সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রের পাঁচ অঙ্গরাজ্যে হ্যালোইনের ক্যান্ডিতে সূচ ও ধাতব বস্তু, বিশেষ সতর্কতা জারি ; তদন্তে পুলিশ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২, ২০২৬ ১১:২২
হ্যালোইন উৎসবে শিশুদের পাওয়া চকলেট ও ক্যান্ডির ভেতরে সূচ
হ্যালোইন উৎসবে শিশুদের পাওয়া চকলেট ও ক্যান্ডির ভেতরে সূচ

যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচটি অঙ্গরাজ্যে হ্যালোইন উৎসবে শিশুদের পাওয়া চকলেট ও ক্যান্ডির ভেতরে সূচ, পিন, স্ক্রু ও অন্যান্য ধাতব বস্তু পাওয়ার অভিযোগ উঠেছে। পেনসিলভ্যানিয়া, ওহাইও, উইসকনসিন, ইলিনয় ও মিসৌরিতে এসব ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুদের নিরাপত্তার কথা বিবেচনা করে অভিভাবকদের ক্যান্ডি ভালোভাবে পরীক্ষা করার পরামর্শ দিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।

 

শনিবার (৩১ অক্টোবর) হ্যালোইন উদ্‌যাপনের সময় শিশুরা বাড়ি বাড়ি গিয়ে ক্যান্ডি সংগ্রহ করে। পরে কয়েকটি এলাকায় ক্যান্ডি পরীক্ষা করতে গিয়ে বিপজ্জনক বস্তু পাওয়ার অভিযোগ করেন অভিভাবকেরা। রোববার (১ নভেম্বর) থেকে বিভিন্ন অঙ্গরাজ্যের পুলিশ এসব অভিযোগের বিষয়ে সতর্কতা জারি করে। তবে ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

পেনসিলভানিয়ার বাকস কাউন্টির ব্রিস্টল বরো এলাকায় এক শিশুর সংগ্রহ করা ক্যান্ডির মধ্যে একটি স্ক্রু ও একটি পিন পাওয়া গেছে। স্থানীয় পুলিশপ্রধান জো মুরস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। শিশুটি কোথা থেকে ওই ক্যান্ডি পেয়েছিল, তা প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে এটিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করছে পুলিশ। এ ঘটনায় কেউ আহত হয়নি।

 

ওহাইও অঙ্গরাজ্যের বাটলার কাউন্টিতেও একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। ম্যাডিসন টাউনশিপের রিকার্ড একরস এলাকায় এক শিশুর পাওয়া রিসেস পিনাট বাটার কাপ চকলেটের মধ্যে সূচ পাওয়া যায় বলে জানিয়েছে শেরিফের কার্যালয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত সেখানে একটি অভিযোগই পাওয়া গেছে। ঘটনার উৎস শনাক্ত করতে তদন্ত চলছে।

 

উইসকনসিনের কলম্বাস শহরে একটি পরিবার তাদের সন্তানের সংগ্রহ করা স্নিকার্স চকলেটের মধ্যে সূচ পাওয়ার অভিযোগ করেছে। পরিবারটি জানায়, বাড়িতে ফিরে ক্যান্ডিগুলো চুম্বক দিয়ে পরীক্ষা করার সময় একটি চকলেটে ধাতব বস্তুর উপস্থিতি টের পায় তারা। পরে চকলেট খুলে সূচ দেখতে পেয়ে পুলিশকে জানায়। কলম্বাস পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে সেখানে অন্য কোনো অনুরূপ অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

ইলিনয়ের ওয়াকিগান শহরে হ্যালোইনের সময় সংগ্রহ করা মোড়কবন্দি ক্যান্ডির মধ্যে ধাতব হেয়ারপিন ও তার পাওয়ার অভিযোগ তদন্ত করছে পুলিশ। এ বিষয়ে সতর্কবার্তা প্রকাশ করে অভিভাবকদের শিশুদের ক্যান্ডি পরীক্ষা করতে বলা হয়েছে। কোথা থেকে এসব ক্যান্ডি সংগ্রহ করা হয়েছিল এবং কীভাবে ধাতব বস্তু ভেতরে গেল, তা এখনো নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা।

 

অন্যদিকে মিসৌরির ক্যামডেন কাউন্টিতে হ্যালোইনের ক্যান্ডির মধ্যে সূচ পাওয়ার অভিযোগের পর বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। কাউন্টির শেরিফ কার্যালয় উদ্বিগ্ন অভিভাবকদের জন্য বিনামূল্যে এক্স-রে পরীক্ষার ব্যবস্থা করেছে। ক্যামডেন কাউন্টি জাস্টিস সেন্টারে ক্যান্ডি পরীক্ষা করার সুযোগ দেওয়া হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি বিচ্ছিন্ন হতে পারে, তবে সতর্কতার স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

 

পুলিশ অভিভাবকদের ক্যান্ডির মোড়কে অস্বাভাবিক ছিদ্র, ছেঁড়া অংশ কিংবা খোলার চিহ্ন রয়েছে কি না, তা পরীক্ষা করতে বলেছে। সন্দেহজনক ক্যান্ডি শিশুদের খেতে না দিয়ে স্থানীয় পুলিশকে জানাতে পরামর্শ দেওয়া হয়েছে। তদন্ত চলমান থাকায় এসব ঘটনায় কারা জড়িত কিংবা ক্যান্ডিগুলো ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হয়েছিল কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

 

সংবাদসূত্র: CBS Philadelphia, NBC Chicago, WMTV 15 News, WHIO-TV


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
যে পাঁচ বিষয় বাঙালি অভিবাসীদের অবশ্যই জানা উচিত
যুক্তরাষ্ট্রে হেলথ ইনস্যুরেন্সের নিবন্ধন শুরু, যে পাঁচ বিষয় বাঙালি অভিবাসীদের অবশ্যই জানা উচিত

যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের হেলথ ইনস্যুরেন্সের জন্য ওপেন এনরোলমেন্ট বা নতুন করে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। গত রোববার (১ নভেম্বর) থেকে ফেডারেল ও অঙ্গরাজ্যভিত্তিক মার্কেটপ্লেসের মাধ্যমে নতুন ইনস্যুরেন্স কেনা, পুরোনো প্ল্যান নবায়ন কিংবা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন বাসিন্দারা। তবে শুধু মাসিক প্রিমিয়াম কম দেখে প্ল্যান বেছে নিলে চিকিৎসার সময় বড় অঙ্কের অতিরিক্ত খরচের মুখে পড়তে হতে পারে। তাই ইনস্যুরেন্স বিশেষজ্ঞরা সিদ্ধান্ত নেওয়ার আগে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করার পরামর্শ দিয়েছেন।   ফক্স বিজনেসের প্রতিবেদনে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বেনিফিটস অ্যান্ড ইনস্যুরেন্স প্রফেশনালসের প্রেসিডেন্ট মাইকেল উইন্টার বলেছেন, প্রথমেই গত এক বছরে চিকিৎসার পেছনে কত টাকা খরচ হয়েছে, তা পর্যালোচনা করা প্রয়োজন। চিকিৎসকের কাছে যাওয়া, নিয়মিত ওষুধ, হাসপাতালে ভর্তি কিংবা বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নেওয়ার হিসাব বিবেচনায় রাখতে হবে। পাশাপাশি আগামী বছরে পরিবারের সদস্যদের কী ধরনের চিকিৎসার প্রয়োজন হতে পারে, সেটিও পরিকল্পনায় রাখা জরুরি।   দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় মাসিক প্রিমিয়াম। আগের বছরের তুলনায় ২০২৭ সালে অনেক হেলথ ইনস্যুরেন্স প্ল্যানের খরচ পরিবর্তিত হচ্ছে। চিকিৎসাসেবার ব্যয়, শ্রমিকের মজুরি ও অন্যান্য পরিচালন ব্যয় বৃদ্ধির প্রভাব প্রিমিয়ামের ওপর পড়তে পারে। ফলে আগের বছরের প্ল্যান স্বয়ংক্রিয়ভাবে নবায়ন না করে নতুন প্রিমিয়াম এবং সম্ভাব্য সরকারি আর্থিক সহায়তা যাচাই করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।   তৃতীয়ত, পছন্দের চিকিৎসক ও হাসপাতাল ইনস্যুরেন্স কোম্পানির নেটওয়ার্কে রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। কোনো চিকিৎসক বা হাসপাতাল আগের বছর ইন-নেটওয়ার্কে থাকলেও নতুন বছরে সেই সুবিধা নাও থাকতে পারে। আউট-অব-নেটওয়ার্ক চিকিৎসা নিলে অতিরিক্ত টাকা দিতে হতে পারে। বিশেষ করে নিয়মিত চিকিৎসা নেওয়া ব্যক্তি এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে নিয়মিত ব্যবহৃত ওষুধগুলো প্ল্যানের আওতায় রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন।   চতুর্থ বিষয় ডিডাক্টিবল ও আউট-অব-পকেট খরচ। ডিডাক্টিবল হলো ইনস্যুরেন্স নির্দিষ্ট চিকিৎসা খরচ বহন শুরু করার আগে গ্রাহককে নিজে যে অর্থ পরিশোধ করতে হয়। যেমন, কোনো প্ল্যানের ডিডাক্টিবল দুই হাজার ডলার হলে সাধারণত নির্দিষ্ট চিকিৎসাসেবার প্রথম দুই হাজার ডলার গ্রাহককেই দিতে হয়। এর পাশাপাশি চিকিৎসকের ফি, কো-পেমেন্ট, কো-ইনস্যুরেন্স এবং বার্ষিক সর্বোচ্চ ব্যক্তিগত খরচের সীমাও তুলনা করা জরুরি। কম প্রিমিয়ামের প্ল্যানে ডিডাক্টিবল বেশি থাকতে পারে।   পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয় হেলথ সেভিংস অ্যাকাউন্ট বা এইচএসএ। যোগ্য ইনস্যুরেন্স প্ল্যানের সঙ্গে এই অ্যাকাউন্ট ব্যবহার করে চিকিৎসার জন্য কর-সুবিধাসহ অর্থ সঞ্চয় করা যায়। নির্ধারিত চিকিৎসা খরচে ব্যবহার করলে সাধারণত এই অর্থ উত্তোলনে ফেডারেল আয়কর দিতে হয় না। অ্যাকাউন্টে অব্যবহৃত অর্থ পরবর্তী বছরেও রাখা যায়। তবে সব ইনস্যুরেন্স প্ল্যান কিংবা গ্রাহক এই সুবিধার যোগ্য নন।   এদিকে ফেডারেল মার্কেটপ্লেস হেলথকেয়ার ডট গভের মাধ্যমে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কভারেজ পেতে ২০২৬ সালের ১৫ ডিসেম্বরের মধ্যে প্ল্যান নির্বাচন করতে হবে। সাধারণ ওপেন এনরোলমেন্ট চলবে ২০২৭ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত। তবে অঙ্গরাজ্যভেদে সময়সীমা আলাদা। নিউইয়র্ক, নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ায় নিবন্ধন চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। নিউইয়র্কে জানুয়ারি থেকে কভারেজ পেতে ১৫ ডিসেম্বর এবং নিউ জার্সি ও ক্যালিফোর্নিয়ায় ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করতে হবে।   বিশেষজ্ঞরা জানিয়েছেন, নতুন প্ল্যান বেছে নেওয়ার আগে পারিবারিক আয়, সরকারি প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট পাওয়ার যোগ্যতা এবং চিকিৎসার সম্ভাব্য মোট খরচ বিবেচনা করা উচিত। মেডিকেইড ও শিশুদের চিপ কর্মসূচিতে যোগ্য ব্যক্তিরা বছরজুড়ে আবেদন করতে পারেন। অন্যদিকে মেডিকেয়ার ও চাকরিদাতার মাধ্যমে পাওয়া ইনস্যুরেন্সের নিবন্ধনের নিয়ম ও সময়সীমা আলাদা হতে পারে।

প্রকাশ: নভেম্বর ২, ২০২৬ ১২:৮
আজারবাইজানে হিজাব নিষিদ্ধ করার প্রতিবাদে  চাকরি ছাড়লেন মুসলিম  শিক্ষিকা, কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

আজারবাইজানে হিজাব নিষিদ্ধ করার প্রতিবাদে চাকরি ছাড়লেন মুসলিম শিক্ষিকা, কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

হ্যালোইন উৎসবে শিশুদের পাওয়া চকলেট ও ক্যান্ডির ভেতরে সূচ

যুক্তরাষ্ট্রের পাঁচ অঙ্গরাজ্যে হ্যালোইনের ক্যান্ডিতে সূচ ও ধাতব বস্তু, বিশেষ সতর্কতা জারি ; তদন্তে পুলিশ

২৮ বছর বয়সী কেটি সুয়ারেজ

নিউইয়র্কে জগিংয়ের সময় তরুণীকে গলায় ছুরিকাঘাত,হামলাকারীকে ধরতে ১০ হাজার ডলারের পুরস্কার ঘোষণা

নিউইয়র্কে অ্যাটর্নি জেনারেল পদে পুনর্নির্বাচনের লড়াইয়ে লেটিশিয়া জেমস
নিউইয়র্কে অ্যাটর্নি জেনারেল পদে পুনর্নির্বাচনের লড়াইয়ে লেটিশিয়া জেমস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে আগামী ৩ নভেম্বরের সাধারণ নির্বাচনে অ্যাটর্নি জেনারেল পদে পুনর্নির্বাচনের লড়াইয়ে অংশ নিচ্ছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া এ. জেমস। ডেমোক্র্যাটিক ও ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ও কনজারভেটিভ পার্টির মনোনীত প্রার্থী সারিথা কোমাটিরেড্ডি। মঙ্গলবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এর আগে ২৪ অক্টোবর শুরু হওয়া আগাম ভোট শেষ হয়েছে ১ নভেম্বর।   নিউইয়র্ক সিটির নির্বাচনবিষয়ক ওয়েবসাইট এনওয়াইসি ভোটসে প্রকাশিত প্রার্থী পরিচিতিতে জেমস জীবনযাত্রার ব্যয় কমানো, অপরাধ নিয়ন্ত্রণ, আবাসন খাতে জবাবদিহি এবং সবার জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, পুনর্নির্বাচিত হলে সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা, ভোক্তা অধিকার এবং আইনগত সুরক্ষাকে অগ্রাধিকার দেবেন।   জননিরাপত্তার বিষয়ে জেমস দাবি করেছেন, ২০১৯ সাল থেকে তাঁর দপ্তরের উদ্যোগে নিউইয়র্কের রাস্তাঘাট থেকে প্রায় ১০ হাজার অবৈধ আগ্নেয়াস্ত্র সরানো হয়েছে। একই সময়ে মাদক পাচার, সংগঠিত অপরাধ ও প্রতারণার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ এবং অপরাধী চক্রের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।   আবাসন সংকট মোকাবিলায় বাড়িওয়ালাদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন জেমস। তাঁর দাবি, বাড়ির দলিল জালিয়াতি, ভাড়াটিয়াদের সঙ্গে বৈষম্য এবং অনিরাপদ আবাসন পরিস্থিতির বিরুদ্ধে তাঁর দপ্তর ব্যবস্থা নিয়েছে। পাশাপাশি মূল্যবৃদ্ধি ও করপোরেট অনিয়মের বিরুদ্ধে মামলা পরিচালনার কথা তুলে ধরেছেন তিনি। জেমসের নির্বাচনী বক্তব্য অনুযায়ী, ভোক্তা অধিকারসংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তাঁর দপ্তর ৯ বিলিয়ন ডলারের বেশি অর্থ উদ্ধার করেছে।   স্বাস্থ্যসেবা ও অভিবাসীদের অধিকার রক্ষাও জেমসের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। মেডিকেইড, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট এবং প্রজনন স্বাস্থ্যসেবার অধিকার রক্ষায় কাজ করার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে আইসিইর অভিবাসন অভিযান পর্যবেক্ষণ, জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা পরিচালনার বিষয়গুলো তুলে ধরেছেন।   অন্যদিকে রিপাবলিকান প্রার্থী সারিথা কোমাটিরেড্ডি অপরাধ নিয়ন্ত্রণ, বারবার অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সরকারি অর্থের প্রতারণা বন্ধে গুরুত্ব দিচ্ছেন। সাবেক এই ফেডারেল প্রসিকিউটর সাইবার অপরাধ, মেডিকেইড জালিয়াতি এবং বয়স্ক ব্যক্তিদের লক্ষ্য করে পরিচালিত প্রতারণা মোকাবিলার অঙ্গীকার করেছেন। গৃহহীনতা ও মানসিক স্বাস্থ্যসংকট মোকাবিলায় চিকিৎসাসেবার সুযোগ বাড়ানোর কথাও বলেছেন তিনি।   জেমস ২০১৯ সাল থেকে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট ও সিটি কাউন্সিলের সদস্য ছিলেন। অন্যদিকে কোমাটিরেড্ডি এক দশকের বেশি সময় ফেডারেল প্রসিকিউটর হিসেবে কাজ করেছেন। মাদক পাচার, অর্থপাচার, সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধের মামলায় তাঁর অভিজ্ঞতা রয়েছে।   নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল পদটি অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ আইনগত দায়িত্বগুলোর একটি। ভোক্তা সুরক্ষা, আর্থিক প্রতারণা, নাগরিক অধিকার এবং অঙ্গরাজ্যের স্বার্থে মামলা পরিচালনায় এই দপ্তরের ভূমিকা রয়েছে। ফলে আগামী ৩ নভেম্বরের নির্বাচনে কে জয়ী হন, তার ওপর নিউইয়র্কের বিভিন্ন আইনগত উদ্যোগের ভবিষ্যৎ অগ্রাধিকার নির্ভর করবে।   সূত্র: এনওয়াইসি ভোটস, নিউইয়র্ক স্টেট বোর্ড অব ইলেকশনস

প্রকাশ: নভেম্বর ২, ২০২৬ ৯:১৫
টিকাদান

যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ প্রাদুর্ভাব, পেনসিলভানিয়ায় আক্রান্ত প্রায় ১৪০০ জন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাম বিচ কাউন্টির কাছে ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়েছে। ছবি: সংগৃহীত

‘আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি, আর সময় নেই’, ফ্লোরিডায় মৃত্যুর আগে পাইলটের শেষ বার্তা

যুক্তরাষ্ট্রের অসুস্থ বা বয়স্ক স্বজনদের দেখাশোনা করতে গিয়ে আর্থিক সংকটে পড়ছেন স্বজনেরা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অসুস্থ স্বজনের যত্নে ঋণ নিচ্ছেন মার্কিনিরা, বছরে খরচ সাড়ে ১১ হাজার ডলার

ইরান যুদ্ধের প্রভাবে গ্যাসের দাম বৃদ্ধিতে মার্কিন সাধারণ মানুষের খরচ বেড়েছে। ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে জ্বালানির পেছনে অতিরিক্ত ১৪ হাজার ৭৭০ কোটি ডলার ব্যয় ড্রাইভারদের

যুক্তরাষ্ট্রে ইরান যুদ্ধের প্রভাবে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের খরচ বাড়লেও দেশটির বড় তেল কোম্পানিগুলো বিপুল মুনাফা করেছে। যুদ্ধ শুরুর পর থেকে শীর্ষ ৫০টি তেল কোম্পানির সম্মিলিত মুনাফা ১৩ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। অন্যদিকে একই সময়ে গাড়ির জ্বালানি কিনতে মার্কিন ভোক্তাদের অতিরিক্ত ব্যয় হয়েছে প্রায় ১৪ হাজার ৭৭০ কোটি ডলার। জ্বালানির উচ্চমূল্য নিয়ে জনঅসন্তোষের মধ্যেই এই তথ্য সামনে এসেছে।   ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের ৩০ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে যুক্তরাষ্ট্রের শীর্ষ তেল কোম্পানিগুলোর বিপুল মুনাফার তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের শিরোনামে প্রায় ১৩ হাজার ৫০০ কোটি ডলার মুনাফার কথা উল্লেখ করা হলেও মূল প্রতিবেদনে সম্মিলিত মুনাফা ১৩ হাজার কোটি ডলারের বেশি বলে জানানো হয়েছে।   বড় তেল কোম্পানিগুলোর মধ্যে এক্সনমোবিল ও শেভরনের আয় বিশেষভাবে উল্লেখযোগ্য। কোম্পানি দুটির প্রকাশিত আর্থিক তথ্য অনুযায়ী, জুলাই থেকে আগস্টের মধ্যে তাদের সম্মিলিত আয় ২ হাজার ৫০০ কোটি ডলারের বেশি ছিল।   তবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে কোম্পানিগুলোর মুনাফা বৃদ্ধি পেলেও সাধারণ গ্রাহকদের ওপর চাপ তৈরি হয়েছে। বিশেষ করে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরশীল পরিবার, পরিবহন ব্যবসা এবং ডিজেলচালিত যানবাহনের মালিকদের জ্বালানি খরচ বেড়েছে।   ব্রাউন ইউনিভার্সিটির ইরান যুদ্ধসংক্রান্ত জ্বালানি ব্যয় পর্যবেক্ষণ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৩০ অক্টোবর সকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের গাড়িচালকদের অতিরিক্ত জ্বালানি ব্যয় দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৭০ কোটি ডলারে। এর মধ্যে গ্যাসের জন্য অতিরিক্ত খরচ হয়েছে ৮ হাজার ১৫০ কোটি ডলার এবং ডিজেলের জন্য ৬ হাজার ৬২০ কোটি ডলার।   বিশ্ববিদ্যালয়টির হিসাবে, যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের একটি পরিবারকে ২০২৫ সালের একই সময়ের তুলনায় গড়ে ১ হাজার ১২৭ ডলার ৬৫ সেন্ট বেশি গ্যাসের খরচ বহন করতে হয়েছে। পরিবারভেদে প্রকৃত ব্যয় আলাদা হলেও এই হিসাব জ্বালানির মূল্যবৃদ্ধির সামগ্রিক প্রভাব তুলে ধরছে।   যুক্তরাষ্ট্রের অটোমোবাইল অ্যাসোসিয়েশন এএএ জানিয়েছে, ৩০ অক্টোবর প্রতি গ্যালন গ্যাসের জাতীয় গড় দাম ছিল ৪ ডলার ২০ সেন্ট। টানা তৃতীয় মাসের মতো গ্যাসের গড় দাম ৪ ডলারের ওপরে অবস্থান করছে।   জ্বালানির মূল্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান গ্যাসবাডির প্রধান পেট্রোলিয়াম বিশ্লেষক প্যাট্রিক ডি হান জানিয়েছেন, ২০২৬ সালে জাতীয় গড় গ্যাসের দাম ৪ ডলারের ওপরে থাকার দিনের সংখ্যা আগের যেকোনো বছরের তুলনায় বেশি হয়েছে।   গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরু হওয়ার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। বিশেষ করে ইরানের দক্ষিণ উপকূলের হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়।   বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের সঙ্গে সম্পর্কিত। যুদ্ধের কারণে ওই পথে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ কমে যায় এবং দাম বেড়ে যায়।   জ্বালানির উচ্চমূল্য নিয়ে সমালোচনার মুখে এক্সনমোবিলের প্রধান আর্থিক কর্মকর্তা নিল হ্যানসেন বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধি পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর বাস্তব চাপ সৃষ্টি করছে। তাঁর মতে, আন্তর্জাতিক বাজারে পণ্যের উচ্চমূল্যের পরিস্থিতিতে সবচেয়ে কার্যকর পদক্ষেপ হলো জ্বালানি সরবরাহ বাড়ানোর জন্য সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া।   তবে তেল কোম্পানিগুলোর মুনাফা বৃদ্ধি এবং সাধারণ মানুষের বাড়তি ব্যয়ের মধ্যে পার্থক্য নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। কোম্পানিগুলোর আর্থিক ফলাফলে উচ্চমূল্যের সুবিধা প্রতিফলিত হলেও ভোক্তাদের প্রতিদিনের খরচে এর বিপরীত প্রভাব পড়ছে।   এদিকে জ্বালানির দাম নিয়ন্ত্রণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়েও ভোটারদের মধ্যে অসন্তোষ দেখা যাচ্ছে। নেভিগেটর নামের একটি জনমত জরিপ প্রতিষ্ঠানের প্রকাশিত সমীক্ষা অনুযায়ী, গ্যাসের দাম মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের কার্যক্রমে অসন্তুষ্ট প্রায় ৭৬ শতাংশ ভোটার।   এক হাজার চারজন মার্কিন ভোটারের ওপর পরিচালিত ওই জরিপে দেখা গেছে, দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণেও ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে ব্যাপক অসন্তোষ রয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ডেমোক্র্যাটদের প্রতি তুলনামূলক ইতিবাচক মনোভাবও উঠে এসেছে।   আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে গ্যাসের উচ্চমূল্য এবং জীবনযাত্রার ব্যয় রিপাবলিকান পার্টির জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে।   বিশেষ করে যেসব পরিবার প্রতিদিন কর্মস্থলে যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে, তাদের বাজেটে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে। পাশাপাশি ডিজেলের দাম বাড়ায় পণ্য পরিবহন ও সরবরাহ খাতেও ব্যয়ের চাপ তৈরি হয়েছে।   তবে তেল কোম্পানিগুলোর মুনাফা বৃদ্ধির পুরো অর্থই যে গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে এসেছে, প্রকাশিত তথ্য দিয়ে এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। আন্তর্জাতিক তেল ও গ্যাস ব্যবসার বিভিন্ন কার্যক্রম থেকে কোম্পানিগুলো আয় করে থাকে। একইভাবে ভোক্তাদের অতিরিক্ত জ্বালানি ব্যয়ের হিসাবকে কোম্পানিগুলোর সরাসরি মুনাফা হিসেবেও বিবেচনা করা যায় না।   এরপরও প্রকাশিত পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে দুটি ভিন্ন বাস্তবতা তুলে ধরেছে। একদিকে উচ্চমূল্যের বাজারে বড় তেল কোম্পানিগুলো বিপুল মুনাফা করছে, অন্যদিকে একই সময়ে সাধারণ মার্কিন পরিবারগুলোকে গ্যাস ও ডিজেলের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।   মধ্যবর্তী নির্বাচনের আগে এই পরিস্থিতি ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতি, জ্বালানি সরবরাহ এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের বিষয়গুলোকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

প্রকাশ: নভেম্বর ২, ২০২৬ ৬:২৮
মধ্যবর্তী নির্বাচনে নিয়ন্ত্রণ হারালে ডেমোক্র্যাটদের আনা বিল আটকে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

কংগ্রেসে রিপাবলিকানরা হারলে ‘মিস্টার ভেটো’ হওয়ার ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে এমপিএইচ ও পিএইচডি আবেদনের চমৎকার সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য চিকিৎসকদের স্কলারশিপ ফান্ডিং নিয়ে রয়েছে ২ টি ট্র্যাক, জানুন বিস্তারিত

ইরানে পারমাণবিক হামলার অনুমোদন দিতে পারেন ট্রাম্প, দাবি টাকার কার্লসনের। ছবি: সংগৃহীত

ইরানে কয়েক দিনের মধ্যে পারমাণবিক হামলা চালাতে পারেন ট্রাম্প, দাবি মার্কিন বিশ্লেষকের

0 Comments