেই রয়েছে এবং তাঁর অনেক ক্লায়েন্ট ইতোমধ্যে এই সুবিধা পেয়েছেন বলে তিনি দাবি করেন। নাজমুল হোসেন বলেন, নিউইয়র্কে বসবাসরত যাঁরা বাফেলো শহরে প্রথমবার বাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাঁরা চাইলে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন। কর্মসূচিটির মাধ্যমে কীভাবে সর্বোচ্চ ১৫ হাজার ডলারের সহায়তা পাওয়া সম্ভব, কারা আবেদন করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়ায় কী কী ধাপ রয়েছে, সেসব বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারবেন। যোগ্য ক্রেতাদের সংশ্লিষ্ট হাউজিং কাউন্সেলিং সংস্থার মাধ্যমে আবেদন প্রক্রিয়া বুঝতেও সহযোগিতা করতে পারবেন বলে জানান তিনি। তবে এই সহায়তা পাওয়ার জন্য নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। আবেদনকারীকে প্রথমবারের বাড়ি ক্রেতা হতে হবে এবং পরিবারের বার্ষিক আয় কর্মসূচির নির্ধারিত সীমার মধ্যে থাকতে হবে। পাশাপাশি মর্টগেজ পাওয়ার যোগ্যতা, অনুমোদিত হোমবায়ার এডুকেশন কোর্স সম্পন্ন করা এবং বাফেলো সিটির নির্ধারিত সীমানার মধ্যে যোগ্য বাড়ি কেনার শর্তও রয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যে বসবাস করলেই এই কর্মসূচির আওতায় যেকোনো এলাকায় বাড়ি কেনার জন্য সহায়তা পাওয়া যাবে না। এদিকে বাফেলোর হাউজিং মার্কেটেও ক্রেতাদের জন্য কিছু সুযোগ তৈরি হয়েছে। রিয়েল এস্টেট প্লাটফর্ম রিয়েল্টর ডট কমের অক্টোবর ২০২৬ সালের তথ্য অনুযায়ী, শহরে বিক্রির জন্য তালিকাভুক্ত বাড়ির মধ্যম মূল্য ছিল প্রায় ২ লাখ ২২ হাজার ৫০০ ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২ দশমিক ৩৭ শতাংশ কম। একই সময়ে শহরে মধ্যম মাসিক ভাড়া ছিল প্রায় ১ হাজার ৬০০ ডলার। বাজারে বিক্রির জন্য বাড়ির সরবরাহ বাড়লেও সব এলাকায় দাম কমেনি। ফলে বাড়ি কেনার আগে এলাকার বাজারদর ও সম্পত্তির অবস্থা যাচাই করা গুরুত্বপূর্ণ। অন্যদিকে উচ্চ মর্টগেজ ইন্টারেস্ট রেটের কারণে বাড়ি কেনার মাসিক খরচও বিবেচনা করতে হচ্ছে। ফ্রেডি ম্যাকের ৫ নভেম্বর ২০২৬ সালের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ৩০ বছরের ফিক্সড মর্টগেজের গড় ইন্টারেস্ট রেট ছিল ৭ দশমিক ১৮ শতাংশ। এই হারে দুই লাখ ডলারের বাড়িতে ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিলে শুধু ঋণের মূল ও সুদের মাসিক কিস্তি প্রায় ১ হাজার ৮৪ ডলার হতে পারে। এর বাইরে প্রপার্টি ট্যাক্স, ইনস্যুরেন্স এবং বাড়ির রক্ষণাবেক্ষণের খরচ রয়েছে। অন্যদিকে সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে ডাউন পেমেন্টের প্রাথমিক চাপ কিছুটা কমতে পারে। বাফেলোতে প্রথমবার বাড়ি কিনতে আগ্রহীরা সহায়তা কর্মসূচির যোগ্যতা ও তহবিলের বর্তমান অবস্থা জানতে বেলমন্ট হাউজিং রিসোর্সেস ফর ওয়েস্টার্ন নিউইয়র্কের ৭১৬-৮৮৪-৭৭৯১ নম্বরে যোগাযোগ করতে পারেন। এছাড়া বাড়ি কেনার পরিকল্পনা ও সহায়তার আবেদন প্রক্রিয়া সম্পর্কে দিকনির্দেশনা নিতে রিয়েল এস্টেট সেলসপারসন মোহাম্মদ নাজমুল হোসেনের ৩৪৭-৯৬৮-৪২৩১ নম্বরে যোগাযোগ করা যাবে। তবে কর্মসূচির সহায়তা অনুমোদন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ; কোনো রিয়েলটরের সঙ্গে যোগাযোগ করলেই অর্থ পাওয়া নিশ্চিত নয়। সংবাদসূত্র: বেলমন্ট হাউজিং রিসোর্সেস ফর ওয়েস্টার্ন নিউইয়র্ক, হার্ট অব দ্য সিটি নেইবারহুডস, রিয়েল্টর ডট কম, ফ্রেডি ম্যাক, মোহাম্মদ নাজমুল হোসেনের আমেরিকা বাংলাকে দেওয়া বক্তব্য।
জেফ বেজোসের চুল প্রতিস্থাপনের ছবি ভাইরাল, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে মেডিকেয়ারের ওষুধের খরচ ৫০ শতাংশ বাড়ছে, বিপাকে লাখো মানুষ